ভবিষ্যৎ দুশ্চিন্তার প্রভাব বর্তমানে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাঠগড়ায় ব্যাটসম্যানরা! মুমিনুল, শামসুর ও তামিমের সঙ্গে কথা বলছেন সহকারী কোচ সালাউদ্দিন, পাশে কোচ শেন জার্গেনসেন। আলোচনার বিষয়বস্তু অনুমান করে নিতে সমস্যা হওয়ার কথা নয়! কাল সকালে মিরপুরে- প্রথম আলো
কাঠগড়ায় ব্যাটসম্যানরা! মুমিনুল, শামসুর ও তামিমের সঙ্গে কথা বলছেন সহকারী কোচ সালাউদ্দিন, পাশে কোচ শেন জার্গেনসেন। আলোচনার বিষয়বস্তু অনুমান করে নিতে সমস্যা হওয়ার কথা নয়! কাল সকালে মিরপুরে- প্রথম আলো

বরাবরই ঐচ্ছিক অনুশীলনের নিশ্চিত নাম মুশফিকুর রহিম। ঐচ্ছিক অনুশীলনের দিনে বিশ্রাম নেওয়ার চেয়ে মুশফিকের সব সময়ের পছন্দ শরীর আর মনের আরেকটু পরীক্ষা নেওয়া, নিজেকে আরেকটু ঝালিয়ে নেওয়া। ব্যতিক্রম হলো না কালও। তবে এবার সঙ্গীদের তালিকাটাও বেশ ভারী। বাংলাদেশ অধিনায়কের সঙ্গে কাল ঘাম ঝরালেন তামিম ইকবাল, শামসুর রহমান, মুমিনুল হক, নাসির হোসেন, ইমরুল কায়েস, আবদুর রাজ্জাক ও মাহমুদউল্লাহ।
সবকিছু ঠিকঠাক থাকলে টেস্টের পঞ্চম দিনের রোমাঞ্চ নিয়ে আসার কথা ছিল কালকের সকাল। বাস্তবতা হলো, মুশফিক-তামিমরা অনুশীলন করলেন মিরপুরের নেটে। রোমাঞ্চ-টোমাঞ্চ উবে গিয়েছিল প্রথম দিন শেষেই। বড় হারের পর সংবাদ সম্মেলনে হতাশাটাও লুকাননি মুশফিক। তবে কাল অধিনায়ক, সহ-অধিনায়কসহ সবার মুখেই কুলুপ। কথা বলা বারণ। তবে যিনি মুখ খুললেন, তিনি কিন্তু ভীষণ চমকে দিলেন সংবাদমাধ্যমকে। অনেকটা অনুনয়ের পর কথা বলতে রাজি হলেন শেন জার্গেনসেন। আর অপ্রত্যাশিত বড় হারের পেছনে মাঠের বাজে পারফরম্যান্সের পাশাপাশি জার্গেনসেন দায় দিলেন মাঠের বাইরের ক্রিকেটকেও!
এই ম্যাচ যখন শুরু হলো, দুবাইয়ে তখন চলছে বাংলাদেশের টেস্ট ভাগ্যনির্ধারণী সভার প্রস্তুতি। টেস্টের আগেও অনেকটা আলোচনাজুড়ে ছিল এই অনিশ্চয়তা। মিরপুর টেস্টের মাঠের পারফরম্যান্সের কাটাছেঁড়ায় জার্গেনসেন নিজে থেকেই টেনে আনলেন ম্যাচ-পূর্ব আবহকে, ‘আইসিসির ব্যাপারটি ম্যাচের আগে সবার মনোযোগ নাড়িয়ে দিয়েছিল। যদিও আমি এটিকে অজুহাত হিসেবে দাঁড় করাতে চাই না। টেস্ট ক্রিকেটে দেশকে প্রতিনিধিত্ব করতে হলে এসবকে পাত্তা দিলে চলবে না।’
