ভনের সেরা একাদশে নেই টেন্ডুলকার!

শচীন টেন্ডুলকারের বিদায়লগ্নে সারা ক্রিকেট-বিশ্ব যখন শ্রদ্ধাবনত, সেই সময় মাইকেল ভন যেন দিয়ে বসলেন অন্য রকম বার্তা। টেস্ট ইতিহাসে পরিসংখ্যান বিবেচনায় সর্বকালের সেরা ব্যাটসম্যানটিকেই নিজের একাদশে রাখলেন না এই সাবেক ইংলিশ অধিনায়ক। ভন তাঁর চোখে টেস্টের একাদশটি কাল টুইট করেছেন। সেখানেই জায়গা হয়নি ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে ২০০ টেস্ট খেলতে চলা টেন্ডুলকারের।
শুধু টেন্ডুলকার নন, কোনো ভারতীয় ক্রিকেটারেরই জায়গা হয়নি এই একাদশে। যদিও মাত্রই কদিন আগে প্রকাশিত উইজডেনের সর্বকালের সেরা একাদশে ঠিকই জায়গা পেয়েছেন টেন্ডুলকার। একাদশে মুত্তিয়া মুরালিধরনের চেয়ে স্পিনার হিসেবে শেন ওয়ার্নকেও এগিয়ে রেখেছেন ভন। ৪ নম্বরে টেন্ডুলকারের চেয়ে জ্যাক ক্যালিসকেই বেশি পছন্দ হয়েছে তাঁর। ভনের একাদশে জায়গা পেয়েছেন লেট হাটন, জ্যাক হবস, ডন ব্র্যাডম্যান, জ্যাক ক্যালিস, ভিভ রিচার্ডস, গ্যারি সোবার্স, ইয়ান বোথাম, অ্যাডাম গিলক্রিস্ট, ওয়াসিম আকরাম, শেন ওয়ার্ন ও গ্লেন ম্যাকগ্রা। এই একাদশে দ্বাদশ খেলোয়াড় হিসেবে আছেন মুত্তিয়া মুরালিধরন।