ভরাডুবি এড়াতে ভারতকে যা করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্যাটিং বড় দুশ্চিন্তা হয়ে দাঁড়িয়েছে ভারতের জন্য। ছবি: রয়টার্স
ব্যাটিং বড় দুশ্চিন্তা হয়ে দাঁড়িয়েছে ভারতের জন্য। ছবি: রয়টার্স

লর্ডস টেস্টে ভারতের যাচ্ছেতাই ব্যাটিং দেখে আতঙ্ক ছড়িয়ে পড়েছে সাবেক ক্রিকেটারদের মাঝে। অথচ সিরিজের প্রথম টেস্টেই জয়ী হতে পারত সফরকারীরা। কিন্তু লর্ডসের বিভীষিকাই এখন সবার মনে দাগ ফেলে দিয়েছে। দুই ইনিংস মিলিয়ে আড়াই শ রানও করতে পারেনি ভারত। আগামীকাল ট্রেন্ট ব্রিজে শুরু হচ্ছে সিরিজের তৃতীয় টেস্ট।

ভেন্যু ট্রেন্ট ব্রিজ বলেই ভারতীয় ব্যাটিং নিয়ে সবাই এমন ব্যতিব্যস্ত হয়ে উঠেছে। লর্ডসে মেঘলা কন্ডিশনে সিম ও সুইংয়ে হতভম্ব হয়ে পড়েছিল পুরো ভারতীয় ব্যাটিং লাইনআপ। শুধু রবিচন্দ্রন অশ্বিন ছাড়া ইংলিশ পেসারদের সুইং সামলানোর ক্ষমতা দেখাতে পারেননি কেউ। ট্রেন্ট ব্রিজ তো প্রথাগতভাবেই সুইং ও সিম বোলারদের প্রিয় ভেন্যু। এমন অবস্থায় ভারতের ব্যাটিংয়ের কী হবে? সাবেক ব্যাটসম্যান ও বর্তমানে ক্রীড়া বিশ্লেষক সঞ্জয় মাঞ্জরেকার ক্রিকইনফোতে ভারতকে দলে বাড়তি একজন ব্যাটসম্যান নিয়ে নামতে বলেছেন। এ ছাড়া ভারতীয় ব্যাটসম্যানদের (কোহলি বাদে অন্যদের) একাদশে জায়গা মিললে কী করতে হবে, সে পরামর্শও দিয়েছেন।

ভালো শুরুর দায়িত্বটা ধাওয়ানের কাঁধেই। ছবি: রয়টার্স
ভালো শুরুর দায়িত্বটা ধাওয়ানের কাঁধেই। ছবি: রয়টার্স


শিখর ধাওয়ান
ধাওয়ানের মূল সমস্যা, সে সব সময় শক্ত হাতে খেলে। শুধু রান করার সময় নয়, রক্ষণেও। তাকে বল নিজের কাছে আসতে দেওয়া উচিত। ধাওয়ানের নিজেকে বলা উচিত, ‘আমি বল কাছে আসতে দেব, চোখের নিচে স্থির ব্যাটে খেলব এবং ষষ্ঠ স্টাম্পে যত বল আসবে, সব ছেড়ে দেব।’ আর ইংল্যান্ড যদি শর্ট বল করে, ওর উচিত ছেড়ে দেওয়া। শর্ট বলে আক্রমণাত্মক হতে গেলেই সে দুর্বলতা প্রকাশ করে ফেলে।

নিজের আক্রমণাত্মক ব্যাটিংই কাল হচ্ছে রাহুলের? ছবি: রয়টার্স
নিজের আক্রমণাত্মক ব্যাটিংই কাল হচ্ছে রাহুলের? ছবি: রয়টার্স


লোকেশ রাহুল
লর্ডসে দ্বিতীয় ইনিংসে সে ক্রিজ ব্যবহার করার চেষ্টা করেছিল, শুধু সামনের পা ব্যবহার করেনি। রাহুলের উচিত নিজেকে এ ব্যাপারে নমনীয় রাখা, বলটা ভালোভাবে দেখা। সে খেলাটা ভালোই জানে, নিজের অনুভূতিও ভালোই জানা। কিন্তু বোলার যখন দৌড় শুরু করবে, তখন এসব যেন ওর মনোযোগ কেড়ে নিতে না পারে, সেটা খেয়াল রাখা উচিত। জেমস অ্যান্ডারসন যখন বোলিং করছিল, তখন অফ স্টাম্পের বাইরে নিতে এত ব্যস্ত ছিল যে ভেতরে আসা বলটা খেয়ালই করতে পারেনি।

