ভরসা দিচ্ছেন দুই ‘ভরসা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টি-টোয়েন্টি ক্রিকেটটা ছিল তাঁর কাছে ধাঁধা। আর তিনি ধাঁধা ছিলেন গোটা বাংলাদেশের কাছে। ব্যাটিংয়ের যা দর্শন, তাতে টি-টোয়েন্টি ক্রিকেটেই সবচেয়ে ভয়ংকর হয়ে ওঠার কথা তামিম ইকবালের। কিন্তু হিসাব মিলছিল না, এই তো কিছুদিন আগেও তাঁর টি-টোয়েন্টি পরিসংখ্যান ছিল বিব্রতকর। কিন্তু ধাঁধার জট খুলতে শুরু করেছে। ইউরোপ সফর থেকেই যেন টি-টোয়েন্টির ভাষাটা পড়তে শুরু করেছেন তামিম। রেকর্ডটাও তাই এখন ভদ্রস্থ।তামিমের মতো অতটা আলোচিত হয়নি সাকিব আল হাসানের টি-টোয়েন্টি। কিন্তু বাস্তবতা হলো টি-টোয়েন্টি পরিসংখ্যানটা বিব্রতকর বিশ্বসেরা অলরাউন্ডারের জন্যও। বল হাতে যথারীতি দুর্দান্ত, কিন্তু ব্যাটিংটায় যেন সুর-তাল-লয় মিলছিল না। ইউরোপ সফর তাঁকেও যেন বদলে দিচ্ছে। তিনে উঠে আসার পর থেকেই সাকিবের ব্যাটিংয়ে খানিকটা ধারাবাহিকতার ছোঁয়া।এমনিতেই দুজন দলের বড় ভরসা। প্রত্যাশার পরিধি বাড়িয়েছে ব্যক্তিগত পারফরম্যান্সে সাম্প্রতিক উন্নতি। সুপার এইটের প্রাথমিক লক্ষ্য পূরণে বাংলাদেশের প্রত্যাশা সাকিব-তামিমের কাছেই বেশি। কলম্বোতে কাল সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে দুজন জানালেন, এই আস্থার প্রতিদান দিতে যথাসাধ্য লড়বেন।টেস্ট ক্রিকেটে বিশ্বজুড়ে বোলারদের তুলাধোনা করে ছাড়া তামিমের টি-টোয়েন্টি স্ট্রাইক রেট একসময় ছিল ৭২.৩৪! এই তো, গত জুলাইয়েও ছিল ৯২.৭২। কিন্তু ইউরোপ সফর থেকেই লেখচিত্র ঊর্ধ্বমুখী। স্ট্রাইক রেট বাড়ল। আগে সর্বোচ্চ ছিল ৩২, ওই সফর শেষ করলেন টানা দুটি ফিফটি দিয়ে (হল্যান্ডের বিপক্ষে)। স্ট্রাইক রেট এখনো তামিম-সুলভ না হলেও ছাড়িয়েছে ১০০ (১০০.২৩)। গড় ২০.৯৫। তার চেয়েও গুরুত্বপূর্ণ তথ্য, টি-টোয়েন্টিতে বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি রান এখন তাঁরই।তামিম জানালেন, টি-টোয়েন্টির রহস্যটা এখন তিনি ধরতে পেরেছেন, ‘সম্প্রতি অনেক টি-টোয়েন্টি খেলেছি, মাস খানেকের মধ্যে তো মনে হয় ১৫-২০টা খেলেছি। এখন খুব ভালো অবস্থায় আছি আমি, আগের চেয়ে টি-টোয়েন্টি ভালো বুঝতে পারছি। আগে আমি ইনিংস গড়তে পারতাম না, প্রথম বল থেকেই মারতে চাইতাম। এখন একটু চতুরভাবে খেলি, শট খেলার পাশাপাশি সিঙ্গেলসও নিই। খুব ভালো যে করে ফেলেছি তা নয়, তবে ভালোর পথে যাচ্ছি। আশা করি, বিশ্বকাপেও এই ধারাটা ধরে রাখতে পারব।’