পাকিস্তান শেষ সময়ে ‘না’ করে দেওয়ায় একটু সমস্যায়ই পড়ে গেছে বাফুফে। সাফের আগে জাতীয় দলকে অনুশীলন ম্যাচ খেলার সুযোগ তো দিতে হবে। তাই বিকল্পের সন্ধানে গতকালই বাফুফে চিঠি দিয়েছে মালয়েশিয়ান ফুটবল ফেডারেশনকে। তাতে কুয়ালালামপুরে বাংলাদেশ দলের জন্য একটা অনুশীলন ম্যাচ খেলার সুযোগ চাওয়া হয়েছে। প্রতিপক্ষ হিসেবে বাফুফের পছন্দ মালয়েশিয়া জাতীয় দল। স্থানীয় কোনো শীর্ষ ক্লাব হলেও সমস্যা নেই।
মালয়েশিয়ার সাড়া না মিললে ফিলিপাইন দলকে ঢাকায় আনার চেষ্টা করা হবে। বিকেল পর্যন্ত এমনটাই ভেবে রেখেছিলেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন, ‘মালয়েশিয়ায় দল পাঠাতে চাই। সেটি না হলে ফিলিপাইনকে ঢাকায় আনা যায় কি না দেখছি। দু-এক দিনের মধ্যে এ ব্যাপারে ইতিবাচক কিছু আশা করছি।’
বাফুফের কর্মকর্তারা একটু রাখঢাকই করছেন, তবে জানা গেছে, মালয়েশিয়ায় যাওয়ার সম্ভাবনাই বেশি। সে ক্ষেত্রে বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ হতে পারে ২২ আগস্ট। সেই অনুযায়ী প্রস্তুতি চলছে ভেতরে ভেতরে। রাতে সর্বশেষ খবর পাওয়া গেল, মালয়েশিয়া থেকে ইতিবাচক সাড়া মিলেছে। মালয়েশিয়ান ফুটবল ফেডারেশন জানিয়েছে, ২২ আগস্ট ম্যাচ হলে তারা জাতীয় দল দেবে (গত ২০ নভেম্বর কুয়ালালামপুরে মালয়েশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে গোলশূন্য ড্র করেছিল বাংলাদেশ)। পরদিন ম্যাচ হলে বাংলাদেশের প্রতিপক্ষ হবে শীর্ষ কোনো ক্লাব দল।
জাতীয় দল কমিটির প্রধান কাজী নাবিল আহমেদ বলছেন, ‘মালয়েশিয়ার জাতীয় দল পেলে ভালো, বড় কোনো ক্লাবের সঙ্গে খেললেও চলবে। দল মালয়েশিয়া গেলে ওখান থেকেই কাঠমান্ডু চলে যাবে। সেভাবেই টিকিটের ব্যবস্থা করা হচ্ছে।’
বাংলাদেশ দলের কোচ লোডভিক ডি ক্রুইফ আজ সকালে পরিবার নিয়ে ঢাকা আসছেন। তিনি এলে একটা দারুণ ছবি দেখা যাবে। গোলরক্ষক কোচসহ তিন কোচের সঙ্গে ফিটনেস ট্রেনার—সবাই ডাচ। ৩১ আগস্ট কাঠমান্ডুতে শুরু হতে যাওয়া অষ্টম সাফ ফুটবলের শিরোপা জয়ের লক্ষ্যে চেষ্টার ত্রুটি করছে না বাফুফে। দলকে থাইল্যান্ড পাঠিয়ে দুটি অনুশীলন ম্যাচ খেলানো হয়েছে এরই মধ্যে।
ঢাকায় এসে ১৬ আগস্ট জাতীয় দলের সঙ্গে একটি ম্যাচ খেলার কথা ছিল পাকিস্তান দলের। কিন্তু বাংলাদেশের ‘রাজনৈতিক অস্থিরতা’কে কারণ দেখিয়ে পাকিস্তান সফরটা বাতিল করায় বিকল্প খুঁজতে হলো বাফুফেকে।
স্থানীয়ভাবে আফ্রিকান ও দেশি খেলোয়াড়দের নিয়ে একাদশ গড়ে ম্যাচ অনুশীলনের চিন্তাও আছে। কিন্তু তাতে তো প্রস্তুতি পূর্ণাঙ্গ হয় না। এ কারণেই এখন মালয়েশিয়ায় যাওয়ার সর্বাত্মক চেষ্টা।
সাফের অন্য দলগুলো কিন্তু দেশের বাইরে ক্যাম্প করছে। দুবাইয়ে ঘুরে আসা পাকিস্তান ২০ আগস্ট যাচ্ছে আফগানিস্তান। মালদ্বীপ, শ্রীলঙ্কা আছে ব্যাংককে। আগামীকাল ভারত প্রীতি ম্যাচ খেলছে তাজিকিস্তানের সঙ্গে তাজিকদের মাটিতেই। বাহামা দ্বীপপুঞ্জ ঘুরে নেপাল এখন আছে বাহরাইনে। তার মানে, সবাই ব্যস্ত কোথাও না কোথাও। বাংলাদেশ এই জায়গাটায় একটু যেন পিছিয়ে।
এ কারণে একটু অতৃপ্তি শোনা যায় জাতীয় দলের অধিনায়ক মামুনুল ইসলামের কণ্ঠে, ‘সাফের আগে বিদেশি দলের বিপক্ষে আরও অন্তত একটি প্রস্তুতি ম্যাচ খেলা দরকার আমাদের। নিজেদের তৈরি করে নিতে এর কোনো বিকল্প নেই।’