ভক্তের ভালোবাসা

শার্লট জেনিংসকে দেখলে বিশ্বাস করা কঠিন, তার বয়স মাত্র ১২। দুরারোগ্য লিউকেমিয়ার সঙ্গে লড়তে থাকা শার্লটের এই বয়সেই সব চুল পড়ে গেছে। সামনেই বড়দিন। সবাই যখন উৎসবের অপেক্ষায় কত কিছু করছে, তার দিন কাটছে হাসপাতালের বিছানায়। তবে এবারের বড়দিনে দারুণ একটা উপহার পেয়ে গেল শার্লট। প্রিয় ম্যানচেস্টার ইউনাইটেড দলের সবাই যে দেখতে এসেছিল তাকে!
এমনিতে বড়দিনের আগে ফুটবলাররা অসুস্থ শিশুদের সঙ্গ দিতে নিয়মিতই বিভিন্ন হাসপাতালে যাচ্ছেন। রুনিরা যেমন গিয়েছিলেন রয়্যাল ম্যানচেস্টার চিলড্রেনস হাসপাতালে। তবে শার্লটকে উপহার দিতে এসে নিজেরাই পেয়ে গেছেন দুর্দান্ত এক উপহার। ইউনাইটেড-ভক্ত এই শিশু নিজের মাথায় সই নিয়েছে রুনি, মাতা, ফন পার্সি, গিগসসহ আরও অনেকের। এবং সে ঘোষণা দিয়েছে, এগুলো সে চিরদিন মাথায় ধরে রাখবে! রুনিরা এসেছিলেন নয় দিন আগে, এখনো সইগুলো জ্বলজ্বল করছে। শার্লটের পুরো পরিবারই ইউনাইটেড-ভক্ত, বাবা-মার সঙ্গে সেও প্রায়ই যায় ওল্ড ট্রাফোর্ডে। পরেরবার সুস্থ হয়ে যখন যাবে, প্রিয় দল নিশ্চয়ই তাকে জয় উপহার দেবে! মিরর।