ভাই তুমি, শত্রু তুমি!

বিশ্বকাপের গ্রুপিং চূড়ান্ত হলো গত ডিসেম্বরে, ব্রাজিলের বাহিয়াতে। গ্রুপ দেখে জার্মানিতে বসে কেভিন-প্রিন্স বোয়াটেংয়ের টুইট, ‘ব্রাদার, আবার দেখা হচ্ছে...জীবন এতটাই সুন্দর! তর সইছে না...লাভ ইউ ব্রাদার!’
সেই দেখা যখন হচ্ছে, কেভিনের দল খাদের কিনারে। দুদিন আগে সেই কেভিনই বলেছেন, ‘টিকে থাকতে নিজেদের সর্বস্ব উজাড় করে দেব, আমৃত্যু লড়ব আমরা।’ ভাইয়ের সঙ্গে দেখাটা তাহলে হয়ে যাচ্ছে মরণপণ লড়াই!
চার বছর পর আজ আবার সেই অস্বস্তির দিন প্রিন্স বোয়াটেংয়ের। জার্মান অভিবাসী ঘানার এই ভদ্রলোকের দুই ছেলে আজ মুখোমুখি, পরস্পরের প্রতিপক্ষ! জার্মানির রক্ষণ সামলাবেন জেরোম বোয়াটেং, ঘানার মাঝমাঠ থেকে সেই রক্ষণে হানা দেবেন কেভিন-প্রিন্স বোয়াটেং। জার্মানির যে ম্যাচ দ্বিতীয় রাউন্ডে ওঠার সিঁড়ি, ঘানার জন্য সেই সম্ভাবনা বাঁচিয়ে রাখার লড়াই। চার বছর আগেও গ্রুপ পর্বে মুখোমুখি হয়েছিল জার্মানি ও ঘানা, বিশ্বকাপ ইতিহাসে সেই প্রথম মুখোমুখি হয়েছিল দুই ভাই। ছোট ভাইয়ের বড় দলকে সেবার সহজে ছাড় দেয়িন বড় ভাইয়ের ছোট দল। মেসুত ওজিলের গোলে জার্মানি কষ্টে হারিয়েছিল ঘানাকে।

দুই ভাইয়ের লড়াই সেবার আক্ষরিক অর্থেই ছিল ‘লড়াই’, ম্যাচের আগে দুজনের সম্পর্ক ছিল ভীষণ শীতল। মাইকেল বালাকের ছিটকে পড়া নিয়ে প্রকাশ্যেই বিবাদে জড়িয়েছিলেন দুই ভাই। কেভিন তখন খেলেন পোর্টসমাউথে। এফএ কাপের ফাইনালে চেলসির বালাককে ফাউল করেছিলেন কেভিন, গোড়ালি মচকে বিশ্বকাপ থেকেও ছিটকে পড়েন জার্মান অধিনায়ক। জার্মানি সংবাদমাধ্যম থেকে শুরু করে আমজনতার দাবি ছিল, ইচ্ছে করেই বাজে ট্যাকল করে বালাককে ছিটকে দিয়েছেন কেভিন। ভাই জেরোমও এই তত্ত্বের সমর্থনে প্রকাশ্যে সমালোচনা করেছিলেন বড় ভাইয়ের। সেটির সূত্র ধরে দুজনের মুখ দেখাদেখি, সব ধরনের যোগাযোগ ছিল বন্ধ। ম্যাচের আগে কেভিন বলেছিলেন, ‘বালাকের ফাউল নিয়ে ও যা বলেছে, এরপর ওর সঙ্গে সম্পর্ক আর স্বাভাবিক রাখা সম্ভব হয়নি।’ শুনে আবার খেপে গিয়েছিলেন ছোট ভাই জেরোম, ‘কেভিন ভেবেছিল আমি ওর পক্ষ নিয়ে বালাকের সমালোচনা করব। ওর সঙ্গে কোনো ধরনের যোগাযোগ রাখতে চাই না আমি। ও কী করল না-করল বা কী বলল, সেসবে কিচ্ছু আসে যায় না। ওসব নিয়ে কথা বলতেও রুচিতে বাধে আমার।’
সেই তিক্ততায় প্রলেপ দিয়েছে সময়। দেড় বছর পর দুজনকে একসঙ্গে দেখা গেল মায়ামির সৈকতে। তখনই কেবল ফুটবল বিশ্ব জানল, দুই ভাইয়ের সম্পর্ক আবার স্বাভাবিক হয়েছে। ওই বছর দেড়েক বাদ দিলে এমনিতে দুজনের সম্পর্কটা ভালোই। দুই বছর আগে-পরে দুজনেরই জন্ম বার্লিনে। বাবা একজন হলেও মা ভিন্ন। তবে বেড়ে উঠেছেন একসঙ্গেই। অভিবাসী-অধ্যুিষত ওয়েডিংয়ের অলি-গলিতে খেলে ফুটবলের হাতেখড়ি দুজনেরই। হার্থা বার্লিনের স্কাউটদের নজর কেড়ে দুজনেরই উত্থান ওই ক্লাবের যুব প্রকল্প থেকে। হার্থায় পেশাদারি ক্যারিয়ারে শুরু দুজনেরই, খেলেছেনও একসঙ্গে। জেরোম পরে ইংল্যান্ড ঘুরে থিতু হয়েছেন বায়ার্নে, ইংল্যান্ড থেকে ইতালি ঘুরে কেভিনও জার্মানিতে ফিরেছেন শালকের হয়ে।
জেরোমোর মতো কেভিনও কিন্তু খেলতে চেয়েছিলেন জার্মানির হয়েই। অনূর্ধ্ব-১৫ দল থেকে শুরু করে খেলেছেন জার্মানির অনূর্ধ্ব ১৬, ১৭, ১৯, ২০ ও ২১ দলে। তবে জাতীয় দলে প্রতিদ্বন্দ্বিতা বেশি দেখে ২০০৯ সালে বেছে নেন বাবার দেশ ঘানাকে। এর আগে কখনো ঘানাতে যাননি কেভিন, গেলেন সেবারই প্রথম। স্থায়ীভাবে জার্মানিতে থাকলেও মনপ্রাণ জুড়ে ঘানা। গর্বভরে বলেন, ‘আমি নিজেকে আফ্রিকানই মনে করি।’ ২৫ বছর বয়সী জেরোম তো এখনো যাননি বাবার দেশে!
দুই ভাইয়ের দেখা নিয়মিত না হলেও ফোনে কথা প্রায় প্রায়ই, চলে এসএমএস চালাচালি। দুজনের তিক্ততার সেই সময়টা মনে করে এখন হাসতেও পারেন কেিভন, ‘তখন অবশ্যই কিছু সমস্যা ছিল আমাদের মধ্যে, এখন আর নেই।’ এই ম্যাচের জন্য কয়েক দিন ধরে আবার ইচ্ছে করেই যোগাযোগ বন্ধ রেখেছেন দুজন। বিশ্বকাপের বিশ্বযুদ্ধে কী আর সম্পর্ক ভাবলে চলে, মাঠে নামলে সবাই প্রতিপক্ষ, শত্রু! এএফপি, রয়টার্স, ওয়েবসাইট।