ইউরোপ সফরের পর এসপিএলেও দারুণ খেলেছেন তামিম। প্রথম ম্যাচে অপরাজিত ৯৩ রানের বিধ্বংসী ইনিংসটা ছিল তাঁর রূপান্তরিত টি-টোয়েন্টি ব্যাটিংয়ের বড় বিজ্ঞাপন। এসপিএল অভিজ্ঞতাও আত্মবিশ্বাসী করছে তামিমকে, ‘টুর্নামেন্টটা দুর্দান্ত ছিল। গোটা দুই খুব ভালো ইনিংস ছিল আমার। বিশ্বকাপে এই অভিজ্ঞতা অবশ্যই কাজে লাগবে।’ইউরোপ সফরের আগে ১৬ ম্যাচে কোনো ফিফটি ছিল না সাকিবের, ব্যাটিং-গড় ছিল ১৩.৩৭। ইউরোপেও এমন আহামরি কিছু করেননি। তবে স্বস্তির প্রথম ফিফটিটা পেয়ে গড় বাড়িয়েছেন (১৪.৯০)। এই বিব্রতকর গড়ের পাশে সত্যটা হলো, ব্যাটিং-অর্ডারে ওপরে উঠে এখন তিন নম্বরে নিয়মিত ব্যাট করছেন। সাকিবের আশা তাই নিয়মিত বড় স্কোরের, ‘টি-টোয়েন্টিতে পরে নামলে বেশি কিছু করার সুযোগ থাকে না। টপ-অর্ডারে ব্যাট করায় আমি অনেক বেশি বল খেলত পারব এবং রান করার সুযোগও বেশি থাকবে। তিনে নিয়মিত খেলতে উন্মুখ আমি।’ ২০০৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে এই শ্রীলঙ্কাতেই একসঙ্গে সাকিব-তামিম-মুশফিকুরের একসঙ্গে খেলার অভিজ্ঞতার কথাও মনে করিয়ে দিয়েছেন। এসেছে দলের সম্ভাবনার প্রসঙ্গও। তামিম আওড়েছেন উপভোগের মন্ত্র, ‘বিশ্বকাপ, অনেক বড় মঞ্চ। কিন্তু মাঠে নেমে ওটা মাথায় রাখলে চলবে না। একটা ক্রিকেট ম্যাচই তো! মাঠে নেমে আমাদের পারফর্ম করতে হবে, চাপকে পাত্তা দিলে চলবে না।’সাকিবের কণ্ঠ কিন্তু আরও আত্মবিশ্বাসী। লক্ষ্যটাও পরিষ্কার, ‘আমরা কঠিন গ্রুপে পড়েছি। কিন্তু যেভাবে আমরা প্রস্তুতি নিয়েছি এবং গত ৬-১২ মাস ধরে যেভাবে খেলছি, তাতে সামর্থ্য অনুযায়ী খেললে আমরা দুই দলকেই হারাতে পারি। প্রাথমিক লক্ষ্য অবশ্যই সুপার এইট খেলা, এরপর বাকিটা ভাবা যাবে।’ বাংলাদেশকে অবশ্য টি-টোয়েন্টি বা টেস্টের চেয়ে ওয়ানডেতেই বেশি ভালো মনে করেন সাকিব, ‘দলটা এখনো তরুণ, টেস্ট ও টি-টোয়েন্টি খুব বেশি খেলিনি আমরা। ১০০ ওয়ানডে খেলা বেশ কজন আছে দলে কিন্তু ৫০-৬০টি টি-টোয়েন্ট বা ২০-২৫টি টেস্ট খেলেছে মাত্রই কয়েকজন। ওয়ানডের তুলনায় বাকি দুই সংস্করণে আমরা অনেকটাই নবীন।’টি-টোয়েন্টি খুব বেশি খেলা হয়নি, তা ঠিক। তবে গত কয়েক মাসে যা খেলা হয়েছে, আগের কয়েক বছর মিলিয়েও তা হয়নি। ওয়ানডেতে উন্নতির ছাপটা স্পষ্ট হয়েছে গত এশিয়া কাপে। টি-টোয়েন্টিতেও বদলে যাওয়ার ছাপটা কি দেখা যাবে শ্রীলঙ্কায়?