ভক্তের মুখোমুখি ফেদেরার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডেভিড গোফিঁ ভাগ্যবান। কমই বলা হলো, এই বেলজিয়ান আসলে মহাভাগ্যবান! ভাগ্যের সহায়তা না পেলে খেলাই হতো না এবারের ফ্রেঞ্চ ওপেনে। বাছাইপর্বেই শেষ হয়ে গিয়েছিল তাঁর রোলাঁ গারোঁ অভিযান। বাড়ি ফেরার জন্য ব্যাগট্যাগ গুছিয়েও ফেলেছিলেন। কিন্তু গায়েল মনফিলসের চোটই সুযোগ করে দিল তাঁকে। ‘লাকি লুজার’ হিসেবে সুযোগ পেয়ে গেলেন মূল পর্বে। এরপর ইতিহাস। সেই গোফিঁ উঠে গেছেন চতুর্থ রাউন্ডে। শৈশবের নায়ক রজার ফেদেরারের সঙ্গেই আজ তাঁর খেলা।২০০৩ সালে ফেদেরার যখন তাঁর প্রথম উইম্বলডন জিতলেন, গোফিঁ তখন ১২ বছরের বালক। ফেদেরারে এমনই বুঁদ হলেন, নিজের ঘরের দেয়ালটাকে ভরে ফেললেন ফেদেরারের পোস্টারে। নয় বছর পর আজ প্যারিসে কোয়ার্টার ফাইনালে উঠতে হলে সেই নায়ককেই হারাতে হবে।শেষ ষোলোতে উঠে পুরোনো অনেক স্মৃতি ফিরিয়ে এনেছেন ২১ বছর বয়সী গোফিঁ। কোনো ‘লাকি লুজার’ সর্বশেষ কোনো গ্র্যান্ড স্লামের চতুর্থ রাউন্ডে ওঠেন ১৯৯৫ সালে। গোফিঁরই স্বদেশি ডিক নরমান, উইম্বলডনে। ১৯৭৮ সালের পর ফ্রেঞ্চ ওপেন এটা দেখল এই প্রথম।এই প্রথম গ্র্যান্ড স্লাম খেলা গোফিঁর বিশ্বাসই হচ্ছে না। পরশু পোল্যান্ডের লুকাস কুবোটকে ৭-৬ (৭/৪), ৭-৫, ৬-১ গেমে হারানোর পর বিশ্বের ১০৯ নম্বর খেলোয়াড় বললেন, ‘কী হয়েছে সেটা এখনো বুঝে উঠতে পারিনি। সম্ভবত পরের সপ্তাহে বোঝা যাবে। আমি এখন রজারের বিপক্ষে খেলব। আমি বিশ্বাস করতে পারছি না। কত বছর ধরে তাকে টেলিভিশনে দেখে আসছি!’তবে ফেদেরারের জন্য এমন অভিজ্ঞতা নতুন নয়। পরশু ফ্রান্সের নিকোলাস মাহুতকে ৬-৩, ৪-৬, ৬-২, ৭-৫ গেমে হারানোর পর গোফিঁর কথা জানানো হলে তাই বেশি অবাক হননি ফেদেরার, ‘এটা এবারই প্রথম হলো না। এটা অদ্ভুত এক ব্যাপার। আপনি শুধু এটা কল্পনাই করতে পারেন। যদিও শুনে ভালোই লাগছে।’পরশুই নিকোলাস ডেভিলডারকে ৬-১, ৬-২, ৬-২ গেমে হারিয়ে শেষ ষোলোর টিকিট পেয়েছেন শীর্ষ বাছাই নোভাক জোকোভিচ। কাল নিজের ২৬তম জন্মদিনে চতুর্থ রাউন্ডে পা রেখেছেন রাফায়েল নাদাল। আর্জেন্টিনার এডুয়ার্ডো শয়াঙ্ককে ৬-১, ৬-৩, ৬-৪ গেমে হারানোর পর জন্মদিনের উৎসবটা তাঁর ভালোই কাটার কথা।মহিলা এককে শেষ ষোলোতে উঠেছেন বর্তমান চ্যাম্পিয়ন চিনের লি না এবং মারিয়া শারাপোভা। যুক্তরাষ্ট্রের ক্রিস্টিয়ানা ম্যাকেইলকে ৩-৬, ৬-২, ৬-১ গেমে হারিয়েছেন লি না, তাঁরই স্বদেশি পেং শুয়াইকে ৬-২, ৬-১ গেমে হারিয়েছেন শারাপোভা।এককের পর মিশ্র দ্বৈত থেকেও বিদায় নিয়েছেন সেরেনা উইলিয়ামস। স্বদেশি বব ব্রায়ানের সঙ্গে জুটি বাঁধা সেরেনা হেরেছেন প্রথম রাউন্ডেই। এএফপি।