ভন সাহায্য করতে চান, কিন্তু...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাইকেল ভন
মাইকেল ভন

কেউ ডুবেছেন হতাশায়, কেউ ফুঁসছেন ক্ষোভে। সমালোচনার বিষমাখা তির ছুড়ছেন কেউ কেউ। বিশ্বকাপ থেকে ইংল্যান্ডের বিদায় নিশ্চিত হওয়ার পর সাবেক ইংলিশ ক্রিকেটারদের প্রতিক্রিয়া এমনই। তবে হতাশা, ক্ষোভ আর সমালোচনার পরেও তাঁরা জানেন, দিন শেষে দলটা তাঁদেরই। দুঃসময় থেকে বেরিয়ে আসতে তাই ইংল্যান্ডকে সাহায্যও করতে চান অনেকে। তাঁদেরই একজন সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভন। কিন্তু তিনি চাইলে কী হবে! ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) নাকি মোটেও আগ্রহ দেখাচ্ছে না সাবেক ক্রিকেটারদের সাহায্য নিতে।
অ্যাডিলেডে বাংলাদেশের কাছে হারে এক ম্যাচ আগেই বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়েছে ইংল্যান্ডের। এর পর থেকেই ব্রিটিশ সংবাদমাধ্যম ও সাবেক খেলোয়াড়দের তোপের মুখে পড়েছে এউইন মরগানের দল। তবে শুধু সমালোচনা করেই নিজেদের দায়িত্ব সারতে চান না ২০০৫ সালে অ্যাশেজজয়ী অধিনায়ক মাইকেল ভন, ‘আমি চাই ইংল্যান্ড সেরা দল হোক। আমি চাই টেস্ট ও ওয়ানডে দুই ধরনের ক্রিকেটেই ওরা দারুণ ক্রিকেট খেলুক। সে জন্য যদি কোনোভাবে সাহায্য করতে পারি, তাহলে ভালো লাগবে। আমার দরজা সব সময় খোলা। শুধু আমি নই, আরও অনেক সাবেক ক্রিকেটারই সাহায্য করতে তৈরি।’
কিন্তু চাইলেই তো হবে না। ইসিবি নাকি এ ব্যাপারে কখনো তাঁর সঙ্গে যোগাযোগই করেনি—আক্ষেপের সুরে এ কথাটাও জানিয়ে দিলেন ভন, ‘কখনো ইসিবির পক্ষ থেকে কেউ আসেনি আমার কাছে। কেউ কোনো দিন একটা ফোন দিয়ে জিজ্ঞেস করেনি আমার কোনো ভাবনা আছে কি না।’
গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়ে যাওয়ায় আগামীকাল আফগানিস্তান ম্যাচটা হয়ে গেছে শুধুই নিয়মরক্ষার। তবে ইংল্যান্ডের জন্য দুঃসংবাদ হচ্ছে, ওই ম্যাচেও তারা পাবে না অলরাউন্ডার ক্রিস ওকস ও ওপেনিং ব্যাটসম্যান মঈন আলীকে। অ্যাডিলেডে বাংলাদেশের বিপক্ষে ম্যাচে চোট পেয়েছিলেন দুজনেই। সিডনি মর্নিং হেরাল্ড।