ভবিষ্যতের প্রেরণা নিয়ে ফেরা
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি টার্মিনালের সামনে অপেক্ষায় গণমাধ্যমকর্মীরা। ভিড়ভাট্টা বেশি দেখে এগিয়ে এলেন এক নিরাপত্তাকর্মী। নেপাল থেকে দেশে ফিরছে বাংলাদেশ ফুটবল দল, জেনে খুবই খুশি হলেন। বললেন, ‘ওরা সত্যিই ভালো খেলেছে।’এএফসি চ্যালেঞ্জ কাপের বাছাইপর্বে তিন ম্যাচে দুটি জয়—বাংলাদেশের সামনে চূড়ান্ত পর্বে যাওয়ার সোনালি হাতছানি। এমন চমৎকার পারফরম্যান্সে বিমানবন্দরের নিরাপত্তাকর্মীরাই নন, খুশি পুরো জাতি।বিমানবন্দরের আনুষ্ঠানিকতা সেরে ফুটবলারদের বের হতে সময় লাগল ঘণ্টা দেড়েক। তবুও হাসিমুখেই এলেন মিঠুন, ওয়ালি ফয়সাল, মামুনুলরা। সবাইকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হলো।বাংলাদেল দলের নতুন ডাচ কোচ লোডভিক ডি ক্রুইফের জন্য অভিজ্ঞতাটা একেবারেই নতুন। এর আগে ক্লাব পর্যায়ে কোচিং করালেও জাতীয় দলের অভিষেক হলো এবারই। প্রথম অভিযানটা বেশ উপভোগ করেছেন সেটা তাঁর কথাবার্তা শুনেই মনে হলো। বিমানবন্দর থেকে কালই ফিরে গেছেন হল্যান্ডে। তবে যাওয়ার আগে বললেন, ‘এই ছেলেদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতাটা চমৎকার।’ খেলোয়াড়দের মধ্যে শেখার আগ্রহ আছে বলেই জানালেন, ‘সবাই ভালো থেকে আরও ভালো করতে চায়। প্রতিদিন ট্রেনিংয়ে কঠোর পরিশ্রম করেছে। ওদের মধ্যে লড়াকু মনোভাব আছে। সবারই সেরাটা দেওয়ার খুব আগ্রহ। এটাই আসলে খুব গুরুত্বপূর্ণ।’ খেলোয়াড়দের ভুলত্রুটিগুলো নিয়ে বেশ উদ্বিগ্ন তিনি, ‘আমাদের সব জায়গায় উন্নতির জায়গা আছে। রক্ষণভাগে একটু বেশি সমস্যা। দল হিসেবে গড়ে তুলতে হলে আসলে রক্ষণ থেকেই শুরু করতে হবে।’ফিলিস্তিনের বিপক্ষে হারটা হতাশাজনকই বললেন ক্রুইফ। তবে পরের দুই ম্যাচ নিয়ে তাঁর বিশ্লেষণ ছিল ইতিবাচক, ‘নেপালের বিপক্ষে ম্যাচটিকে আমি ডার্বি বলেছিলাম। আমাদের জন্য এটা বিশেষ একটা ম্যাচ ছিল। শুধু বাংলাদেশের মানুষের জন্য নয় নেপালের জন্যও ছিল সমান গুরুত্বপূর্ণ। প্রায় ২৫ হাজার দর্শকের সামনে ওদের ঘরের মাঠে ওদের ২-০-তে হারিয়েছি। এটাকে অবশ্যই ভালো ফল বলব। নর্দার্ন মারিয়ানা অবশ্য তত ভালো দল ছিল না। তবে ৯০ মিনিটে আমরা পেয়েছি মাত্র ৪টা গোল। এটা হতাশাজনক। আমি আশা করেছিলাম, অন্তত ৬-৭টা গোল হবেই।’ চূড়ান্ত পর্বে যাওয়ার ব্যাপারে বেশ আশাবাদী ক্রুইফ, ‘মাত্র তিন গ্রুপের খেলা শেষ। এখনো আমরাই সেরা রানার্সআপ। আমাদের ভালো সুযোগ আছে পরের রাউন্ডে ওঠার।’ তরুণ গোলরক্ষক সোহেল এই সফরকে দেখছেন আত্মবিশ্বাস বাড়িয়ে নেওয়ার সিঁড়ি হিসেবে, ‘ফিলিস্তিনের সঙ্গে এমন খেলার পর আমাদের আত্মবিশ্বাস আরও উঁচুতে উঠে গেছে। আমরা দুর্ভাগ্যক্রমে ওই ম্যাচে হেরেছি। দ্বিতীয় রাউন্ডে গেলে আরও ভালো খেলব।’ অভিজ্ঞ মিডফিল্ডার আবদুল বাতেন কোমলের কথা, ‘এখান থেকে ভালো করার একটা প্ল্যাটফর্ম পেয়েছি আমরা। এই টুর্নামেন্টের অভিজ্ঞতা ভবিষ্যতে অনেক কাজে দেবে আমাদের। আমরা উন্নতি করার একটা ট্র্যাক খুঁজে পেয়েছি।’ নেপাল থেকেই অবসরের সিদ্ধান্ত নিয়েছিলেন মোহাম্মদ সুজন। তবে কাল বললেন অন্য কথা, ‘আমি অবসর নিলে আনুষ্ঠানিকভাবে সবাইকে জানিয়ে দিব।’ নেপালে দর্শক হিসেবে দেখেছেন তিনটি ম্যাচ। নিজে না খেললেও এই দল নিয়ে দারুণ আশাবাদী অভিজ্ঞ ডিফেন্ডার, ‘এই দলের সবাই ভালো খেলেছে। এখন আমাদের একটাই কাজ, সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে হবে। আশা করি, ভবিষ্যতে আমরা আরও ভালো খেলতে পারব।’