ভবিষ্যতে চোখ কুকের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিউজিক্যাল চেয়ার খেলায় আপাতত বিরতি পড়ল। ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে এ বছর আর পরিবর্তন আসছে না। গত শুক্রবার শারজায় পাকিস্তানের কাছে অস্ট্রেলিয়ার হার তৈরি করে রেখেছিল মঞ্চটা। গত পরশু লর্ডসে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ইংল্যান্ড নিশ্চিত করেছে, ২০১২ সালের শেষ পর্যন্ত এক নম্বর তকমাটা তাদেরই থাকছে।পরিত্যক্ত প্রথম ম্যাচের পর সাউদাম্পটনে বড় পরাজয়। টেস্ট-শ্রেষ্ঠত্ব খোয়ানোর পর ওয়ানডের মুকুটটাও দক্ষিণ আফ্রিকার মাথায় পরিয়ে দিতে হয়েছিল। এরপর লন্ডনের দুই ভেন্যু ওভাল ও লর্ডসে প্রবল বিক্রমে ফিরে এল ইংলিশরা। এই দুই ম্যাচে ৪ ও ৬ উইকেটে জিতে অ্যালিস্টার কুকের দল র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান পুনরুদ্ধার তো করেছেই, সঙ্গে নিশ্চিত করেছে পাঁচ ম্যাচের সিরিজটা না-হারাও। একসময় ওয়ানডে ক্রিকেটে বিবর্ণ ইংল্যান্ড গত বছর দেড়েক অন্য চেহারায়। এই সময়কালে হেরেছে মাত্র একটি সিরিজ। এরই পুরস্কার র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান। তবে অধিনায়ক কুক মনে করছেন, নিজেদের সেরা খেলাটা এখনো লুকিয়ে আছে ভবিষ্যতের গর্ভে। সেই সোনালি ভবিষ্যতের ইঙ্গিত দিচ্ছে উর্বরা বর্তমান। সপ্তাহ খানেক আগে অ্যান্ড্রু স্ট্রাউসের হঠাৎ বিদায়ে টেস্টেও অধিনায়কত্ব পাওয়া কুক পরশু বললেন সেটাই, ‘ব্যাপারটা (এক নম্বর হওয়া) অবশ্যই খারাপ না। তবে আমি মনে করি, এই দলটার সম্ভাবনা ভবিষ্যতে, অতীতে নয়।’ আত্মতৃপ্তিতে একদমই আক্রান্ত নন বলেই বলছেন, ‘প্রায় সবক্ষেত্রেই আমরা উন্নতি করতে চাই। মাত্র বছর খানেক হলো আমরা একসঙ্গে খেলছি।’ ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে এক নম্বর হওয়ার আনন্দটাও একটু কমই মনে হচ্ছে তাঁর কাছে, ‘গত কিছুদিন আমরা সত্যিই কিছু ভালো ফল করেছি। তবে আমরাই এক নম্বর—এমন কোনো অনুভূতি হচ্ছে না, যে অনুভূতিটা হতো টেস্টে এক নম্বর হওয়ার সময়। ’পরশু লর্ডসে ইংল্যান্ডের জয়ের নায়ক শেষ পর্যন্ত ইয়ান বেল। তাঁর ৮৮ রানের ইনিংসেই ২০ বল ও ৬ উইকেট হাতে রেখেই ২২১ রানের লক্ষ্যে পৌঁছে যায় ইংল্যান্ড। যদিও এর আগে দক্ষিণ আফ্রিকাকে ৫০ ওভারে ৮ উইকেটে ২২০ রানের বেশি করতে না দিয়ে বোলাররা প্রশস্ত করে রেখেছিলেন জয়ের পথ। এএফপি।