সফরে ভালো করার সুনাম খুইয়ে বসেছেন বিজয়। ছবি: রয়টার্স
সফরে ভালো করার সুনাম খুইয়ে বসেছেন বিজয়। ছবি: রয়টার্স


মুরালি বিজয়
বল ছাড়তে পারার ক্ষমতার জন্যই সফরে রান করতে পারত বিজয়। কিন্তু দক্ষিণ আফ্রিকা সফরে অফ স্টাম্পের বাইরের বল খেলতে গিয়ে আউট হয়েছে। পরে বল ছাড়তে গিয়েও আউট হয়েছে। এ সিরিজেও সে দুটো কাজ করেই আউট হয়েছে। তার মূল সমস্যা হচ্ছে, সে একটু আগেই শট খেলে ফেলছে। বল ক্রিজের অর্ধেক পার হওয়ার আগে যে লাইনে থাকে সে অনুযায়ী খেলছে কিংবা ছাড়ছে (ভারতে এটা করা যায়)। কিন্তু ইংল্যান্ডে বল মধ্য ক্রিজ পার হওয়ার পর যখন সুইং করে বা সিম মুভমেন্ট হয়, এরপর সে লাইনে খেলতে হয়। তাই ওর মন্ত্র হওয়া উচিত অপেক্ষা করা, দ্বিতীয় লাইন অনুযায়ী খেলা।

অজিঙ্কা রাহানে
দেশের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে শর্ট বলে ওকে অসুবিধায় পড়তে দেখেছি। রান পেয়েছে কিন্তু সেটা স্বস্তি আনেনি কারও মনেই। ওর সমস্যাটা মানসিক এবং এর সমাধান করা সহজ নয়। ওকে কাউন্সিল করা দরকার এবং এমন কারও কাছে এ দায়িত্ব দেওয়া উচিত, যাকে ও বিশ্বাস করে। আর দল যদি মনে করে দীর্ঘ মেয়াদে রাহানে দলের জন্য গুরুত্বপূর্ণ এক সদস্য, তবে তাকে এ নিশ্চয়তা দেওয়া উচিত যে যা-ই হোক না কেন, সে দলে থাকবে।

রক্ষণের প্রতিমূর্তি পূজারার রক্ষণে চিড় ধরেছে। ছবি: রয়টার্স
রক্ষণের প্রতিমূর্তি পূজারার রক্ষণে চিড় ধরেছে। ছবি: রয়টার্স


চেতেশ্বর পূজারা
পূজারা একজন রক্ষণাত্মক ব্যাটসম্যান, তবু ওর রক্ষণ যেভাবে ভেঙে পড়ছে সেটা ভালো লক্ষণ নয়। ক্যারিয়ারের শুরুতে ও ফুল লেংথের বলে সামনে বেশ বড় পদক্ষেপ নিত আবার শর্ট বলে বেশ পেছনে যেত। কিন্তু মাঝে সে সব সময় সামনেই পদক্ষেপ নিতে চেষ্টা করত। ইদানীং সে সামনে হালকা একটু আগায় এবং প্রায় বোঝাই যায় না এমনভাবে পেছায়। দুটো কষ্টকৃত এবং একটু দেরি হয়ে যায়। তার উচিত একদম সহজ মৌলিক কাজ অর্থাৎ সামনে-পেছনে করাটা অনুশীলন করা। এবং অন্য কিছুর চিন্তা মাথায় না আনা। দরকার হলে প্রত্যেক বলের সময় চিৎকার করে বলুক, ‘বল দেখ।’ অনেক সেরা ব্যাটসম্যান এটা করতেন এবং এতে মনোযোগ বাইরের দিকে যায় না।

এ ছাড়া সব ব্যাটসম্যানকে (আবারও কোহলি বাদে) বলব লর্ডসে শেষ ইনিংসে অশ্বিনের ব্যাটিং দেখার জন্য। এমন কন্ডিশনে কীভাবে নিজেকে একটু সুযোগ দেওয়া যায়, এ ব্যাপারে সে কিছু গুরুত্বপূর্ণ কৌশল দেখিয়েছে। অধিকাংশ সময়ে সে পেছনের পায়ে খেলেছে, ফলে বলটা তার কাছে আসার আগেই বলের সুইংটা টের পাওয়া গেছে। সে শুধু স্বচ্ছন্দ ছিল না, সবচেয়ে দ্রুত রানও সে তুলেছে।