ভাইয়ে ভাইয়ে যুদ্ধ
বিশ্বকাপ আরও একবার মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে দুই ভাইকে। গতবারের মতো এবারও গ্রুপ পর্বেই দেখা হয়ে যাবে বোয়েটাং ভাইদের। শুধু ভাইয়ে ভাইয়েই নয়, আগামী বছরের ব্রাজিল বিশ্বকাপে যুদ্ধ হবে গুরু-শিষ্যেরও। যুক্তরাষ্ট্রের কোচ হিসেবে সাবেক শিষ্য জোয়াকিম লোর বিরুদ্ধেই লড়তে আসবেন ইয়ুর্গেন ক্লিন্সম্যান।
গত বিশ্বকাপে নতুন এক ইতিহাসই গড়েছিলেন বোয়েটাং ভাইরা। বিশ্বকাপের আসরে দুই ভাইয়ের মুখোমুখি লড়াইয়ের ঘটনা সেবারই ঘটেছিল প্রথমবারের মতো। এবারও সেই ইতিহাসটারই পুনরাবৃত্তি ঘটতে যাচ্ছে ব্রাজিল বিশ্বকাপে। ড্রয়ের ভাগ্য আবারও একই গ্রুপে ফেলে দিয়েছে জার্মানি ও ঘানাকে। ফলে ২০১০ সালের মতো এবারও একে অপরের বিরুদ্ধে মাঠে নামবেন জার্মানির ডিফেন্ডার জেরোমে বোয়েটাং ও ঘানার মিডফিল্ডার কেভিন প্রিন্স বোয়েটাং। লড়াইটার জন্য মুখিয়েও আছেন জার্মানির বোয়েটাং। এটা নাকি তাঁর কাছে ইচ্ছা পূরণের মতো ব্যাপার, ‘সত্যিই কিছু কিছু ইচ্ছা সত্যি হয়ে যায়। ড্রটা হয়েছে আমার স্বপ্নের মতো। বিশ্বকাপে ভাইয়ের বিপক্ষে খেলার জন্য আমি মুখিয়ে আছি।’ গত বিশ্বকাপে গ্রুপ পর্বের বাধা পেরিয়ে দুই ভাইয়ের দলই গিয়েছিল পরবর্তী রাউন্ডে। তবে এবার সমীকরণটা কঠিনই হবে বোয়েটাং ভাইদের জন্য। জার্মানি ও ঘানার সঙ্গে ‘জি’ গ্রুপের সঙ্গী অপর দুটি দলও যথেষ্ট শক্তিশালী। দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করার জন্য ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল আর যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াইয়েই নামতে হবে তাদেরকে।
শুধু ভাইয়ে-ভাইয়ে যুদ্ধই না, কাকতালীয়ভাবে ‘জি’ গ্রুপটা হয়ে গেছে গুরু-শিষ্যের লড়াইয়ের মঞ্চও। ২০০৬ সালের বিশ্বকাপে ক্লিন্সম্যানের সহকারী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন লো। ক্লিন্সম্যানের কাছ থেকেই শিখেছিলেন কোচিংয়ের খুঁটিনাটি। সেই বিশ্বকাপ শেষে ক্লিন্সম্যান সরে দাঁড়ালে নতুন কোচ হিসেবে দায়িত্ব নিয়েছিলেন লো। দুজনের মধ্যে ভালো বন্ধুত্ব থাকলেও বিশ্বকাপে ‘শত্রু’ হিসেবেই দেখা হবে দুই জার্মান কোচের। ম্যাচটার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন জানালেও এ ব্যাপারে খুব বেশি কিছু বলতে রাজি হননি জার্মানির কোচ। গতকাল বিশ্বকাপের ড্র শেষে তিনি বলেছেন, ‘ইয়ুর্গেন আর আমার খুবই ভালো একটা সম্পর্ক ছিল। আর আমি এই ম্যাচটার জন্য অপেক্ষা করছি। কিন্তু এই ধরনের ম্যাচ নিয়ে কিছু কথা আপনি কখনোই বলতে চাইবেন না।’