ভাইজাগে শীর্ষেই আছেন রাজীব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অষ্টম রাউন্ড শেষেও ভাইজাগ গ্র্যান্ডমাস্টার্স দাবায় এককভাবে সবার ওপরে আছেন বাংলাদেশের গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব। আট ম্যাচে সাত পয়েন্ট তাঁর। নিকটতম দুই প্রতিদ্বন্দ্বীর চেয়ে তিনি এগিয়ে আছেন আধা পয়েন্টে।আগের রাউন্ডের মতোই কাল অষ্টম রাউন্ডেও এক ইউক্রেনিয়ান গ্র্যান্ডমাস্টারকে হারিয়েছেন রাজীব। এবার তাঁর শিকার আন্দ্রেই ভোভক। ১১ রাউন্ডের এই টুর্নামেন্টে রাজীব শীর্ষস্থান ধরে রাখলেও দুই থেকে তিন-এ নেমে গেছেন আবদুল্লাহ আল-রাকিব। ছয় পয়েন্ট নিয়ে আরও নয়জনের সঙ্গে তিন-এ আছেন বাংলাদেশের আরেক গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদও। সাড়ে পাঁচ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান ও আন্তর্জাতিক মাস্টার মিনহাজউদ্দিন আহমেদ।