ভাগ্য আর স্টেইনে জয়ের হাসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেই ডেল স্টেইন, সেই চিরচেনা আগ্রাসী উদ্যাপন। এটি অবশ্য কেন উইলিয়ামসনকে আউট করার পর, কাল চট্টগ্রামে নিউজিল্যান্ডের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার মুঠো গলে বেরিয়ে যেতে চাওয়া ম্যাচটি জিতিয়েছেন কিন্তু স্টেইনই  এএফপি
সেই ডেল স্টেইন, সেই চিরচেনা আগ্রাসী উদ্যাপন। এটি অবশ্য কেন উইলিয়ামসনকে আউট করার পর, কাল চট্টগ্রামে নিউজিল্যান্ডের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার মুঠো গলে বেরিয়ে যেতে চাওয়া ম্যাচটি জিতিয়েছেন কিন্তু স্টেইনই এএফপি

বিশ্ব আসরে দক্ষিণ আফ্রিকার জন্য ভাগ্য মানেই দুর্ভাগ্য। সৌভাগ্যের ছোঁয়া খুব কমই পেয়েছে প্রোটিয়ারা। কাল হাশিম আমলার দুর্দান্ত শটটি জেপি ডুমিনির ব্যাটে লেগে যখন আশ্রয় নিল কোরি অ্যান্ডারসনের হাতে, ড্রেসিং রুমে বসে মাথায় হাত রাখলেন ফ্যাফ ডু প্লেসিসও। ভাবলেন, আজ আরেকবার বুঝি সেই দুর্ভাগ্যের সঙ্গে সাক্ষাতের দিন। কয়েক ঘণ্টা পর সংবাদ সম্মেলনে বসে এই গল্প যখন শোনাচ্ছেন, প্রোটিয়া অধিনায়কের মুখে তখন হাসি। ততক্ষণে জেনে গেছেন, সৌভাগ্য বলে কিছু ব্যাপার আছে!
ম্যাচ-সেরা জেপি ডুমিনি, জয়ের নায়ক ডেল স্টেইন। তবে এসব ম্যাচ জিততে যে ভাগ্যের ছোঁয়াও লাগে, দক্ষিণ আফ্রিকানদের চেয়ে ভালো আর কে জানে! নিউজিল্যান্ডের বিপক্ষে দারুণ জয়টির পর ডু প্লেসিস তাই ভাগ্যের ভূমিকাকেও সাদরে বরণ করলেন, ‘টি-টোয়েন্টিতে ভাগ্যকে পাশে পাওয়া অবশ্যই প্রয়োজন। বিভিন্ন সময়ে শিরোপাজয়ী দলগুলোর দিকে তাকান, কিছু না কিছু একটা সব সময়ই তাদের পক্ষে গেছে। আজ হাশিমের অমন আউটের পর মনে হচ্ছিল, ভাগ্যে বুঝি খারাপই আছে। যাই হোক, শেষ পর্যন্ত ভাগ্য দিক বদলেছে। আশা করি, সামনে এগিয়ে যাওয়ার পথেও ভাগ্যটাকে পক্ষে পাব।’
তবে ভাগ্য তো আর আকাশ থেকে এসে বা বাতাসে ভেসে ভেতরে ঢুকে পড়া কোনো কিছু নয়। কোনো একজন-দুজনের ওপর ভর করে তা। কিংবা সেই একজন-দুজনই ডেকে আনে ভাগ্যকে। কাল যেমন ছিলেন ডেল স্টেইন। শেষ ওভারে ৭ রানের সমীকরণে জয়ের আত্মবিশ্বাস খুব একটা ছিল না ডু প্লেসিসের। তবু স্টেইনের দিকে তাকিয়ে মনে হলো, হয়ে যেতেও পারে! ‘সত্যি বলতে, ‘আমি ভেবেছিলাম ৮ রানের নিচে হলে আটকানো কঠিন। তবে স্টেইন যেভাবে বোলিং করছিল, মনের কোথায় খানিকটা আশাও ছিল। আমরা চেয়েছিলাম যাতে টেলর স্ট্রাইকে আসতে না পারে, স্টেইন সেটাই করতে পেরেছে।’

