ভস্মাধারের আগুনে লড়াই

কদিন আগেই ইউএস ওপেন গলফ জিতেছেন জাস্টিন রোজ। পেনসিলভানিয়ার সেই জয়ের সুবাস কাটতে না-কাটতেই ব্রিটিশদের আনন্দে ভাসাল রাগবি দল। ১৬ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে হারাল ব্রিটিশ ও আইরিশ লায়নস। শনিবারের সেই জয়ের হাত ধরে পরদিনই এল উৎসবের আরও বড় উপলক্ষ। অ্যান্ডি মারের উইম্বলডন জয়ে ঘুচল ৭৭ বছরের খরা। সময় এখন ব্রিটেনের, উৎসব এখন ব্রিটিশদের!
শুরুটা লন্ডন অলিম্পিকে ব্রিটিশ অ্যাথলেটদের অভাবনীয় সাফল্যে। রাগবি দল আর রোজ-মারেদের সৌজন্যে ব্রিটেন আর ব্রিটিশরা এখন ভাসছে আনন্দ স্রোতে। এতে আরও জোয়ার আনার দায়িত্ব এখন অ্যালিস্টার কুকের দলের। ক্রিকেটের প্রাচীনতম লড়াইয়ের নতুন অধ্যায় শুরু হচ্ছে আজ, যে লড়াইয়ের বয়স আসলে টেস্ট ক্রিকেটেরই সমান। শুরু হচ্ছে অ্যাশেজের ৭৮তম আসর।
সবচেয়ে পুরোনো হলেও প্রতিবারই নতুন রূপে ধরা দেয় অ্যাশেজ। এবার তো আরও বাড়তি মাত্রা যোগ করছে পিঠাপিঠি সিরিজ। অস্ট্রেলিয়ায় ২০১৫ বিশ্বকাপকে জায়গা দিতে সেই ১৯৭৪-৭৫ মৌসুমের পর এই প্রথম একই বছরে দুটি অ্যাশেজ। চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল ছয় মাসের মধ্যে খেলবে ১০টি টেস্ট, যার প্রথমটি শুরু হচ্ছে আজ ট্রেন্ট ব্রিজে।
ব্রিটিশদের সাম্প্রতিক সাফল্যের মুকুটে আরেকটি পালক যোগ করতে যাচ্ছে ঘরের মাটির অ্যাশেজ—বিশেষজ্ঞ থেকে শুরু করে সাধারণ্যে ধারণাটা এমনই। এই ধারণা বাস্তবতার নিরিখেই। সর্বশেষ কবে এমন পরিষ্কার ফেবারিট থেকে অ্যাশেজ শুরু করেছে ইংল্যান্ড, সেটা খুঁজতে পিছিয়ে যেতে হচ্ছে দুই যুগ। ১৯৮৯ সালের ইংলিশ গ্রীষ্মে যখন ইংল্যান্ডে পা রাখল অ্যালান বোর্ডারের দল, সেটিকে বলা হচ্ছিল অ্যাশেজ সফরে আসা ইতিহাসের দুর্বলতম অস্ট্রেলিয়া দল। আগের সাড়ে পাঁচ বছরে মাত্র একটি টেস্ট সিরিজ জয়, লিলি-চ্যাপেল-মার্শদের উপযুক্ত বিকল্প খুঁজে পেতে গলদঘর্ম হচ্ছিল অস্ট্রেলিয়া। বোর্ডারদের স্মৃতি ফিরিয়ে এনেছে মাইকেল ক্লার্কের দল। ক্লার্কের অস্ট্রেলিয়ার পাশেও ‘দুর্বলতম’ তকমা, এই দলটাও টেলর-ওয়াহর দলের কঙ্কাল।
তবে স্মৃতি ফিরিয়ে আনার ব্যাপারটি স্রেফ এই তুলনা পর্যন্তই রাখতে চাইবেন কুক। আর ক্লার্ক চাইবেন বোর্ডারের দলের স্মৃতি পুরোপুরি ফিরিয়ে আনতে! বিস্ময়কর, কিন্তু সত্যি। এই দুর্বলতমের সবচেয়ে বড় অনুপ্রেরণা হতে পারে সেই দুর্বলেরা। ১৯৮৯ সালের সেই অ্যাশেজে ডেভিড গাওয়ারের ইংল্যান্ডকে ৪-০-তে উড়িয়ে দিয়েছিল বোর্ডারের দল। অভাবনীয় ওই জয়ের প্রভাবও ছিল সুদূরপ্রসারী। বোর্ডারের ওই দলই সূচনা করেছিল অ্যাশেজ ইতিহাসে অস্ট্রেলিয়ার সোনালি সময়ের। ১৯৮৯ থেকে টানা আটটি সিরিজ জিতে একসময় অ্যাশেজকে স্রেফ আনুষ্ঠানিকতা বানিয়ে ছেড়েছিল অস্ট্রেলিয়া। ওই সিরিজের প্রথম টেস্টে বাজির দর ছিল ইংল্যান্ডের পক্ষে ১১-৪, এবার প্রথম টেস্টেও তা-ই। ক্লার্ক কি পারবেন বোর্ডার হতে?
