ভাইসব... ভাইসব...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্লিন্সমান
ক্লিন্সমান

হাঁক বলুন আর ডাক বলুন—এই উদাত্ত আহ্বান (!) শোনেননি, এমন খুব কম মানুষই আছেন। বাংলা ছবির ট্রেলারে দৃষ্টি আকর্ষণের এই আকর্ষণীয় পদ্ধতি হয়তো ফেসবুক, টুইটারের জামানায় মরচে পড়ে গেছে। তবে যুক্তরাষ্ট্র কোচ ইয়ুর্গেন ক্লিন্সমান যা করলেন, তাতে ওই স্মৃতিগুলো মনে পড়ে যেতে বাধ্য! গতকাল রাতেই নির্ধারিত হয়ে গেছে যুক্তরাষ্ট্র দ্বিতীয় পর্বের সিঁড়িতে পা রেখেছে কি না। তবে জার্মানির বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ের আগে যুক্তরাষ্ট্র দলের টুইটার অ্যাকাউন্ট থেকে ক্লিন্সমানের হাতে লেখা একটি নোট টুইট করা হয়েছিল। নোটটির সারকথা: ব্যস্ত আমেরিকানরা যেন কাজ ফেলে ম্যাচটি দেখেন।
‘আমি বুঝি, কাজ ফেলে খেলা দেখলে আপনার কর্মক্ষেত্রের উৎপাদনশীলতা হ্রাস পেতে পারে। কিন্তু আপনাদের আশ্বস্ত করতে চাই, এই ত্যাগ স্বীকার গুরুত্বপূর্ণ একটা কারণেই করতে হবে। আমাদের দল বিশ্বকাপে জার্মানির বিপক্ষে কঠিন এক ম্যাচ খেলতে যাচ্ছে। এই মুহূর্তে সবার সমর্থন ছাড়া আমরা দ্বিতীয় পর্বে যেতে পারব না।’
ক্লিন্সমানের এই আকুতি নিষ্ফলা হলো কি না, তা পাঠকের ইতিমধ্যে জেনে যাওয়ার কথা। ইয়াহু স্পোর্টস