ভলিবলের নেশা
স্থান নির্ধারণী খেলা শেষ। ভলিবল স্টেডিয়ামের পূর্ব গ্যালারিতে বসে পুরুষ বিভাগের ফাইনাল দেখছিলেন তৃতীয় হওয়া দল রাজশাহীর মরিয়ম খাতুন। কোলে সাত মাসের মেয়ে জান্নাতুল ফেরদৌস মাহি। মেয়েকে হাতের তালপাখা দিয়ে বাতাস দিচ্ছেন, নিজে দরদর করে ঘামছেন সেটা খেয়ালই নেই।সাত বছর ধরে ভলিবল খেলে চলেছেন মরিয়ম। এর আগে কাবাডি খেলতেন। কিন্তু গত এসএ গেমসের আগে অনুশীলনের সময় চোট পেয়েছিলেন বলে আর কাবাডি খেলেন না। তবে ভলিবল খেলাটা ছাড়তে পারেননি। জানালেন, ‘এই খেলাটা আমার রক্তে। নেশা হয়ে গেছে।’ এতটুকু শিশু নিয়ে ঢাকায় খেলতে এসেছেন বলে কি কষ্ট হচ্ছে না? হেসে জানালেন, ‘আমার মেয়ে খুব শান্তশিষ্ট। খেলার আগে দুধ খাইয়ে ছোট বোনের কাছে রেখে দিই। খেলা শেষ হলে আবার এসে নিই।’ মেয়েকে কি খেলাধুলায় আনবেন? উত্তরটা নেতিবাচক, ‘এই জগতে মেয়েকে আনতে চাই না। এই খেলাধুলার জন্যই আমি লেখাপড়া বেশি করতে পারিনি। কিন্তু ওকে শিক্ষিত করতে চাই।’ মরিয়মের স্বামী মাহফুজ রানা একজন হকি খেলোয়াড়। খেলেন প্রিমিয়ারের দল বাংলাদেশ স্পোর্টিং ক্লাবে। স্বামী খেলোয়াড় বলেই হয়তো মরিয়মদের মতো মায়েদের এখনো এভাবে দেখা মেলে ক্রীড়াঙ্গনে।