ইতিহাসে অনুপ্রেরণা খোঁজা যায়। তবে ইতিহাসের পুনরাবৃত্তি তো আর সব সময় হয় না। ক্লার্ক যেমন পালাতে চাইছেন ইতিহাস-ঐতিহ্য থেকে। অ্যাশেজকে আর দশটা সিরিজ থেকে ভিন্ন কিছু ভাবতে না চাওয়ায় হয়তো এরই প্রতিফলন, ‘এমন অনেক পড়েছি, অ্যাশেজই নাকি অধিনায়ক হিসেবে আমার ভাবমূর্তি হয় গড়ে দেবে, নয় গুঁড়িয়ে দেবে। ব্যক্তিগতভাবে আমি সেটা মনে করি না। প্রতিটি টেস্টেই আমি ব্যাট করতে নামি সেঞ্চুরির লক্ষ্য নিয়ে, তা প্রতিপক্ষ যে-ই হোক—বাংলাদেশ, ভারত, দক্ষিণ আফ্রিকা বা ইংল্যান্ড। ইতিহাস ও ঐতিহ্য মিলিয়ে অ্যাশেজ মানে অসাধারণ, কিন্তু ক্রিকেটার আমার মানসিকতা গত গ্রীষ্মের মতোই থাকবে।’
পরিস্থিতি ও বাস্তবতা যেমন, তেমনি অ্যাশেজ ভাবনাতেও ক্লার্কের উল্টো প্রান্তে কুক, ‘একজন ইংলিশ বা অস্ট্রেলিয়ান হিসেবে এর চেয়ে বড় কিছু আর হতে পারে না। এর ইতিহাস, ঐতিহ্য, প্রতিদ্বন্দ্বিতা, পুরো দেশ যেভাবে দুই দলের পেছনে ঐক্যবদ্ধ...আমার মতে এটাই ক্যারিয়ারের নিরূপক।’
ঐতিহ্য, গুরুত্ব আর ভাবনা বৈপরীত্য থেকে যদি চোখ ফেরান আজ শুরু টেস্টে, চমক থাকছে এখানেও। এমনিতে সুইং বোলিংয়ের স্বর্গ বলে পরিচিত ট্রেন্ট ব্রিজের উইকেট এবার অন্য রূপে! ভারতে গিয়ে সিরিজ জিতে এসেছে ইংল্যান্ড, স্পিনদক্ষ ভারতীয় ব্যাটসম্যানদের নাকাল করে ছেড়েছেন সোয়ান-পানেসাররা। অস্ট্রেলিয়া সেখানে হেরে এসেছে ৪-০-তে। আর এই অস্ট্রেলিয়ার মূল শক্তিও পেস বোলিং—সব মিলিয়ে দুইয়ে দুইয়ে চার মেলাতে সমস্যা হওয়ার কথা নয়।
ইংল্যান্ড সর্বশেষ অ্যাশেজ জয়ের হ্যাটট্রিক করেছিল ১৯৫৬ সালে। জিম লেকার, টনি লকের ঘূর্ণিতে সিরিজ জিতেছিল পিটার মের দল। এবারও কি তবে ফিরে আসবে ইতিহাস? সোয়ান-পানেসারদের ঘূর্ণিতে হ্যাটট্রিক হাসি হাসবে কুকের ইংল্যান্ড! ওয়েবসাইট।
সর্বশেষ ১২টি সিরিজ
মৌসুম বিজয়ী ফল (ম্যাচ)
১৯৮৯ অস্ট্রেলিয়া ৪-০ (৬)
১৯৯০-৯১ অস্ট্রেলিয়া ৩-০ (৫)
১৯৯৩ অস্ট্রেলিয়া ৪-১ (৬)
১৯৯৪-৯৫ অস্ট্রেলিয়া ৩-১ (৫)
১৯৯৭ অস্ট্রেলিয়া ৩-২ (৫)
১৯৯৮-৯৯ অস্ট্রেলিয়া ৩-১ (৫)
২০০১ অস্ট্রেলিয়া ৪-১ (৫)
২০০২-০৩ অস্ট্রেলিয়া ৪-১ (৫)
২০০৫ ইংল্যান্ড ২-১ (৫)
২০০৬-০৭ অস্ট্রেলিয়া ৫-০ (৫)
২০০৯ ইংল্যান্ড ২-১ (৫)
২০১০-১১ ইংল্যান্ড ৩-১ (৫)
* ১৯৮৯ অ্যাশেজ হয়েছিল ইংল্যান্ডে। এর পর পর্যায়ক্রমে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডে।