ভরসা এবার তৃতীয় ‘এম’
শ্রীলঙ্কায় ভারতের সর্বশেষ সফর আর এবারের প্রথম টেস্ট—ভারতের হারের মূল কারণ দুই ‘এম’। ২০০৮ সালে ঘাতক ছিলেন মুরালিধরন ও মেন্ডিস। তিন টেস্টে ভারতের যে ৬০টি উইকেট পড়েছিল, তার ৪৭টিই ছিল দুজনের শিকার। এবার গল টেস্টেও ছিলেন মুরালি, সঙ্গে পেয়ে গেলেন মালিঙ্গাকে। ভারতের ২০ উইকেটের ১৫টিই এই দুজনের। তবে সিরিজের দ্বিতীয় টেস্টে এই দুজনের কাউকেই পাচ্ছে না শ্রীলঙ্কা। ভরসা এখন আরেক ‘এম’—মেন্ডিস, অজন্তা মেন্ডিস। ভারতের পুরোনো ‘শত্রু’ আজ ফিরছেন নতুনভাবে।শুরুটা হয়েছিল সাড়া ফেলে। ২০০৮ এশিয়া কাপে অজন্তা মেন্ডিসের রহস্যে খাবি খাওয়ার পর টেস্ট সিরিজেও রহস্যের কোনো কূলকিনারা করতে পারল না ভারত। বিশ্বসেরা ব্যাটিং লাইনআপের বিপক্ষে রেকর্ড গড়লেন অভিষেক সিরিজে ৩ টেস্টে ২৬ উইকেট নিয়ে। বাংলাদেশের বিপক্ষে পরের টেস্টে পেলেন ৭ উইকেট। টেস্টের কঠিন আঙিনাকে কতই না সহজ মনে হচ্ছিল ‘ক্যারম বল’-এর আবিষ্কর্তা এই তরুণের কাছে! প্রথম ধাক্কা খেলেন পাকিস্তানের বিপক্ষে, করাচি টেস্টে ৫৯ ওভার বোলিং করে উইকেট পেলেন মোটে একটি!মেন্ডিস-রহস্যের অবগুণ্ঠন খোলা শুরু এই টেস্ট থেকেই। পরের টেস্টে উইকেটই পেলেন না, পাকিস্তানের বিপক্ষে দেশের মাটিতেও অবস্থা তথৈবচ। গত বছরের ভারত সফরে কানপুরে রামধোলাইয়ের (৩৮ ওভারে ১৬২ রান) শিকার হওয়ার পর টেস্ট দলেই জায়গা হারালেন। প্রথম ৪ টেস্টে ৩৩ উইকেট নেওয়া বোলার পরের ৬ টেস্টে উইকেট পেলেন মাত্র ১১টি! বিচ্ছিন্নভাবে ওয়ানডে খেলেছেন, কিন্তু রহস্যময়তা বলতে আর কিছু নেই তখন। বিশেষজ্ঞরা বললেন, এই ভিডিও প্রযুক্তির যুগে রহস্য আর কদিন টিকে থাকে!রহস্য-স্পিনারের রহস্য হারানোর আসল রহস্যটা বললেন সামান হারভাভিথারানা। আর্মি স্পোর্টস ক্লাবে সাবেক সেনাসদস্য মেন্ডিসের প্রথম কোচ, মেন্ডিসকে তাই সবচেয়ে ভালো জানার কথা এই ভদ্রলোকেরই। গল টেস্টের আগে সামান জানালেন সমস্যাটা ছিল টেকনিক্যাল, ‘মেন্ডিস রানআপে খুব দ্রুত দৌড়ানো শুরু করেছিল। এমনিতে ওর রানআপ সাত ফিট, ও সেটিকে নয় ফিট করে ফেলল। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, ও স্টাম্পের কাছাকাছি থেকে বোলিং করছিল না। এ কারণেই ওর বোলিং থেকে বৈচিত্র্য ও নিয়ন্ত্রণ হারিয়ে গিয়েছিল।’সামান বলছেন ‘গিয়েছিল’, কারণ মেন্ডিস আবার সেই মেন্ডিসে ফেরার ইঙ্গিত দিয়েছেন। ভুলটুল শুধরেছেন, প্রথম টেস্টের আগে প্রস্তুতি ম্যাচে গম্ভীর, টেন্ডুলকার ও লক্ষ্মণের উইকেটসহ পেয়েছেন ৬ উইকেট। দলে ফেরার পর প্রথম নেট অনুশীলনে গিয়েছিলেন সামানকে সঙ্গে নিয়েই। সামানের দাবি, ‘এখনো সেরা রূপে ফেরেনি মেন্ডিস, তবে এই ফিরল বলে।’সেই ফেরাটা সবচেয়ে জরুরি এই টেস্টেই। পারলে প্রথমটির মতো ‘দ্বিতীয় অভিষেক’ও স্মরণীয় করে রাখতে পারবেন মেন্ডিস। মুরালিকে হারিয়ে বিনিদ্র রাত থেকেও বাঁচাতে পারবেন সাঙ্গাকারাদের। ওয়েবসাইট।