ভনের বাজি ওয়েস্ট ইন্ডিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতবে কে? মাইকেল ভনের উত্তর—ওয়েস্ট ইন্ডিজ। দল হিসেবে তারা কেমন, সেটি নিজেদের প্রথম ম্যাচেই ইংল্যান্ডের বিপক্ষে দেখিয়েছেন গেইল-স্যামিরা। ক্যারিবীয় দলটিকে ফেবারিট বলার পক্ষে ইংল্যান্ডের সাবেক অধিনায়কের যুক্তি, ‘যদি দলটির দিকে খেয়াল করেন, দেখবেন তাদের ৮ জনই খেলে আইপিএলে। তাদের আছে প্রচণ্ড শক্তি এবং তারা কিছুটা রহস্যময়ও।’
টি-টোয়েন্টিতে কার্যকর খেলোয়াড়দের নিয়ে গড়া এই ওয়েস্ট ইন্ডিজই টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ২০১২ সালে। ২০১৪ বিশ্বকাপের সেমিফাইনালে খেলেছে। ভনের বিশ্বাস, ২০১২ সালের সাফল্যের পুনরাবৃত্তি করতে পারবেন স্যামিরা, ‘স্যামুয়েল বদ্রি ও সুলেমান বেনের মতো ভালো লেগ স্পিনার আছে তাদের। আছে ডোয়াইন ব্রাভো, আন্দ্রে রাসেল, ডারেন স্যামি, জেসন হোল্ডারের মতো পেসার। আর ব্যাটিংয়ের টপ অর্ডারে আছে গেইল ও মারলন স্যামুয়েলসের মতো দুর্ধর্ষ ব্যাটসম্যান। যেদিন তারা জ্বলে ওঠে, ম্যাচ শেষের আগেই জিতে যায় তারা!’ আইবিএন।