ভরসা সেই টেন্ডুলকার
আগের দিনের শেবাগ-ঝড়ের পর কাল ভারতের সংবাদ সম্মেলনটা ছিল আশ্চর্য রকমের শান্ত। কাল এলেন শচীন টেন্ডুলকার, আর তাঁকে আসতে দেখেই বোঝা গেল, তিনি শান্ত সমাহিত অনুভূতিই ছড়িয়ে দেবেন। সব সময়ই বিনয়ী বলে পরিচিত টেন্ডুলকার অনুমানমতোই রক্ষণাত্মক খেললেন সংবাদ সম্মেলনে।আগের দিনের মন্তব্যের পর কাল মাঠে যা হলো, শেবাগ সংবাদ সম্মেলনে আসবেন, এটা আশা করাই কঠিন। তবে যেই আসুক, তাঁকে যে তোপের মুখে পড়তে হবে, এটা নিশ্চয়ই ভারতীয় দলেরও আঁচ করতে পারার কথা। এলেন তাই ‘লিটল মাস্টার’ স্বয়ং, ব্যাট হাতে যেমন, তেমনি মাইক্রোফোনের ওপাশেও যে বড় ভরসা তিনিই!অনুমিতভাবেই ছুটে গিয়েছিল ‘অর্ডিনারি’বিষয়ক প্রশ্ন, ‘এখনো ভাবনা একই আছে নাকি পরিবর্তন হয়েছে?’ টেন্ডুলকার তৈরিই ছিলেন। বল ঠেলে দিলেন শেবাগের কোর্টে, ‘যে বলেছে, তাকেই না হয় জিজ্ঞাসা করবেন। আমি এ নিয়ে কিছু বলব না।’ কিন্তু যে বলেছে, চাইলেও তো তাঁর পর্যন্ত পৌঁছানো যাচ্ছে না। ঘুরিয়ে-ফিরিয়ে তাই আবারও একই প্রশ্ন ‘তবে কি শেবাগ ভুল বলেছিলেন?’ এবার যেন অফ স্টাম্পের বাইরের বল দেখেশুনে ছেড়ে দিলেন টেন্ডুলকার, ‘লেটস গো টু দ্য নেক্সট কোয়েশ্চেন...।’মুখরোচক কিংবা সংবাদ শিরোনাম হওয়ার মতো কিছু পাওয়ার আশার ওখানেই সমাপ্তি। আলোচনা তাই সীমাবদ্ধ থাকল সেই গত্বাঁধা গণ্ডিতেই। টেস্ট ক্রিকেটে নিজেদের সেরা দিনগুলোর একটি কাটিয়েছে বাংলাদেশ। বোলারদেরই পুরো কৃতিত্ব দিতে নারাজ টেন্ডুলকার, ‘বাংলাদেশের বোলাররা কন্ডিশনকে কাজে লাগিয়েছে। উইকেটে প্রচুর ময়েশ্চার ছিল, শুকাতে অনেক সময় নিয়েছে। এমনকি এখনো গিয়ে দেখতে পারবেন কত ময়েশ্চার আছে। এটাকেই পুরোপুরি ব্যবহার করেছে বোলাররা।’ কিন্তু টসের সময় যে এটিকেই ভালো ব্যাটিং উইকেট বললেন অধিনায়ক বীরেন্দর শেবাগ? ‘যদি একটু রোদ পড়ে তাহলে এটা এখনো ভালো ব্যাটিং উইকেট, আগামী দুদিন নিশ্চিতভাবেই এটা ভিন্ন আচরণ করবে’—এবার সাবেক ভারতীয় অধিনায়ক দাঁড়ালেন উত্তরসূরির পাশে।যতই পাশে দাঁড়ান, নিজে যতই রুখে দাঁড়ান, দিনটা টেন্ডুলকারদের ছিল না। তাই প্রথম ক্রিকেটার হিসেবে টেস্টে ১৩ হাজার রান করাটাও সেভাবে আলোড়ন তোলেনি সর্বকালের অন্যতম সেরা এই ক্রিকেটারের মনে। বড় পর্দায় ভেসে ওঠার পরই নাকি কেবল বুঝতে পেরেছেন আরও একটা কীর্তি গড়ে ফেলেছেন।তবে মনে ঠিকই ছাপ ফেলেছে এক নম্বর দল হিসেবে প্রথম টেস্ট খেলতে নামা, ‘এটার জন্য আমরা অনেক কষ্ট করেছি। কয়েক বছর ধরেই নিয়মিতভাবে ভালো করছি। এক ধরনের ভালো লাগা তো তাই থাকবেই।’ আর বাংলাদেশের বিপক্ষে ৬ টেস্টে ভারতের সবচেয়ে বাজে দিনটির পরও স্বাগতিকদের দিয়ে গেলেন একটা প্রচ্ছন্ন হুমকি, ‘আজ কেবল প্রথম দিন। এখনো খেলার অনেক বাকি, অপেক্ষা করুন, দেখুন কী হয়!’টেন্ডুলকারের হুমকিকেও কি শেবাগের পথে পাঠাতে পারবেন শাহাদাত-সাকিবরা?