ভন ভালো অধিনায়ক ছিলেন না!
ভুয়া টুইটার-কাণ্ডে কেভিন পিটারসেনের তির যখন জেমস অ্যান্ডারসনের দিকে, এই ইল্যান্ড পেসার তখন স্মৃতির কাঠগড়ায় দাঁড় করালেন আরেক সাবেক অধিনায়ককে। আধুনিক ক্রিকেটের অন্যতম সেরা ইংলিশ অধিনায়ক মনে করা হয় মাইকেল ভনকে। কিন্তু প্রকাশিতব্য আত্মজীবনীতে সেই ভনকেই ধুয়ে দিয়েছেন অ্যান্ডারসন। ক্যারিয়ার শুরুর অস্থির দিনগুলোতে নাকি এতটুকুও পাশে পাননি সেই সময়ের অধিনায়ককে! প্রকাশিতব্য আত্মজীবনীর কিছু অংশ কাল প্রকাশিত হয়েছে ডেইলি মেইল-এ। যথারীতি ঝড় তুলতে পারার মতো অংশটুকুই প্রকাশিত হয়েছে। ভন প্রসঙ্গে অ্যান্ডারসন টেনে এনেছেন আরেক সাবেক অধিনায়ক নাসের হুসেইনকেও, ‘নাসেরের সঙ্গে মাঠের ভেতরে-বাইরে আমার সম্পর্ক ভালো ছিল। আমার ইংল্যান্ড-ক্যারিয়ারের শুরুর দিকের অধিনায়ক ভনের সঙ্গেও ভালো ছিল, তবে ওর অবসরের পর! এখন সম্পর্কটা উষ্ণ হলেও ভনের নেতৃত্ব আমি উপভোগ করিনি। একজন তরুণ বোলারের প্রয়োজন কাঁধের ওপর অধিনায়কের হাত, আক্ষরিকভাবে না হলেও অন্তত মানসিকভাবে। দুর্ভাগ্যজনকভাবে ভনের কাছ থেকে আমি এমন কিছু পাইনি। যখন সবচেয়ে বেশি সমর্থন প্রয়োজন ছিল, সেই সময়টাতেই সবচেয়ে একাকী ও আলাদা মনে হয়েছে।’১৮ বছর পর ২০০৫ সালে ইংল্যান্ড অ্যাশেজ জেতে ভনের নেতৃত্বে। ‘ম্যান-ম্যানেজমেন্টে’ দারুণ দক্ষ মনে করা হতো ভনকে। কিন্তু অ্যান্ডারসন প্রশ্ন তুলেছেন সেটা নিয়েই, ‘একজন ভালো অধিনায়কের দলের সবার সঙ্গে ব্যক্তিগতভাবে ভালো করে কথা বলতে জানা উচিত। আমার মনে হয় না ভনের মাঝে এটা ছিল—মূলত এ কারণেই অধিনায়ক হিসেবে ভনকে উঁচু জায়গায় রাখিনি আমি। সবাই যেভাবে বলে, ভন মোটেও অতটা ভালো অধিনায়ক নন। ওর শুধু দারুণ একটা দলের অধিনায়ক হওয়ার সৌভাগ্য হয়েছিল।’ এএফপি।