ভনের মুখে দর্শকমনের কথা
অনেকের মনের কথাটিই বুঝি বললেন মাইকেল ভন। টিকিট কাটার পর যদি জানা যায় দলের সেরা তারকাদের পাঁচজনই বিশ্রামে, কোনো দর্শক নিজেকে প্রতারিত মনে করতেই পারেন। তাই সাবেক ইংল্যান্ড অধিনায়কের অনুরোধ, ইংল্যান্ড-অস্ট্রেলিয়া আসন্ন ওয়ানডে সিরিজের অগ্রিম টিকিট কাটা দর্শকদের অন্তত কিছু টাকা ফেরত দেওয়া হোক।অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ইংল্যান্ডের দল ঘোষণা করা হয়েছে গত পরশু। অধিনায়ক অ্যালিস্টার কুকসহ দলে নেই তাঁর ওপেনিং জুটির সঙ্গী ইয়ান বেল, দলের সেরা দুই পেসার জেমস অ্যান্ডারসন ও স্টুয়ার্ট ব্রড এবং সেরা স্পিনার গ্রায়েম সোয়ান। এউইন মরগানের নেতৃত্বে দলটায় নতুন মুখের ছড়াছড়ি। অথচ ১৬ সেপ্টেম্বর ওয়ানডে সিরিজ শেষ হওয়ার পর পরবর্তী অ্যাশজের আগে মাস দুয়েক সময় আছে। ভনের মতে, বিশ্রামের জন্য এই সময়টা যথেষ্টই, ‘আমি হলে শুধু অধিনায়ক কুককে বিশ্রাম দিতাম। ১৬ সেপ্টেম্বর থেকে ২১ নভেম্বর পর্যন্ত বিশ্রামের অনেক সময়ই তো আছে! টিকিট বিক্রি করার পর পাঁচজন তারকাকে বিশ্রাম দেওয়া ঠিক নয়। এমনিতে বিশ্রাম দেওয়ায় কোনো সমস্যা নেই। কিন্তু যারা বেশ ভালো অঙ্কের অর্থ খরচ করেছে সেরাটা দেখার জন্য, তাদের কিছু অর্থ অন্তত ফেরত দেওয়া উচিত।’৬ সেপ্টেম্বর শুরু হবে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ। আজ শুরু দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এএফপি।