ভদ্রলোকের খেলায় কালো হাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলচ্চিত্র থেকে রাজনীতি, খেলাধুলা থেকে সংস্কৃতি; বলা হয় এই উপমহাদেশের প্রতিটি ব্যাপারই এখন নিয়ন্ত্রিত হয় অন্ধকার কোনো এক জগৎ থেকে। অতিকথন কি না বলা কঠিন। তবে আরও একবার উপমহাদেশের ক্রিকেটে সেই অন্ধকার জগতের ছায়াটা ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে।সালমান, আমির, আসিফরা ফেঁসে গেছেন ক্রিকেটের নবতম কেলেঙ্কারিতে। ব্রিটিশ ট্যাবলয়েড নিউজ অব দ্য ওয়ার্ল্ড এই ফাঁসানোর কাজটা করেছে মাজহার মাজিদ নামের এশীয় বংশোদ্ভূত এক বাজিকরকে টোপ দিয়ে ধরে। এই বাজিকর তাঁর কথোপকথনে বলেছেন, তিনি একটা ‘ইন্ডিয়ান পার্টি’র হয়ে কাজ করেন।এখন ক্রিকেট প্রশাসন ও আইনপ্রয়োগকারী সংস্থাগুলোর সামনে কোটি টাকার প্রশ্ন হয়ে উঠেছে, ভারতের এই পক্ষটা কারা? জবাব কেউ দিচ্ছে না। তাই বলে বসে নেই সংবাদমাধ্যমগুলো। তারা আঙুল ঘুরিয়ে দিয়েছে একসময়ের ভারতীয় নাগরিক, বর্তমানে দুবাইভিত্তিক বিশ্বের অন্যতম ক্ষমতাধর মাফিয়া ডন দাউদ ইব্রাহিমের দিকে।যেমন পাকিস্তানের এক বাজিকর নোমি খান ব্রিটিশ পত্রিকা দ্য মিররকে বলছেন, ম্যাচ পাতানোর কাজটা এই দুনিয়ায় যারা করে, তারা সবাই আসলে দাউদের কাছেই শেষ পর্যন্ত জবাবদিহি করে। একই সঙ্গে খানের দাবি, নিয়মিত বাজিকরদের ২০ শতাংশ লোক ম্যাচের ফলাফল আগে থেকেই জানে!ক্রিকেটে দাউদের নাম এই প্রথম উঠছে, তা নয়। বলা হয় সেই ২০০০ সাল থেকে ক্রিকেট যতগুলো ঝড়ে কেঁপে উঠেছে তার সবগুলোর পেছনে দাউদ-নিয়ন্ত্রিত এই জগতের হাত ছিল।সেই নব্বইয়ের দশকে একটার পর একটা ম্যাচ গড়াপেটা কেলেঙ্কারিতে ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা কাঁপছিল, তখনই ভারতীয় গোয়েন্দা সংস্থা সিবিআই তাদের এক বিস্ফোরক রিপোর্ট প্রকাশ করে। সিবিআইয়ের এই রিপোর্টে ফেঁসে যান হানসি ক্রনিয়ে থেকে শুরু করে মোহাম্মদ আজহারউদ্দিন, সেলিম মালিকরা।সিবিআইয়ের সেই রিপোর্টেই বলা হয়েছিল, যত চেষ্টাই করা হোক না কেন, ক্রিকেটের নিয়ন্ত্রণ অন্ধকার জগতের হাতেই চলে যাবে, ‘তদন্তের সময় আমরা বুঝতে পেরেছি, সহজ অর্থের হাতছানি ধীরে ধীরে এই জগতে আন্ডারওয়ার্ল্ডকে টেনে আনছে। মনে হচ্ছে, পুরো ব্যাপারটার নিয়ন্ত্রণ খুব দ্রুত বৃহৎ ও সংগঠিত এই গ্যাংটির হাতে চলে যাবে।’সিবিআইয়ের ভবিষ্যদ্বাণী কি সত্যি হয়ে গেছে? কে জানে। তবে এর মধ্যে ক্রিকেটের ‘ভদ্রজনোচিত’ জগৎ ছাপিয়ে মাঝেমধ্যেই কালো হাত বেরিয়ে এসেছে। ২০০২ সালে ক্রনিয়ে যখন আরও কিছু তথ্য ফাঁস করে দেবেন বললেন, তখনই এক অস্বাভাবিক বিমান দুর্ঘটনায় তাঁর মৃত্যু হলো। এই মৃত্যুর পেছনে অনেকে ওই কালো হাতের যোগসাজশ দেখে।ছায়াটা আরও বেশি করে দেখা গেল ২০০৭ সালে জ্যামাইকায়। আয়ারল্যান্ডের বিপক্ষে অপ্রত্যাশিত হারের পরপরই হোটেল রুমে অস্বাভাবিক মৃত্যু হয় পাকিস্তানের দক্ষিণ আফ্রিকান কোচ বব উলমারের।ক্রনিয়ের আমলে দক্ষিণ আফ্রিকার কোচ ছিলেন উলমার এবং কিছুদিন পরই তাঁর একটি আত্মজীবনী প্রকাশ করার কথা ছিল। ফলে এই মৃত্যু নিয়ে সন্দেহ ঘনীভূত হলো। সন্দেহের আগুনে ঘি ঢেলে দিয়ে জ্যাকাইকান পুলিশের তৎকালীন উপকমিশনার ও সাবেক স্কটল্যান্ড ইয়ার্ডের গোয়েন্দা মার্ক শিল্ড জানালেন, উলমার খুন হয়েছেন এবং খুনের পেছনে ‘আন্ডারওয়ার্ল্ড’-এর হাত আছে।যদিও শেষ পর্যন্ত কিছুই প্রমাণিত হয়নি। হঠাৎ করেই জ্যামাইকান পুলিশ বলল, উলমারের স্বাভাবিক মৃত্যু হয়েছে! শেষ পর্যন্ত তদন্তের পরিণতি যা-ই হোক, পিসিবির সাবেক প্রেসিডেন্ট তৌকির জিয়া মনে করেন, ক্রিকেটে সত্যিই এই জগতের শক্ত নিয়ন্ত্রণ আছে।তৌকিরের আমলেই নিষিদ্ধ হয়েছিলেন সেলিম মালিকরা। সাবেক এই সেনা কর্মকর্তা বলছিলেন, ‘এটা একটা অভেদ্য চক্রের মতো। একবার কোনো খেলোয়াড় এই চক্রে ঢুকে পড়লে, তার আর বেরোনোর কোনো রাস্তা থাকে না।’উলমার-কাণ্ডের পরই পাকিস্তানের কোচ হিসেবে কাজ করা জিওফ লসন নাকি এই চক্রের দাপট নিজে দেখেছেন। তিনি বলছেন, খেলোয়াড়েরা সব সময় ইচ্ছে করে এই জগতে জড়ায় না। অনেক সময় খেলোয়াড়েরা ‘হুমকি পেয়ে, ভয় পেয়ে বা পরিবারের কথা ভেবে’ এসবে জড়িয়ে পড়ে, ‘যদি কোনো বাজিকর খেলোয়াড়কে বলে, তাদের ইচ্ছেমতো পারফর্ম না করলে তার পরিবারের কাউকে অপহরণ করা হবে বা মেরে ফেলা হবে; এমন খবর পেলে আমি মোটেও অবাক হব না।’ক্রিকেটে তাহলে আর কিছুতেই অবাক হওয়ার কিছু থাকছে না! এএফপি।