ভবিষ্যতের রাসেল মামুনদের খোঁজে
ফতুল্লা পাইলট স্কুলের আশরাফুল ইসলাম, ফারুক হোসেনরা প্রচণ্ড গরমে দরদর করে ঘামছিল। কিন্তু সেদিকে মোটেও খেয়াল ছিল না এই কিশোরদের। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে দারুণ মনোযোগে অনুশীলনে ব্যস্ত তখন এই কিশোর হকি খেলোয়াড়েরা।হকি ফেডারেশনের উন্নয়ন কর্মসূচির অংশ হিসেবে কাল শুরু হয়েছে এই প্রশিক্ষণ ক্যাম্প। গত ফেব্রুয়ারিতে শেষ হওয়া মহানগর স্কুল হকি থেকে বাছাই করা ৪৫ জন খেলোয়াড় নিয়ে হচ্ছে ১৫ দিনের ক্যাম্প। তবে প্রথম দিনে পাওয়া গেছে ৩৮ জনকে। বাকিরা পরীক্ষার কারণে আসতে পারেনি। এখান থেকে ২৫ জন এবং আদিবাসী হকি থেকে বাছাই করা ২৫ জনকে নিয়ে আগামী সেপ্টেম্বর-অক্টোবরে বিকেএসপিতে হবে এক মাসের আরেক ধাপের প্রশিক্ষণ। এরপর চূড়ান্ত বাছাই শেষে তাদের বিকেএসপিতে ভর্তি করানো হবে। কোচ ফজলুল ইসলাম এই প্রশিক্ষণ ক্যাম্পকে দেখছেন ভবিষ্যতের রাসেল-মামুনুরদের (জিমি-চয়ন) গড়ার পাইপলাইন হিসেবে, ‘ফেডারেশনের এই উদ্যোগ অবশ্যই প্রশংসনীয়। আগামী পাঁচ বছর পর এখান থেকে অবশ্যই জিমি-চয়নদের মতো অনেক হকি খেলোয়াড় বের হবে।’