ভাগ্য এবার ইংল্যান্ডের পক্ষে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোয়ার্টার ফাইনালে তো ওঠা হলো, তাহলে সেমিফাইনালে কেন নয়? স্বাগতিক ইউক্রেনকে কোনোরকমে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করা ইংল্যান্ড এবার পাখির চোখ করেছে সেমিফাইনালকে। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে তো এড়ানো গেছে। আরেক সাবেক চ্যাম্পিয়ন ইতালিকে খুবই হারানো সম্ভব, এমনটাই ভাবছেন ওয়েইন রুনি। ইংরেজ সিংহরা যে অনেক দূর যাবে তা নিয়ে খুব একটা সংশয় নেই কোচ ও অধিনায়কেরও। পরশু দানেৎস্কে স্বাগতিক ইউক্রেনের বিপক্ষে ইংল্যান্ডের জয়টা ছিল বিতর্কিত। ম্যাচের ৪৮ মিনিটে জেরার্ডের ক্রস থেকে হেডে গোল করেছেন নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা ওয়েইন রুনি। আর ইউক্রেনের একটি গোল দেননি পঞ্চম রেফারি। পুরো ম্যাচেই ইংল্যান্ডকে পাত্তা না দেওয়া ইউক্রেনের হারটা আসলে দুর্ভাগ্যজনক। এই হারেই শেষ হয়ে গেছে সহস্বাগতিকদের ইউরো মিশন। হাঁচড়ে-পাঁচড়ে ভাগ্যক্রমে পাওয়া এই জয়েই ইংল্যান্ড স্বপ্ন দেখাচ্ছে অনেক দূর যাওয়ার। গত চারটি বড় টুর্নামেন্টের তিনটিতেই ইংল্যান্ডের দৌড় শেষ হয়ে গিয়েছিল শেষ আটে। তবে এবার শেষ আট ছাড়িয়ে যাওয়ার বিশ্বাসটা ছড়িয়ে পড়েছে দলের মধ্যে। ম্যাচের একমাত্র গোলদাতা রুনির কণ্ঠেও সেই বিশ্বাসের অনুরণন, ‘আমি সত্যিই আশা করছি, এবার আমরা কোয়ার্টার ফাইনাল পেরোব। যদিও ইতালির বিপক্ষে ম্যাচটা কঠিন হতে পারে, কারণ আমাদের খেলার ধরন প্রায় একই রকম, তবে আশা করছি আমরাই জিতব।’রুনির বিশ্বাস অন্য দলগুলো ইংল্যান্ডকে ভয়ই পাচ্ছে, ‘আমরা জানি, আমরা কী মানের আর কী করতে সক্ষম। আমার মনে হয় না অন্য কোনো দল আমাদের সঙ্গে খেলতে চাইবে।’পরশু ইউক্রেন যে দুর্ভাগ্যের সঙ্গে পরিচিত হলো, একই রকম দুর্ভাগ্য দুই বছর আগে গ্রাস করেছিল ইংল্যান্ডকে। এবার ভাগ্যটা নিজেদের পক্ষে আসাটাকে সুলক্ষণ মনে করছেন অধিনায়ক স্টিভেন জেরার্ড, ‘এ ধরনের টুর্নামেন্ট জিততে কিছুটা ভাগ্যেরও দরকার হয়। দুই বছর আগে ভাগ্য আমাদের সঙ্গে ছিল না। এবার দান উল্টেছে। তবে এতে এটাও প্রমাণ করে, পরিশ্রম ও লড়াই চালিয়ে যেতে থাকলে ভাগ্য আপনার সহায় হবেই।’নতুন কোচ কতটা কী করতে পারেন, তা নিয়ে অনেকেরই ছিল সংশয়। সংশয়টা আপাতত দূর করতে পেরে সন্তুষ্ট কোচ রয় হজসনের চোখও প্রসারিত অনেক দূর। এএফপি, রয়টার্স। ২৪ জুন কিয়েভে শেষ কোয়ার্টার ফাইনালে চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালির মুখোমুখি হবে ইংল্যান্ড। ইতালিকে পেছনে ফেলতে পারলে সেমিফাইনালে জার্মানি বা গ্রিসের সামনে পড়বে ইংলিশরা।