ভরসা এবার শ্রীলঙ্কান ক্রিকেটার
কথা দিয়েও বিসিবি বাংলাদেশ দলকে পাকিস্তানে পাঠায়নি বলে দ্বিতীয় বিপিএলে পাকিস্তানি খেলোয়াড়দের খেলতে দেয়নি পিসিবি। সেটিরই প্রভাব পড়ছে এবারের প্রিমিয়ার লিগে।
প্রিমিয়ার লিগে বরাবরই পাকিস্তানি ক্রিকেটারদের চাহিদা সবচেয়ে বেশি। এবারও তা-ই ছিল। পাকিস্তানি খেলোয়াড়েরাও খেলতে আগ্রহী। কিন্তু দুই বোর্ডের সম্পর্কে টানাপোড়েনের কারণে পিসিবি তাঁদের খেলার অনুমতি দিচ্ছে না। বিসিবি আনুষ্ঠানিক চিঠি দিলে তা দেওয়া হবে বলেও জানিয়েছে পিসিবি। কিন্তু নীতিগতভাবে বিসিবি এতে রাজি নয়। সিসিডিএমের চেয়ারম্যান জালাল ইউনুস কাল কারণটাও ব্যাখ্যা করলেন, ‘প্রিমিয়ার লিগে কোনো দেশের খেলোয়াড়দের খেলার ব্যাপারেই কোনো নিষেধাজ্ঞা নেই। কোনো ক্লাব বিদেশি খেলোয়াড় আনতে চাইলে সে খেলোয়াড়ের সঙ্গে তারা যোগাযোগ করবে। ওই খেলোয়াড় তখন তার বোর্ড থেকে এনওসি নিয়ে খেলতে আসবে। সে ক্ষেত্রে আমরা তার ভিসার জন্য চিঠি দিতে পারি। কিন্তু কোনো খেলোয়াড়ের এনওসির জন্য বিসিবি কোনো বোর্ডকে চিঠি দেবে না। এটা স্বাভাবিক রীতি নয়।’
ভারতীয় খেলোয়াড়েরাও এবার খুব সহজলভ্য নয়। যে কারণে ক্লাবগুলো মূলত শ্রীলঙ্কান ক্রিকেটারদের দিকে ঝুঁকতেই বাধ্য হচ্ছে। সব ক্লাবই বিদেশি খেলোয়াড় আনার চেষ্টা করছে। তবে আজ শুরুর দিনে তিন ম্যাচের ছয় ক্লাবের মধ্যে বিদেশি থাকছে শুধু দুটি ক্লাবে। গাজী ট্যাংকে খেলতে কালই ঢাকায় পৌঁছেছেন নিউজিল্যান্ডের স্কট স্টাইরিস। পরের ম্যাচে শ্রীলঙ্কার কৌশল্য বীরারত্নেরও যোগ দেওয়ার কথা এই দলে। প্রাইম ব্যাংকের পক্ষে আজ খেলবেন দুই শ্রীলঙ্কান ভানুকা রাজাপক্ষে ও সামিরা ডি জয়সা। জিম্বাবুয়ের ব্রেন্ডন টেলর ও শ্রীলঙ্কার জীবন মেন্ডিসের সঙ্গেও নাকি কথাবার্তা প্রায় চূড়ান্ত এই দলের।
আগামী পরশু সিসিএসের বিপক্ষে প্রথম ম্যাচেই আবাহনী তিন বিদেশি নিয়ে নামবে। তিন শ্রীলঙ্কান ইন্ডিকা ডি সরম, থারাঙ্গা পারানাভিথানা ও জানাকা গুনারত্নে পৌঁছে গেছেন ঢাকায়। একই দিন মোহামেডান প্রথম ম্যাচেই পাবে তিলকারত্নে দিলশান ও উপুল থারাঙ্গাকে। থারাঙ্গা প্রথম ম্যাচ খেলে কিছুদিনের জন্য ফিরে গেলেও দিলশান নাকি পুরো মৌসুমই খেলবেন। শেখ জামালে জিম্বাবুয়ের এলটন চিগুম্বুরা ও শ্রীলঙ্কান দিলশান মুনাবীরা আসবেন বলে শোনা যাচ্ছে।
লিগে প্রতি দল বিদেশি খেলোয়াড় নিবন্ধন করাতে পারবে সর্বোচ্চ ১০ জন, এক ম্যাচে খেলানো যাবে সর্বোচ্চ তিনজন। অন্যান্যবারের মতো এবারও তাই লিগজুড়েই আসা-যাওয়ার মধ্যে থাকবেন বিদেশি ক্রিকেটাররা।