ভলিবলে ফ্র্যাঞ্চাইজি লিগ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় দল ভালো করলে যেকোনো খেলার ভাগ্যই বদলে যেতে পারে। ভলিবলের ভাগ্য হয়তো এখনো বদলায়নি। তবে পরশু বঙ্গবন্ধু এশিয়ান পুরুষ মধ্যাঞ্চল প্রতিযোগিতায় গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশে এই খেলার আকাশটা খুলে গেছে রাতারাতি। বাংলাদেশের ভলিবলে প্রথম কোনো আন্তর্জাতিক ট্রফি জয়ে উজ্জীবিত এখন সংগঠক-খেলোয়াড়েরাও।
গতকালই সভায় বসে ভলিবল ফেডারেশনের নির্বাহী কমিটি আগামী দিনের কিছু পরিকল্পনা চূড়ান্ত করেছে। যেখানে আছে প্রথমবারের মতো ফ্র্যাঞ্চাইজি লিগভিত্তিক টুর্নামেন্টের চিন্তা। ফেডারেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান (মিকু) বললেন, ‘মার্চে স্বাধীনতার মাসে আমরা “বাংলাদেশ ভলিবল লিগ” নামে ফ্র্যাঞ্চাইজি লিগ আয়োজনের ব্যাপারে আলোচনা করছি। আটটি বিভাগীয় দল নিয়ে এটি করার ইচ্ছা আমাদের।’
আশিকুর রহমানের পরের কথাটা চমকে দেবে যে কাউকে, ‘ফ্র্যাঞ্চাইজি লিগে আমরা বলিউড তারকা শাহরুখ খানকে আনার চেষ্টা করব। শাহরুখ একসময় ভলিবল খেলতেন।’ তবে অনেকে বলছেন এটি ফেডারেশনের হবে জন্য কঠিন এক কাজ। বর্তমান অবস্থায় ফ্র্যাঞ্চাইজি লিগ আয়োজনের অনুকূল পরিবেশ তাঁরা কমই দেখছেন। তবে আলিফ গ্রুপ এটি করতে চায় বলে জানালেন ফেডারেশন সম্পাদক।
কিরগিজস্তানকে হারিয়ে পরশু বাংলাদেশ অধিনায়ক সাইদ আল জাবির অবশ্য সবকিছুর আগে একটা বর্ষপঞ্জি চেয়েছেন, ‘ক্রিকেট ফুটবলের মতো ভলিবলেও বর্ষপঞ্জি হলে আমরা জানব কখন কোন খেলা। সবার মধ্যেই তখন আরও বেশি আগ্রহ তৈরি হবে খেলাটা নিয়ে।’
খুব সুনির্দিষ্ট কিছু না হলেও এরই মধ্যে একটা পথরেখা তৈরি করেছে ভলিবল ফেডারেশন। বর্ষপঞ্জিও তারা দেবে বলছে। জাতীয় দলের সাফল্যে এই প্রথম এশিয়ান বাছাইপর্বে অনূর্ধ্ব-২১ ভলিবল দল পাঠানোর সিদ্ধান্তে হয়েছে গতকাল। মিয়ানমারে ওই টুর্নামেন্ট হবে আগামী মে মাসে।
এত দিন জাতীয় দলের কোনো টুর্নামেন্ট এলে শেষ দিকে কয়েক দিন অনুশীলন হয়েছে। এই সাফল্যের পর আর স্বল্প মেয়াদে নয়, ২০১৮ কাঠমান্ডু এসএ গেমস পর্যন্ত জাতীয় দলকে দীর্ঘ মেয়াদে অনুশীলনে রাখা হবে বলে জানিয়েছেন আশিকুর রহমান। দীর্ঘ মেয়াদে রাখা হবে জাতীয় দলের সফল ইরানি কোচকেও। জাতীয় দলকে অনুশীলন ম্যাচ খেলানোর কথাও এখন বলা হচ্ছে।
তৃণমূল থেকে খেলোয়াড় তুলে আনারও উদ্যোগ এই প্রথম নিয়েছে ভলিবল ফেডারেশন। প্রথমবারের মতো স্কুল ভলিবল করা হবে। জেলা লিগ আয়োজনও আছে অগ্রাধিকার তালিকায়। এসব আয়োজন ঠিকঠাক করা হলে ভলিবলে আরও বড় সাফল্য দেখছেন খেলোয়াড় ও সংগঠকেরা। সাবেক ফুটবলার, ভলিবল খেলোয়াড় ও সংগঠক মোস্তফা কামাল যেমন বলছেন, ‘স্কুল ভলিবলটা দেখতে উন্মুখ হয়ে আছি। এটি হবে দারুণ এক আয়োজন।’
ভলিবল নিয়ে এখন নতুন করে স্বপ্ন দেখছেন মনিরুল হকও। এই ভলিবল সংগঠক তাঁর দৃষ্টিসীমায় দেখতে পাচ্ছেন আরও কিছু সাফল্য, ‘সঠিক পরিকল্পনা নিতে পারলে আমার বিশ্বাস, এই ছেলেরা আরও ভালো করবে।’ যদিও ১৯৯৯ কাঠমান্ডু সাফের পর দক্ষিণ এশিয়ান অঞ্চলে আর কোনো ব্রোঞ্জও পায়নি বাংলাদেশ। দক্ষিণ এশিয়ান অঞ্চলে এর আগে পাওয়া তিনটি ব্রোঞ্জই (’৮৯ কলকাতা, ’৯১ কলম্বো, ও ’৯৯ কাঠমান্ডু) হয়ে আছে সম্বল।