ভাইজাগে অপরাজিত চ্যাম্পিয়ন রাজীব
শিরোপার সুবাসটা পাচ্ছিলেন শেষ তিন রাউন্ড ধরেই। ভারতের বিশাখাপত্তনমে ভাইজাগ ওপেন গ্র্যান্ডমাস্টার্স দাবায় শেষ রাউন্ড পর্যন্ত অপরাজিত থেকেই কাল চ্যাম্পিয়ন হলেন বাংলাদেশের গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন (রাজীব)। ১১ খেলায় সাড়ে আট পয়েন্ট পেয়েছেন তিনি। জিতেছেন ৬টি ম্যাচ, ড্র করেছেন ৫টি।কাল একাদশ ও শেষ রাউন্ডে জয়টাই বেশি করে চাইছিলেন রাজীব। শেষ পর্যন্ত ড্র করেন ভারতের আন্তর্জাতিক মাস্টার জি এ স্ট্যানির সঙ্গে। খেলা শেষে ভারতের গ্র্যান্ডমাস্টার আদিভান ও আর্মেনিয়ার গ্র্যান্ডমাস্টার ডেভিড পেত্রোশিয়ানের সঙ্গে রাজীবেরও পয়েন্ট দাঁড়ায় সাড়ে আট। কিন্তু টাইব্রেকিং পদ্ধতিতে চ্যাম্পিয়ন হন রাজীব। রানারআপ হয়েছেন আদিভান।গত মাসে ভারতের নাগপুরে গ্র্যান্ডমাস্টার্স টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছিলেন আরেক বাংলাদেশি গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। এবার রাজীবের চেয়ে মাত্র আধা পয়েন্ট কম পেলেও টাইব্রেকে দশম হয়েছেন জিয়া। ৭ পয়েন্ট করে নিয়ে গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ ২২তম, দেবরাজ চ্যাটার্জি ২৯তম ও মিনহাজউদ্দিন আহমেদ ৩১তম হয়েছেন। সাড়ে ছয় পয়েন্ট নিয়ে গ্র্যান্ডমাস্টার আবদুল্লাহ আল রাকিব ৩৪তম, ছয় পয়েন্ট করে নিয়ে আন্তর্জাতিক মহিলা মাস্টার শামীমা আক্তার (লিজা) ৬১তম ও শেখ নাসির আহমেদ ৬৭তম, সাড়ে পাঁচ পয়েন্ট পেয়ে আবু সুফিয়ান ৭৫তম, তৈয়বুর রহমান ৭৬তম ও ফিদে মাস্টার মেহেদি হাসান ৭৮তম হয়েছেন। চ্যাম্পিয়ন রাজীব দুই লাখ ভারতীয় রুপি পুরস্কার পেয়েছেন। ভারত থেকে খেলোয়াড়েরা ফিরলে পাঁচ গ্র্যান্ডমাস্টারের অংশগ্রহণে ৮ নভেম্বর শুরু হবে জাতীয় দাবা।