ভরদুপুরে বিশ্বকাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেলা একটার খাঁ খাঁ রোদে ফুটবল। ব্রাজিল বিশ্বকাপ আয়োজকেরা পরশু যে ম্যাচ শুরুর সময়সূচি ঘোষণা করেছেন, তাতে বেলা একটার খাঁ খাঁ রোদে ম্যাচ গড়াবে মাঠে। ৬৪টি ম্যাচের বেশির ভাগই শুরু হবে সন্ধ্যার আগে, অর্থাৎ বিকেল চারটা ও পাঁচটায়। বাকি ম্যাচগুলো শুরু সন্ধ্যা ছয়টা, সাতটা ও রাত নয়টায়। ১৩ জুলাই মারাকানায় বিকেল চারটায় শুরু হবে ফাইনাল। ১২ জুন সাও পাওলোয় উদ্বোধনী ম্যাচ বিকেল পাঁচটায়।দক্ষিণ ব্রাজিলের ঠান্ডা আবহাওয়ায় হয়তো সমস্যা হবে না ফুটবলারদের। জুন-জুলাই মাসে ব্রাজিলের দক্ষিণাঞ্চলে শীতকাল। কিন্তু সমস্যা করবে উত্তর ও উত্তর-পূর্বের অসহনীয় গরম। নিরক্ষীয় অঞ্চলে অবস্থিত বলে সারা বছরই গ্রীষ্মকাল ওই এলাকায়। বিশ্বকাপের ১২টি ভেন্যুর চারটি ম্যানাউস, রেসিফে, নাটাল ও সালভাদোরের অবস্থান ওই অঞ্চলে। আবার বেলা একটায় শুরু ছয়টি ম্যাচই নাটাল, রেসিফে ও সালভাদোরে।এবারও রাত জাগতে হবে বাংলাদেশের দর্শকদের। ১২টি ভেন্যুর ১০টির সঙ্গেই বাংলাদেশের সময়ের পার্থক্য নয় ঘণ্টা। বাকি দুটির সঙ্গে ১০ ঘণ্টা। বাংলাদেশ সময় রাত ১০টায় যেমন ম্যাচ আছে, তেমনি আছে সকাল ছয়টায়ও।আয়োজকদের প্রস্তাবিত সময়সূচি ফিফার নির্বাহী কমিটি গত পরশু অনুমোদন করেছে। ম্যাচ শুরুর সময় কীভাবে ঠিক করা হয়েছে, সেটার একটা ব্যাখ্যা দিয়েছে ফিফা, ‘ম্যাচ শুরুর সময় নির্ধারণ করতে নিচের বিষয়গুলো বিবেচনা করা হয়েছে: সব দলের জন্য একই সুবিধা, একই গ্রুপের দলগুলোর জন্য সমান বিশ্রাম, ভেন্যুর তাপমাত্রা, বৈশ্বিক টেলিভিশন বাজার, সমর্থকদের ভ্রমণ-সুবিধা, বিমানসূচি ও থাকার ব্যবস্থা।’ ফিফা এর আগে টেলিভিশন সম্প্রচারকে প্রাধান্য দেওয়ায় সমালোচনার মুখে পড়েছিল। ইউরোপীয় বাজার ধরতে ১৯৭০ ও ১৯৮৬ মেক্সিকো বিশ্বকাপ, ১৯৯৪ যুক্তরাষ্ট্র বিশ্বকাপের বেশির ভাগ ম্যাচই হয়েছিল তপ্ত দুপুরে। রয়টার্স।