ভাইয়ের প্রেরণা যখন বোন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লন্ডন অলিম্পিকে ব্যক্তিগত কোনো ইভেন্টেই ফাইনালে ওঠা হয়নি। ফাইনালে উঠে লরা মানাডু একটা পদকও গলায় ঝুলাতে পারলে এবারের অলিম্পিকটাই হয়ে যেত ভাইবোনের অলিম্পিক। অবশ্য লরা পদক না পেলেও বাইরে বসে যা করেছেন সেটাই বা কম কি! ছোট ভাই ফ্লোরেন্ট মানাডু যে ৫০ মিটার ফ্রিস্টাইলে বিস্ময় উপহার দিল, তার পেছনে বড় অনুপ্রেরণা তো তিনিই।সাঁতারে ‘ফরাসি বিপ্লব’-এর সাক্ষীই হয়ে থাকবে লন্ডন অলিম্পিক। এক দশক আগেও অলিম্পিক সাঁতারে যাদের একটি সোনার অপেক্ষা ছিল ৫০ বছরের, সেই ফরাসিরা এবার সাঁতারে জিতেছে চারটি সোনা! সর্বশেষটি পুরুষদের ৫০ মিটার ফ্রিস্টাইলে, ফ্লোরেন্ট মানাডুর হাত ধরে। এবার পুল থেকে ফ্রান্সের পদক সাতটি। সাঁতারে ৫০ মিটার ফ্রিস্টাইলকে মনে করা হয় অ্যাথলেটিকসের ১০০ মিটারের কার্বনকপি। গতি ও পাওয়ারের প্রদর্শনীর ইভেন্টে সোনাজয়ীর গায়েই উঠে দ্রুততম সাঁতারুর খেতাব। সবাইকে বিস্মিত করে লন্ডনে সেই দ্রুততম সাতারুর খেতাব কেড়ে নিয়েছেন ফ্রান্সের ২১ বছর বয়সী সাঁতারু। সময় করেছেন ২১ দশমিক ৩৪ সেকেন্ড। ২১ দশমিক ৫৪ সেকেন্ড সময় নিয়ে রুপা জিতেছেন যুক্তরাষ্ট্রের কালেন জোনস। বেইজিংয়ের দ্রুততম সাঁতারু বিশ্ব রেকর্ডধারী ব্রাজিলের সিজার সিয়েলো ব্রোঞ্জ পেয়েছেন ২১ দশমিক ৫৯ সময় করে।সাঁতার শেষে ফ্লোরেন্টই বলেছেন, তাঁর চ্যাম্পিয়ন হওয়ার পেছনে টনিক হিসেবে কাজ করেছে দুটি বিষয়। এক. মাথাটা ঠান্ডা রেখেছেন। দুই. সাবেক অলিম্পিক চ্যাম্পিয়ন বড় বোন লরা সাহায্য করেছেন পেছন থেকে অনুপ্রেরণা জুগিয়ে। ‘আমার অলিম্পিক স্বপ্ন পূরণের পথে আমার বড় বোন পূর্ণ সমর্থন দিয়েছে। বলেছে, যদি আমার প্রয়োজনে সে সব সময়ই আমার পাশে থাকবে’—বড় বোনকে কৃতজ্ঞতা জানালেন ফ্লোরেন্ট। ফ্লোরেন্টের সাঁতারু হওয়া এবং অলিম্পিকে সোনা জেতার পেছনে তাঁর চেয়ে চার বছরের বড় বোন কতটা প্রভাবক ছিলেন, সেটি বুঝতে পেছনে তাকাতে হবে। ২০০৪ এথেন্স অলিম্পিকে ফ্রান্সের প্রথম মহিলা সাতারু হিসেবে অলিম্পিকে সোনা জেতেন লরা। মেয়েদের ৪০০ মিটার ফ্রিস্টাইলে লরার সোনাটি ছিল পুরুষ-মহিলা মিলিয়েই অলিম্পিক সাঁতারে ফ্রান্সের ৫০ বছর পর সোনা। ২০০৪ থেকে ২০০৮, টানা চার বছর ৪০০ মিটার ফ্রিস্টাইলে লরা ছিলেন অপরাজিত। এই সময়ে তিনি জেতেন টানা ২৩টি ফাইনালে। লরা মাথায় তুলেছিলেন বিশ্ব ও ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের মুকুট।লরার যোগ্য উত্তরসূরি হিসেবেই ফ্লোরেন্ট গলায় তুলে নিলেন লন্ডন অলিম্পিকের দ্রুততম সাঁতারুর মালা। শুধু নিজের নয়, এবার সাঁতারে ফ্রান্সের বিস্ময়কর সাফল্যের পেছনেও তাঁর বড় বোনের অবদানকেই বড় করে দেখছেন ফ্লোরেন্ট, ‘শুরুটা হয়েছিল ২০০৪ অলিম্পিকে আমার বোনের ৪০০ মিটার ফ্রিস্টাইলে সোনা জিতে। পরে অ্যালাইন বারনার্ড, যিনি বেইজিং অলিম্পিকে চ্যাম্পিয়ন।’ এএফপি, রয়টার্স।