ভাই বনাম ভাই
ভাইয়ে ভাইয়ে যুদ্ধ! ঢালিউডি সিনেমার নাম উঠে এল কেন? উঠে এল হাসি ভাইদের কারণে। এক ভাইয়ের মুখের হাসি যে কেড়ে নিতে পারেন অন্যজন। বড় ভাই মাইক হাসিকে জায়গা করে দিতে গিয়ে দল থেকে বাদ পড়তে পারেন ডেভিড!১৩ মার্চ বেঙ্গালুরুতে কেনিয়ার বিপক্ষে ম্যাচ আছে অস্ট্রেলিয়ার। ওই ম্যাচ দিয়েই এবারের বিশ্বকাপে নামার কথা মাইকের। কিন্তু প্রশ্ন হলো, তাঁকে জায়গা করে দেবে কে? হাসি তো দলেই এসেছেন এক বোলারের ইনজুরির সুবাদে। সুতরাং ১৫ জনের দলে বেড়ে গেছে একজন ব্যাটসম্যান।সাধারণত মাইক হাসি ব্যাট করেন ছয়ে। এবার বিশ্বকাপে এই ছয় নম্বরে ব্যাট করেছেন ডেভিড হাসি। ব্যাটিংয়ের সুযোগ অবশ্য ওই এক ম্যাচেই পেয়েছেন। ৮ বলে করেছিলেন ১৪ রান। বোলিংয়ের সুযোগও খুব একটা পাননি। জিম্বাবুয়ের বিপক্ষে ওই ম্যাচেই ৪ ওভার বোলিং করেছিলেন। এখন পর্যন্ত বিশ্বকাপে ওই ৪ ওভার বোলিং করে ১ উইকেট তাঁর।ডেভিডকে বাদ দেওয়ার পেছনে পারফরম্যান্সের দোহাই পাড়ার সুযোগ কম। কিন্তু তা হলে বাদ দেওয়া হবে কাকে? কোপটা পড়তে পারে ক্যামেরন হোয়াইট ও স্টিভেন স্মিথের ওপরও। কিন্তু লেগ স্পিনের পাশাপাশি স্মিথের দুর্দান্ত ফিল্ডিং অস্ট্রেলিয়ার জন্য হতে পারে বাড়তি অস্ত্র। শ্রীলঙ্কার বিপক্ষে বৃষ্টিতে ভেসে যাওয়া ম্যাচে একটি দুর্দান্ত রানআউট ও একটি ক্যাচ নিয়েছিলেন স্মিথ। হোয়াইটও নিউজিল্যান্ডের বিপক্ষে অপরাজিত ২২ রানের ইনিংসটায় ইঙ্গিত দিয়েছিলেন ভালো ফর্মের। তা ছাড়া ২০০৯ আগস্ট থেকে এখন পর্যন্ত অস্ট্রেলিয়ার ৫৪ ম্যাচের প্রতিটিতেই খেলেছেন হোয়াইট।হোয়াইট-স্মিথের তুলনায় বয়সে বড় হলেও অভিজ্ঞতায় আবার একটু পিছিয়ে আছেন ডেভিড। অস্ট্রেলিয়া দলেও তিনি ছিলেন না দীর্ঘদিন। জানুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের আগে ডেভিড সর্বশেষ খেলেছেন ২০০৯ সালের আগস্টে। ওই সিরিজে অবশ্য ভালো ব্যাটিং করেছেন। গড় ছিল ৪৭.২০। সব মিলে ডেভিডের বিশ্বকাপ এক ম্যাচে ১৪ রান আর ৪ ওভার বোলিংয়েই হয়তো শেষ হতে যাচ্ছে। সেটিও তাঁর ভাইয়েরই কারণে। ডেভিড অবশ্য তাতে কতটা মন খারাপ করবেন কে জানে। কারণ অস্ট্রেলিয়া দলে মাইক হাসিকে দরকার নেই বলে যখন আলোচনা সরগরম ছিল, সেই সময় এই ডেভিডই জোর গলায় ভাইয়ের হয়ে কথা বলেছেন।মাইক হাসিও বিশ্বকাপে খেলতে মরিয়া ছিলেন। মরিয়া ছিলেন আসলে বিশ্বকাপ দুঃস্মৃতি মুছে ফেলার জন্য। গত বিশ্বকাপে যাচ্ছেতাই খেলেছেন। প্রথম চার ম্যাচে রান করেছিলেন মাত্র ২০। ওই বিশ্বকাপে বাকি দুই ইনিংসে তাঁর ব্যাটে রান উঠেছিল ৩০ ও ৩৭! দারুণ ফর্মে থাকা মাইকের জন্য সেই মুছে ফেলার সুযোগ।আর সেই সুযোগ পেতে হলে বঞ্চিত করতে হতে পারে আপন ভাইকে। তাহলে ফিরে আসবে ১৯৯১ সালের এক ঘটনা। যেবার স্টিভ ওয়াহ বিষণ্ন মনে বাড়ি ফিরে মাকে বলেছিলেন, টেস্ট দলে জায়গা হারিয়েছেন তিনি। মায়ের জিজ্ঞাসা ছিল, কে নিল তাঁর জায়গা। স্টিভ আঙুল তুলে দেখিয়ে দিয়েছিলেন যমজ ভাই মার্ক ওয়াহর দিকে! ওয়েবসাইট।