ভলিবলে পিডিবির আনন্দঘন সন্ধ্যা
পল্টন ভলিবল স্টেডিয়াম কাল বিকেলে উৎসবমুখর হয়ে উঠেছিল প্রিমিয়ার লিগের শিরোপা-নির্ধারণী ম্যাচকে কেন্দ্র করে। লড়াই চলছিল বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) ও তিতাস ক্লাবের মধ্যে। প্রথম দুই সেটে জিতে নেয় বিদ্যুৎ। তৃতীয় সেটের শেষ দিকে রুদ্ধশ্বাস লড়াইয়ের একপর্যায়ে একটা সার্ভিসকে কেন্দ্র করে শুরু হয় দুই পক্ষে তীব্র বাদানুবাদ।এ যেন ফুটবল মাঠে আবাহনী-মোহামেডান ম্যাচ! সাম্প্রতিক সময়ে এই দুই দল ভলিবলের ‘আবাহনী-মোহামেডান’ই। তিতাস পুরোনো দল, প্রথম পাঁচবারই ছিল টানা রানার্সআপ। এবার দুই দলেরই আগের ৮ ম্যাচে পয়েন্ট ছিল সমান ২৪। এই ম্যাচটা হয়ে দাঁড়ায় ফাইনাল। গতবার তিতাস ছিল চ্যাম্পিয়ন, পিডিবি রানার্সআপ। এবার ফলটা পাল্টে গেছে। অর্থাৎ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড চ্যাম্পিয়ন। তিতাস রানার্সআপ। ৩-১ সেটে পিডিবি জিতে নিয়েছে রুদ্ধশ্বাস ‘ফাইনাল’। এটি তাদের দ্বিতীয় শিরোপা। প্রথমটি জিতেছে ২০০৯-১০ সালে।১০ দলের লিগে তৃতীয় হয়েছে বিজিবি। অবনমিত ইস্ট এন্ড বয়েজ। ন্যাশনাল ব্যাংকের পৃষ্ঠপোষণায় আয়োজিত লিগের সেরা অ্যাটাকার চ্যাম্পিয়ন দলের মুনীর। সেরা ডিফেন্ডার ওয়ারীর জোসি। সেরা সেটার চ্যাম্পিয়ন দলের অজয় সরকার। প্রতিযোগিতার মূল্যবান খেলোয়াড় তিতাসের রাজেশ।