কোচ নিজে থেকেই যখন প্রসঙ্গটি তুলেছেন, ব্যাপারটি গুরুতরই হওয়ার কথা। ম্যাচের আগে ড্রেসিংরুমের আলোচনায় অনেকটা জুড়েও নিশ্চয়ই ছিল টেস্টবিষয়ক অনিশ্চয়তা! এবার একটু সাবধানী কোচ, ‘আলোচনা খুব বেশি হয়নি, তবে ছেলেরা খুব হতাশ ছিল। মনোযোগ নাড়িয়ে দেওয়ার অনাকাঙ্ক্ষিত একটি কারণ ছিল এটি। পুরো ব্যাপারটিই আসলে হয়েছে আমাদের জন্য ভুল সময়ে, যখন টেস্ট ম্যাচের প্রস্তুতি নিচ্ছিলাম। তবে আবারও বলি, এটিকে আমি বাজে খেলার অজুহাত হিসেবে দাঁড় করাতে চাই না। দিন শেষে সবচেয়ে বড় কথা হলো, আমরা ভালো খেলতে পারিনি।’
ভালো খেলতে না পারাটা অস্বাভাবিক কিছু নয়। তবে বিস্ময়কর ছিল সত্যি বলতে ‘ভালো খেলতে না পারার’ ধরনটা। নিবেদনের লেশমাত্র ছিল না ব্যাটিংয়ে, বোলিং পরিকল্পনাহীন, ফিল্ডিং বাজে, শরীরী ভাষা যাচ্ছেতাই। সব ‘বাজে’ কীভাবে হাজির হলো এক ম্যাচেই? খোদ জার্গেনসেনকেই বিস্মিত মনে হলো, ‘ব্যাপারটি আসলে খুব অদ্ভুত। মাঝেমধ্যে এমন দু-একটি ম্যাচ আসে যখন কিছুই ঠিক হয় না। তবে অনেক দিন পর কিন্তু এমন ম্যাচ গেল আমাদের। আমি দায়িত্ব নেওয়ার পর তো মনে পড়ে না সব বিভাগে একসঙ্গে এভাবে খারাপ করেছি। হয়তো জিম্বাবুয়ের কাছে হারটার (গত বছর) কথা বলা যায়। গত কিছুদিনে আমরা ভালো খেলছিলাম, স্রেফ ম্যাচ একটা বাজে গেল। এখন ইতিবাচক মনোভাব নিয়ে আমাদের সামনে তাকাতে হবে।’
কিন্তু মাঠে বিধ্বস্ত হওয়ার পর সেই মানসিকতা কি এখন আছে দলের? জার্গেনসেন নিজেই জানালেন, ‘ছেলেরা খুব হতাশ। সবাই কষ্ট পাচ্ছে, আমি জানি কাল রাতে ওদের হূদয়ে রক্তক্ষরণ হয়েছে। মিরপুরের পারফরম্যান্স আমাদের সাম্প্রতিক মানের ধারেকাছে ছিল না। ম্যাচের পর কাল (পরশু) বিকেলেই আমরা কথা বলেছি। এই ম্যাচকে দ্রুত ভুলে আমাদের এগিয়ে যেতে হবে। এখন চট্টগ্রামের দিকে তাকিয়ে আছি।’
তবে একজন কোচের জন্য চ্যালেঞ্জ তো এটাই, ভঙ্গুর মনগুলোকে জোড়া দিয়ে পরে লড়াইয়ের জন্য পোক্ত করে তোলা! চ্যালেঞ্জটা নিচ্ছেন জার্গেনসেনও, ‘এখন আমরা কেবল কঠোর পরিশ্রম করে যেতে পারি। আমি হয়তো সেটাই করব...আরেকটু বেশি সময় শ্রম দেওয়া, ছেলেদের বলা, বোঝানো...ওদের মানসিকভাবে চাঙা করে তোলা, চট্টগ্রাম টেস্টের জন্য আরও ভালো পরিকল্পনা করা।’
মিরপুর টেস্টের আগে স্বপ্নের সীমানায় ছিল জয়। বাস্তবের জমিনে নেমে আসার পর সরাসরি জয়ের কথা আর বলছেন না জার্গেনসেন। চট্টগ্রামে লক্ষ্য নিজেদের সেরাটা খেলা, ‘আমাদের আগে নিজেদের খেলা নিয়ে ভাবতে হবে। প্রক্রিয়াগুলো ঠিকঠাক করতে হবে। সেটা করতে পারলে যদি জয়ের সুযোগ সৃষ্টি হয়, তখন দেখা যাবে। জিতে সিরিজ ড্র করতে পারলে তো ভালো লাগবেই। তবে আমাদের আগে ভালো খেলতে হবে।’