বড় ভাই অ্যান্ডির কোচিংয়ে ক্রিকেটে প্রথম ‘বিশ্বকাপ’ জিতল ইংল্যান্ড। ছোট ভাই গ্রান্ট অবশ্য এখনো খেলছেন। বাংলাদেশের বিপক্ষে গত ম্যাচেই নেতৃত্ব দিয়েছেন কাউন্টি দল এসেক্সকে। জিম্বাবুয়ের এই দুই ফ্লাওয়ার ভাই একটা রেকর্ড নিজেদের করে রেখেছেন। ভাইদের মধ্যে টেস্টে সর্বোচ্চ পার্টনারশিপের রেকর্ড। ১৯৯৫ সালে হারারে টেস্টে পাকিস্তানের বিপক্ষে চতুর্থ উইকেটে ২৬৯ রানের জুটি গড়েন এই দুজন। চ্যাপেল ভাইয়েরা একটু পিছিয়ে আছেন। ১৯৭৪ সালের মার্চে ওয়েলিংটন টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় উইকেটে ইয়ান ও গ্রেগ করেছিলেন ২৬৪ রান। ওয়াহ ভাইরা আছেন এর পর। ১৯৯৫ সালে কিংস্টন টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চতুর্থ উইকেটে ২৩১ রান তোলেন স্টিভ ও মার্ক। প্রথম শ্রেণীর ক্রিকেটে ভাইদের সর্বোচ্চ রানের জুটির রেকর্ডটা কিন্তু এই দুজনেরই। ১৯৯০-৯১ মৌসুমে নিউ সাউথ ওয়েলসের হয়ে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার বিপক্ষে চতুর্থ উইকেটে ৪৬৪ রান তোলেন ওয়াহ ভাইয়েরা।