ভাই-বন্ধু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাকিব আল হাসান ও তামিম ইকবাল। বাংলাদেশ দলের দুই ভরসার নাম। ভালো বন্ধুও। বয়সভিত্তিক দল থেকেই খেলছেন একসঙ্গে। মাঠে বিভিন্ন সময়ে, দলের সংকটে দুজন আলাদা করে সলাপরামর্শ করেন। কালও দিনের দ্বিতীয় ও তৃতীয় সেশনে দুজন অনেকবারই ফিল্ডিং সাজানো নিয়ে কিংবা পরবর্তী পরিকল্পনা নিয়ে কথা বলেছেন। তবু ইংল্যান্ড ইনিংসের ৪১তম ওভারের ঘটনাটিকে অদ্ভুতই বলতে হচ্ছে। সাকিবের প্রথম বলটি ঠিকভাবে খেলতে পারেননি বেন স্টোকস। উঠে গিয়েছিল রিটার্ন ক্যাচ, সামনে ঝাঁপিয়ে পড়েও সেটি তালুবন্দী করতে না পেরে ওই অবস্থাতেই কিছুক্ষণ শুয়ে থাকলেন সাকিব। মিড অফে দাঁড়িয়ে তামিমও তখন বন্ধুকে অনুসরণ করতে গিয়ে শুয়ে পড়লেন মাঠে, সাকিবের ভঙ্গিতেই। দেখে মনে হচ্ছিল মিড অফেও ক্যাচ উঠেছিল, আর একটুর জন্য সেটি তামিমের হাতছাড়া! একটু পরই অবশ্য উঠে পড়েন তামিম, তবে ভূমিশয্যা ছাড়তে সাকিব সময় নেন আরেকটু।