ভবিষ্যতের তারকা?

জিজ্ঞাসাটা ছিল জাতীয় লিগে প্রতিশ্রুতিশীল কোনো পেসার চোখে পড়েছে কি না। অনেক ভেবেও কোনো নাম মনে করতে পারলেন না শরীফ। তবে নিজে থেকেই উচ্ছ্বসিত প্রশংসা করলেন এক সতীর্থের, ‘একজনের কথা বলতে পারি। তবে পেসার নয়, কিপার-ব্যাটসম্যান সোহান (নুরুল হাসান)। গত কয়েক মৌসুমে ওর মতো প্রতিভাবান ক্রিকেটার খুব কম দেখেছি। প্রতিভার পাশাপাশি কষ্টও করে অনেক। খেলাটাকে দারুণ গুরুত্ব দেয়, খুব মনোযোগী। উচ্চতাটাও ওর পক্ষে আছে। মানসিকতা দারুণ। কিপিংয়েও এবার টেকনিক্যালি অনেক উন্নতি করেছে। পাইলট ভাই (খালেদ মাসুদ) হয়তো খুব নিখুঁত উইকেটকিপার ছিলেন, মুশফিক ভালো ব্যাটসম্যান। কিন্তু সোহানের সামর্থ্য আছে বাংলাদেশের সর্বকালের সেরা কিপার-ব্যাটসম্যান হওয়ার।’
সোহানই বলুন বা নুরুল হাসান, বাংলাদেশের ক্রিকেটে অচেনা কোনো নাম নয়। ২০১০ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলে ঘরোয়া ক্রিকেট খেলছেন বেশ কিছুদিনই। তাঁর মারকাটারি ব্যাটিংয়ের কারণে সেটিকে ওয়ানডে বা টি-টোয়েন্টির জন্যই বেশি উপযুক্ত মনে করে আসা হয়েছে এত দিন। তবে এবারের জাতীয় লিগে বড় দৈর্ঘ্যের ম্যাচেও নিজের সামর্থ্য প্রমাণ করেছেন। ৭ ম্যাচে ২ সেঞ্চুরি ও ২ ফিফটিতে ৪৮৯ রান করেছেন ৮১.৫০ গড়ে। ডিসমিসাল ১৯টি। শরীফের আশা সত্যি হলে, বাংলাদেশের ক্রিকেটও রোমাঞ্চিত হতে পারে নুরুলকে নিয়ে!