ভবিষ্যৎ নিয়ে ভাবছেন ম্যারাডোনা
ক্রীড়া প্রতিবেদক৩ জুলাই স্বপ্ন ভেঙেছে তাদের। জার্মান বুলডোজার গুঁড়িয়ে দিয়েছে সব আশা। আর্জেন্টিনা এখন তাকিয়ে আছে আরেকটি ৩ জুলাইয়ের দিকে। ২০১১ সালের এই দিনে আর্জেন্টিনাতেই শুরু হতে যাচ্ছে দক্ষিণ আমেরিকার শ্রেষ্ঠত্বের আসর কোপা আমেরিকা। প্রায় ১০০ বছর পুরোনো এই টুর্নামেন্টের গৌরব দক্ষিণ আমেরিকার দেশগুলোর কাছে বিশ্বকাপের চেয়ে খুব কম নয়। কোপার সবচেয়ে সফল দল, নয়বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা বিশ্বকাপের দুঃখ ভুলতে এখন স্বপ্ন বুনছে এই ৪৩তম আসরকে ঘিরেই।নতুন এই স্বপ্নের সারথি হিসেবে ডিয়েগো ম্যারাডোনা থাকছেন তো? উত্তরটা এখনই সোজাসুজি দেওয়া মুশকিল। তবে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, আগামী কোপা আমেরিকা পর্যন্ত ম্যারাডোনার থেকে যাওয়ার সম্ভাবনাই বেশি। ‘আমার যা দেওয়ার দিয়ে ফেলেছি’ ঘোষণার পরও আর্জেন্টিনার কোচ যেহেতু এখনো আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেননি, ধারণা করা হচ্ছে, বিষয়টি নিয়ে ম্যারাডোনা ভাবছেন। তাঁর ব্যক্তিগত চিকিৎসক আলফ্রেডো কাহেও জানিয়েছেন, আর্জেন্টিনার ‘ফুটবল ঈশ্বর’ তাঁর ক্যারিয়ার নিয়ে ভাবছেন।এতজন থাকতে ব্যক্তিগত চিকিৎসকের মুখে এই তথ্য শুনতে হচ্ছে কেন? কারণ, সাম্প্রতিক কিছু খবর। যে খবরগুলোতে রটানো হচ্ছিল, হতাশায় নিমজ্জিত ম্যারাডোনা আবারও তাঁর অন্ধকার জীবনে ফিরে গেছেন। আশ্রয় খুঁজছেন মাদকে। সাম্প্রতিক এসব জল্পনার পরিপ্রেক্ষিতে ডা. কাহে নিজে রেডিওতে একটি সাক্ষাৎকার দিয়েছেন, যেখানে তিনি উড়িয়ে দিয়েছেন এসব ‘গুজব’। বলেছেন, মাদকের কারণে মৃত্যুর মুখ থেকে ফেরা ম্যারাডোনা ভুলেও আর ও পথ মাড়াচ্ছেন না। গত ছয় বছরে তিনি এসব ছুঁয়েও দেখেননি।‘তিনি একটু হতাশ। সেটা হওয়াই স্বাভাবিক। কিন্তু এমন নয়, তিনি হতাশায় একেবারেই ভেঙে পড়েছেন। মিডিয়াগুলো যেমন বলছে, তিনি আবারও নেশাগ্রস্ত হয়ে পড়েছেন, এমন কিছুই ঘটেনি। এর সামান্য সত্যতাও নেই। এ ব্যাপারে আমি এটুকুই বলতে পারি’—বলেছেন ম্যারাডোনার দীর্ঘ দিনের চিকিৎসক।মিডিয়ার গুঞ্জনের আরেকটি বড় কারণ, পুরো জুন মাসেই আলোচনার কেন্দ্রে ছিলেন যিনি, সেই ম্যারাডোনার হঠাৎ নিরুদ্দেশ হয়ে যাওয়া। বিশ্বের সংবাদমাধ্যমে প্রতিদিনই খবর এবং ছবিতে ছিল ম্যারাডোনার সরব উপস্থিতি। কোয়ার্টার ফাইনালে হেরে যাওয়ার পর দেশে ফিরে ম্যারাডোনা চলে গেছেন বুয়েন্স এইরেসের শহরতলির নিজ বাড়িতে।ম্যারাডোনা নিজে থেকে সরে যেতে চাইলেও পুরো আর্জেন্টিনা অন্য রকমই চায়। কোয়ার্টার ফাইনালে হেরে যাওয়ার পর দেশে ফিরে আর্জেন্টিনা দলকে দেওয়া হয়েছে বীরোচিত সংবর্ধনা। খোদ প্রেসিডেন্টও সংবর্ধনা দিতে চেয়েছিলেন। কিন্তু নিজেদের সেটার যোগ্য মনে না করায় সবিনয়ে প্রেসিডেন্টের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে আর্জেন্টিনা দল। ম্যারাডোনাকে বরখাস্ত করা হবে না জানিয়ে আর্জেন্টিনা ফুটবল সংস্থার প্রধান হুলিও গ্রন্ডোনা বলেছেন, ‘নিজের ভবিষ্যৎ নির্ধারণের ভার ওর হাতেই থাকবে।’এত দিনে ম্যারাডোনা কি কিছু স্থির করতে পেরেছেন? ড. কাহে জানালেন, চূড়ান্ত কোনো সিদ্ধান্ত ম্যারাডোনা এখনো নেননি, ‘তিনি তো আগেই জানিয়েছেন, অদ্ভুত একটা সময়ের ভেতর দিয়ে যেতে হচ্ছে তাঁকে। তবে আমি আশঙ্কা করেছিলাম, হয়তো তাঁকে খুব খারাপ অবস্থায় দেখব। কিন্তু না। ওকে বেশ ভালো অবস্থাতেই দেখলাম। এই পরাজয়ে বিধ্বস্ত নন, তবে জয় তাঁর হাত থেকে বেরিয়ে যাওয়ায় তিনি ক্ষুব্ধ। ডিয়েগো আমাদের জন্য আরও অনেক আনন্দের উপলক্ষ অবশ্যই এনে দেবেন। তবে তিনি এখনো ফুটবলে তাঁর ভবিষ্যৎ নিয়ে ভাবছেন।’ তথ্য: ওয়েবসাইট, এএফপি।