ভলিবলের নির্বাচনী ভাগ্য ঝুলছে আদালতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেশির ভাগ ক্রীড়া ফেডারেশনে নির্বাচন হয়ে যাচ্ছে নিরুত্তাপ পরিবেশে। ব্যতিক্রম আছে। ভলিবল ফেডারেশনে যেমন গত ১৬ জুন নির্বাচন হয়ে গেলেও বিষয়টা আদালত পর্যন্ত গড়িয়েছে। এই নির্বাচনকে অবৈধ দাবি করে হাইকোর্টে রিট করেছেন শাহবাগ স্পোর্টস ক্লাবের সভাপতি রফিকুল ইসলাম মিলন।
রিট আবেদনে বাদীর দাবি, ১২৬ জন কাউন্সিলরের মধ্যে ফেডারেশন কর্তাদের চেনাজানা ৩০ জন বাদে অন্যদের না জানিয়েই নির্বাচন করা হয়েছে। তাতে সাধারণ সম্পাদক পুনর্নির্বাচিত হয়েছেন জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদের মহাসচিব আশিকুর রহমান মিকু। তাঁরা একটি পরিষদ জমা দিয়েছেন, যা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে যায়।
নির্বাচন কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে বিবাদী জাতীয় ক্রীড়া পরিষদকে কারণ দর্শানো নোটিশ দিয়েছেন আদালত। চার সপ্তাহের মধ্যে জবাব দিতে হবে।
নির্বাচনকে অবৈধ দাবি করা পক্ষের অন্যতম কাউন্সিলর পানি উন্নয়ন বোর্ড ভলিবল ক্লাবের প্রতিনিধি মাসুদ হাফিজ বলছেন, ‘পানি উন্নয়ন বোর্ড এত বড় ক্লাব, অথচ আমার ক্লাব পর্যন্ত নির্বাচন-সংক্রান্ত চিঠি পায়নি। কাউন্সিলরশিপ চাওয়ার সময় ভলিবল ফেডারেশন থেকে আমার সংস্থায় চিঠি আসে। তারপর আর কেউ কোনো যোগাযোগ করেনি। কাজেই নির্বাচন সঠিকভাবে হয়নি, এটি অবৈধ। এর প্রতিবাদে আমরা ১৮ জুন মানববন্ধন করেছি।’
তবে পুনর্নির্বাচিত সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকুর ভাষ্য আলাদা, ‘নির্বাচন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। সব প্রক্রিয়া মেনেই তারা এগিয়েছে। সারা দেশ থেকে কাউন্সিলররা এসে মনোনয়নপত্র কিনেছেন, অথচ এখন দু-একজন বলছেন তাঁরা কিছু জানেন না, এটা হতে পারে না। তা ছাড়া আগের কমিটি তো পদত্যাগ করেছে মনোনয়নপত্র জমা দেওয়ার আগেই।’
পানি উন্নয়ন বোর্ডের প্রতিনিধির বক্তব্য উড়িয়ে ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক বলছেন, ‘গত কমিটির সদস্য ছিলেন তিনি এবং তাঁর উপস্থিতিতেই নির্বাহী কমিটির সভায় নির্বাচন নিয়ে আলোচনা হয়। কাজেই তিনি কিছু জানেন না এটা ঠিক নয়।’ এই চাপান-উতোরে গোটা ভলিবল অঙ্গন এখন উত্তপ্ত। সবাই তাকিয়ে আদালতের দিকে।