ভাইস-চ্যাম্পিয়ন হয়ে ফিরলেন নাদাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রজার ফেদেরার, নোভাক জোকোভিচ—এই দুজনের সঙ্গে যদি হোরেসিও জেবালসকে টেনে আনা যায়, কপালে চোখ উঠতে পারে আপনার। কে এই হোরেসিও জেবালস? আন্তর্জাতিক টেনিসে এই নামটা প্রায় অখ্যাত। কিন্তু বাস্তবতা, একটা জায়গায় এখন ফেদেরার-জোকোভিচের কাতারেই দাঁড়িয়ে টেনিস র‌্যাঙ্কিংয়ের ৭৩তম এই আর্জেন্টাইন।ক্লে-কোর্টের টুর্নামেন্ট ভিনা দেল মারের ফাইনালই পরশু দুই টেনিস গ্রেটের পাশে নিয়ে এসেছে হোরেসিও জেবালসকে। ফেদেরার ও নোভাক জোকোভিচের পর এই জেবালসই প্রথম ক্লে-কোর্টের ফাইনালে হারিয়ে দিলেন নাদালকে। মানে ফেরার টুর্নামেন্টে নাদাল হলেন রানারআপ, ভাইস-চ্যাম্পিয়ন। সাত মাস পর নাদাল টেনিসে ফেরেন চিলির এই টুর্নামেন্ট দিয়ে। দ্বৈতের পাশাপাশি এককের ফাইনালেও উঠেছিলেন। কিন্তু পরশু দুটি ফাইনালেই হেরে গেলেন ১১টি গ্র্যান্ড স্লামজয়ী স্প্যানিয়ার্ড। তুমুল প্রতিদ্বন্দ্বিতা গড়ে প্রথম সেট জিতলেও শেষ পর্যন্ত পারেননি। জেবালস জিতে যান ৬-৭ (২/৭), ৭-৬ (৮/৬), ৬-৪ গেমে। আর জেবালসেরই স্বদেশি হুয়ান মোনাকোকে নিয়ে দ্বৈতের ফাইনালে হেরেছেন ইতালির পাওলো লরেঞ্জি-পোতিতো স্টারেসের কাছে (৬-২, ৬-৪)।নাদালের বিপক্ষে ফাইনাল খেলতে পেরেই যাঁর খুশি হওয়ার কথা, তাঁকে হারানোর পর তাঁর প্রতিক্রিয়াটা অন্য রকমই হওয়ার কথা। ‘এখনো আমি স্বপ্ন দেখছি। নাদালের সঙ্গে ফাইনাল খেলাটাই আমার কাছে অনেক কিছু। এটা এমন একটি মুহূর্ত, যা আজীবন আমার স্মৃতিতে অম্লান থাকবে’—প্রথম এটিপি শিরোপা জয়ের পর বললেন আবেগাপ্লুত জেবালস। এএফপি।