ভন পার্সি হবেন ম্যানইউর নায়ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবারের মৌসুমের শুরুতে আর্সেনাল ছেড়ে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিয়েছেন রবিন ভন পার্সি। রেড ডেভিলদের জার্সি গায়ে ইতিমধ্যেই ১১টি ম্যাচে মাঠে নেমে আটটি গোল করেছেন এই ডাচ স্ট্রাইকার। তবে তাঁর ওপর প্রত্যাশাটা আরও বেশি এডউইন ভন ডার সারের। ভন পার্সি ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে আরও অনেক সাফল্যের দেখা পাবেন এবং হয়ে উঠবেন ইংল্যান্ডের শীর্ষ এই ক্লাবটির নায়ক—এমনটাই আশা করছেন হল্যান্ড ও ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক এই গোলরক্ষক।২০০৫ সালে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেওয়ার পর দীর্ঘ সাত বছর বিশ্বস্ত হাতে ইংল্যান্ডের শীর্ষস্থানীয় এই ক্লাবটির গোলবার আগলেছিলেন এডউইন ভন ডার সার। আর এখন তাঁর স্বদেশি রবিন ভন পার্সিও ম্যানইউয়ে যোগ দেওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন তিনি। বলেছেন, ‘ভন পার্সি ম্যানইউয়ে যোগ দেওয়ায় আমি খুবই খুশি হয়েছি। তাঁর মতো কোনো ফুটবলারকে এই ক্লাবে দেখতে ভালো লাগে। আমি এটা নিয়ে তার সঙ্গে কথা বলেছি। আর আমি জানি যে এটাই তার জন্য সঠিক জায়গা। ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য তার অনেক কিছু করার আছে।’আর্সেনাল ছেড়ে ম্যানচেস্টার ইউনাইটেডে আসার পর যেভাবে ভন পার্সি নিজেকে নতুন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়েছেন, তাতে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ভন ডার সার। তিনি বলেছেন, ‘প্রথমদিকে কাজটা নিশ্চয়ই তার জন্য কঠিন ছিল। কিন্তু সে খুব ভালোমতোই এখানে জায়গা করে নিয়েছে।’—ইএসপিএন