ভরসা হতে চান মাশরাফি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধিনায়ক মাশরাফিকে মাঠে বসে দেখেছেন? ঘরোয়া ক্রিকেটে দেখা গেছে। কিন্তু বাংলাদেশের কোনো মাঠ এখনো জাতীয় দলের অধিনায়ক মাশরাফিকে দেখতে পায়নি। নয়-নয় করে ৬টি ওয়ানডেতে অধিনায়কত্ব করে ফেলেছেন; সঙ্গে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একটি টেস্টের কথাও মাথায় রাখুন। কিন্তু বাংলাদেশের মাটিতে এখনো জাতীয় দলের অধিনায়কত্ব করা হয়নি তাঁর।সবকিছু ঠিকঠাক থাকলে অক্টোবরে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজেই সেই ‘অভিষেক’। সেই অভিষেক নিয়ে একটু কি রোমাঞ্চিত মাশরাফি? শুধু দেশে কেন, দেশে হোক আর দেশের বাইরে, অধিনায়কত্ব ব্যাপারটাই নাকি মাশরাফির কাছে দারুণ রোমাঞ্চের।ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ ওয়ানডেতে প্রথম জয়টা পেয়েছে মাশরাফির অধিনায়কত্বেই। ক্রিকেটের জনকদের হারানো দলের অধিনায়ক তো কাজটা উপভোগ করবেনই। উল্টো গল্পও আছে। ওই যুক্তরাজ্য সফরেই যে মাশরাফির বাংলাদেশ হেরেছিল আয়ারল্যান্ড ও হল্যান্ডের কাছে!এরপর কীভাবে অধিনায়কত্ব উপভোগ করেন? মাশরাফি স্বভাবসুলভ হাসেন, ‘আয়ারল্যান্ড-হল্যান্ডের বিপক্ষে হার অবশ্যই উপভোগ করার কিছু না। কিন্তু এর অন্য একটা দিকও আছে। আমি খুব দ্রুত মুদ্রার দুটি পিঠই দেখে ফেললাম। বড় দলের বিপক্ষে জয়ের স্বাদে ভেসে যাওয়ার আগেই ধাক্কাটা খেয়েছি।’বিশ্লেষণটা একটু অন্যরকম। মাশরাফির সবকিছুই তাই। বাংলাদেশ দলের অধিনায়ক হয়েছিলেন আসলে গত বছর জুলাইয়ে। মোহাম্মদ আশরাফুলের জায়গায় নতুন অধিনায়ক নির্বাচিত হয়ে গিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজে। কিন্তু নিয়তির কী পরিহাস! বৃষ্টিবিঘ্নিত প্রথম দিন আর দ্বিতীয় দিনের খানিকটা সময় পরই মাশরাফি ক্যারিবীয় সফর শেষ হয়ে গেল, থমকে গেল তাঁর অধিনায়কত্ব-অধ্যায়। সেই সময়ের কথা এখনো কেমন যেন লাগে মাশরাফির, ‘এখনো বিশ্বাস হয় না! অধিনায়কত্ব পেলাম, আমরা দুর্দান্ত শুরু করলাম। অথচ আমি ম্যাচটা শেষই করতে পারলাম না!’বদলি অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়ে চমকে দিলেন সাকিব আল হাসান। টেস্টের পর ওয়ানডেতেও ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করে পরিণত হলেন বাংলাদেশের ক্রিকেটে স্মরণীয়তম অধ্যায়ের নায়ক। সেই সাফল্যের ধারা অব্যাহত থাকল এর পরও। ওদিকে মাঠে বাংলাদেশ সাফল্য পাচ্ছে আর বাইরে বসে চোটের সঙ্গে লড়ছেন তখন মাশরাফি। দুঃসহ সেই অতীত ভোলার চেষ্টা করেও পারেন না, ‘কীভাবে ভুলি! চোটের কারণে বাইরে কম থাকতে হয়নি। কিন্তু তখন দল ভালো করছে, আর আমি নেই। মনে হতো, ইনজুরি-টিনজুরি ভুলে মাঠে নেমে পড়ি।’চোটের সঙ্গে এই লড়াইটা অবশ্য মাশরাফির জন্য নতুন কিছু না। আবারও অস্ত্রোপচার করাতে হলো। আবারও চোটের বিপক্ষে একটা লড়াই জিতে দলে ফিরলেন প্রায় ৭ মাস পর। কিন্তু ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে ফিরেই মুখোমুখি হলেন নতুন এক অভিজ্ঞতার।এক ম্যাচ খেলে পরের ম্যাচেই নিজেকে আবিষ্কার করলেন একাদশের বাইরে। দলেও যেন উপেক্ষিত বলে মনে হচ্ছিল। মেনে নিতে না পেরে রাগ করে হোটেল ছেড়ে যাওয়ার মতো ঘটনা পর্যন্ত ঘটিয়েছিলেন। প্রসঙ্গটা উঠতেই ‘থাক, ওসব কথা’ বলে এড়িয়ে যেতে চাইলেন।ক্যারিয়ার শেষ—এমন গুঞ্জনও উঠে গিয়েছিল। কিন্তু সেই মাশরাফিই আবার বাংলাদেশের অধিনায়ক। দায়িত্ব পেলে মানুষ বদলে যায়। বদলে যাওয়া সুরেই বললেন, ‘ইনজুরি, ফর্ম, মাঠের বাইরের অনেক কিছু মিলিয়ে ভয়াবহ একটা সময়ের মধ্য দিয়ে গেছি। ওসব কথা আর মনে করতে চাই না। সবাই মিলে নতুন করে পথ চলতে চাই।’কিন্তু চাইলেই কি আর সব ভোলা যায়? সেই সময়ের কথা সবাই কি ভুলতে পেরেছেন! সাকিবের সঙ্গে মাশরাফির সম্পর্ক নিয়ে যে অনেক রকম কথাই উড়ে বেড়ায়। মাশরাফি এবার ‘হো হো’ করে হেসে ওঠেন, ‘এক্কেবারে সত্যি কথা বলি, সাকিবের সঙ্গে আমার কোনোকালে কোনো সমস্যা ছিল না। ও দলের ব্যাপারে আমাকে সহযোগিতা করার ব্যাপারে কতটা আন্তরিক, এটা বলে বোঝানো যাবে না। আর দেখুন, ও অধিনায়কত্ব ছেড়ে দিয়েছে বলে আমি অধিনায়ক হয়েছি। ফলে এখানে আমাদের মধ্যে ভুল বোঝাবুঝির কোনো সুযোগ নেই।’তা না থাকলেই ভালো। জাতীয় দলকে সুখী পরিবার হিসেবে দেখতে কার না ভালো লাগে! দলটাকে পরিবারে পরিণত করার জন্য মাশরাফির নিজস্ব একটা প্রক্রিয়া আছে। প্রক্রিয়াটা নতুন কিছু নয়—দলের সবাইকে মাঠের বাইরে বন্ধু বানিয়ে ফেলা, সবার ভরসা হয়ে ওঠা।অধিনায়কের প্রথম কাজ তো আসলে ওটাই।