চোকার তকমাধারী দলটিই এবার পেল উল্টো স্বাদ। দেখল তাদের বিপক্ষেই কীভাবে চোক করছে প্রতিপক্ষ! ডু প্লেসিসদের জন্য আনন্দময় বিস্ময় হয়ে এসেছে এই ভাগ্য বদল, ‘বলার অপেক্ষা রাখে না, এই মুহূর্তে আমরা দারুণ সুখী একটি দল! প্রতিপক্ষের মুঠো থেকে জয় ছিনিয়ে আনার স্বাদটা অনির্বচনীয়। জেপি অসাধারণ এক ইনিংস খেলল, আর আমি জানতাম আমার হাতে তো ট্রাম্প কার্ড আছেই, ডেল স্টেইন!’

ডু প্লেসিস ভাগ্যকে পাশে পেয়ে খুশি, উল্টো প্রান্তে ব্রেন্ডন ম্যাককালাম। স্টার স্পোর্টসের কাছে বিশদ বললেন ভাগ্যহত কিউই অধিনায়ক, ‘দক্ষিণ আফ্রিকাকে কৃতিত্ব দিতেই হবে, ওরা কখনো হাল ছাড়েনি। তবে ম্যাচটি আমাদের ৩-৪ ওভার আগেই জেতা উচিত ছিল। স্টেইনের মতো একজন বোলারের বিপক্ষে শেষ ওভারের চ্যালেঞ্জে গেলে যেকোনো কিছুই হতে পারে। তার পরও অবশ্য ভাগ্যটাকে পাশে পেলেই হয়তো ম্যাচটি জিতে যেতে পারতাম।’

দক্ষিণ আফ্রিকা: ২০ ওভারে ১৭০/৬ (ডি কক ৪, আমলা ৪১, ডু প্লেসিস ১৩, ডি ভিলিয়ার্স ৫, ডুমিনি ৮৬*, মিলার ৬, অ্যালবি মরকেল ১৩, স্টেইন ১*; মিলস ১/২৯, ম্যাকলেনাহান ০/৩০, সাউদি ২/৪৬, নাথান ম্যাককালাম ১/২৪, অ্যান্ডারসন ২/২৮, উইলিয়ামসন ০/১৩)।

নিউজিল্যান্ড: ২০ ওভারে ১৬৮/৮ (গাপটিল ২২, উইলিয়ামসন ৫১, ব্রেন্ডন ম্যাককালাম ৪, টেলর ৬২, মানরো ৭, অ্যান্ডারসন ৭, রনকি ৫, নাথান ম্যাককালাম ৪, সাউদি ০*; ডুমিনি ০/৩০, সতসোবে ০/২৯, স্টেইন ৪/১৭, মরনে মরকেল ০/৫০, অ্যালবি মরকেল ১/১৩, তাহির ২/২৭)।

ফল: দক্ষিণ আফ্রিকা ২ রানে জয়ী।

ম্যান অব দ্য ম্যাচ: জেপি ডুমিনি।

৫০

অষ্টম ও নবম বোলার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৫০ উইকেট পেলেন নিউজিল্যান্ডের নাথান ম্যাককালাম ও দক্ষিণ আফ্রিকার ডেল স্টেইন। 

১০০০

১৪তম ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে হাজার রানের মাইলফলকছুঁয়েছেন নিউজিল্যান্ডের রস টেলর।

৩৭.৬৪

টি-টোয়েন্টিতে জেপি ডুমিনির ব্যাটিং-গড়। হাজার রান করা ১৪ ব্যাটসম্যানের মধ্যে একমাত্র কেভিন পিটারসেনের (৩৭.৯৩) গড়ই বেশি ডুমিনির চেয়ে।

৪/১৭

ডেল স্টেইনের দ্বিতীয় সেরা বোলিং। সেরা ৯ রানে ৪ উইকেট, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০০৭ সালে।