ভবিষ্যতের কথা ভবিষ্যতেই ভাববেন লো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আরও একবার সেমিফাইনালেই শেষ হলো জার্মানির বিশ্বকাপ স্বপ্ন। গতবারের মতো এবারও তৃতীয় হওয়ার সান্ত্বনা নিয়েই বিশ্বকাপ শেষে দেশে ফিরতে হচ্ছে জোয়াকিম লোর দল জার্মান দলকে। কোচ হিসেবে দলকে ফাইনাল কিংবা শিরোপা এনে দিতে না পারার দুঃখ ভালোই পেয়ে বসেছে ‘লো’কে। ২০০৬ সালে ইয়ুর্গেন ক্লিন্সম্যানের কাছ থেকে দায়িত্ব নেওয়া জোয়াকিম লো এই চার বছর অমানসিক পরিশ্রম করেছেন দলকে নিয়ে, নতুন করে শুরু করে দলকে নিয়ে গিয়েছিলেন চমত্কার একপর্যায়ে। তাঁর অধীনে ৫৫টি আন্তর্জাতিক ম্যাচের ৩৮টিতেই জয় পেয়েছে জার্মানি। ২০০৮ সালে দলকে নিয়ে গিয়েছিলেন ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনালে। কিন্তু স্পেনের কাছে হেরে সেই স্বপ্নে অপমৃত্যু হওয়ার পর বিশ্বকাপে দলকে সফল করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিলেন তিনি। এবারও সেই স্পেনের সঙ্গে সেমিতে হেরে অপমৃত্যু হয়েছে বিশ্বকাপ সম্ভাবনার। অথচ জোয়াকিম লোর এই দলকে জার্মান ইতিহাসের অন্যতম সেরা দলের মর্যাদা দিয়েছিলেন গ্রেট ফ্রাঞ্জ বেকেনবাওয়ার। অথচ সেই ইতিহাস সেরা দলটিই কি না হাত দিয়ে ছুঁয়ে দেখতে পারল না বিশ্বকাপের সোনার কাপটি!স্বপ্নের এত কাছ থেকে ফিরে আসাটা সব সময়ই কষ্টের, হতাশার। সেই হতাশা বেশ ভালোমতোই পেয়ে বসেছে জোয়াকিম ‘লো’কে। একরাশ হতাশার মধ্যে নিজের ভবিষ্যত্ নিয়েও ভাবতে হচ্ছে তাঁকে। তিনি জানেন না, আদৌ তিনি জার্মানির কোচ থাকতে পারবেন কি না। অথচ ইউরোর ফাইনাল আর বিশ্বকাপের সেমিফাইনালে স্পেনের বিপক্ষে ওই দুটি হার বাদ দিলে জোয়াকিম ‘লো’কে জার্মান ফুটবলের অন্যতম সফল কোচ হিসেবেই অভিহিত করে ফেলা যায়। খেলোয়াড়ি জীবনে জার্মান জাতীয় দলে খেলা যার জন্য ছিল দূর দিগন্তের স্বপ্ন, সেই জোয়াকিম লো জার্মানিকে অনেক কিছুই এনে দিয়েছেন, যা এনে দিতে পারেনি অনেক বাঘা বাঘা জার্মান তারকাও।বিশ্বকাপ শেষ। বাড়ি ফিরে যাবেন সব জার্মান খেলোয়াড়ই। জোয়াকিম লো অবশ্য জানিয়েছেন, তিনি দলের ম্যানেজার অলিভার বিয়েরহফের সঙ্গে কথা বলে নিজের ভবিষ্যত্ ঠিক করবেন। তিনি বলেছেন, ‘বিশ্বকাপের ধকল সামলে উঠতেও তিন-চার দিন সময় লাগবে। এর পরেই আমি অলিভারের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেব। এখনই এসব নিয়ে ভাবতে চাচ্ছি না।’জার্মান ফুটবল ফেডারেশনের সঙ্গে জোয়াকিম লোর চুক্তির মেয়াদ শেষ হয়ে গিয়েছিল গত ৩০ জুনেই। এরপরে কেটে গেছে আরও ১০ দিন। এর মধ্যে জার্মানি খেলেছে বিশ্বকাপের দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ। কিন্তু জার্মান ফেডারেশন এ ব্যাপারে জোয়াকিম লোর সঙ্গে কোনো কথাই বলেনি বলে জানা গেছে।