ভাগ্য বটে ক্যাসিয়াসের !
কী দুর্ভাগ্য ক্যাসিয়াসের! দীর্ঘদিন পর রিয়ালের গোলবারের নিচে দাঁড়ানোর সুযোগ পেয়েও তা ধরে রাখতে পারলেন না কেবল চোটের কাছে পরাজিত হয়ে। ডিয়েগো লোপেজের অসাধারণ পারফরম্যান্সের মুখে নিজেকে প্রমাণের মরিয়া প্রচেষ্টায় আবার কালো মেঘের ছায়া দেখছেন স্পেনকে দুটি ইউরোর পাশাপাশি বিশ্বকাপ জেতানো অধিনায়ক। কাল গ্যালাতাসারাইয়ের বিপক্ষে প্রথম একাদশে সুযোগ পেয়েও দুর্ভাগ্যজনক চোট তাঁকে আবার ফিরিয়ে নিয়েছে ডাগ আউটে।
ক্যাসিয়াসের এই নতুন চোট খুব অদ্ভুত ধরনের। কেউ নিতান্তই দুর্ভাগা না হলে এমন চোটে তাঁকে মাঠ ছাড়তে হয় না। ম্যাচের একেবারে শুরুতে নিরীহ-দর্শন একটি বল গ্রিপে নেওয়ার সময় সতীর্থ সার্জিও রামোসের কনুই হঠাত্ই লেগে যায় ক্যাসিয়াসের পাঁজরে। প্রথমে তেমন কিছু মনে না হলেও এই আঘাতেই খেলার অর্ধেক যেতে না যেতই মাঠ ছাড়তে হয় স্প্যানিশ গোলরক্ষককে। ভাগ্যের এই নির্মম পরিহাসে আবার রিয়ালের গোলদুর্গে সেই ডিয়েগো লোপেজই!
গত মৌসুমে হাত ভেঙে যাওয়ার পর হোসে মরিনহোর ‘শত্রু’ হয়ে আর মাঠে ফেরা হয়নি তাঁর। এই মৌসুমেও নতুন কোচ কার্লো আনচেলত্তির কাছে ব্রাত্যই মনে হচ্ছে ক্যাসিয়াসকে। অনেক কাঠখড় পুড়িয়েই কাল প্রথম একাদশে সুযোগ পেয়েছিলেন, নতুন চোট ক্যাসিয়াসের কপাল আবার কতটা পোড়ায়, সেটাই এখন দেখার বিষয়। তাঁর চোটটি কতটা গুরুতর, কত দিন মাঠের বাইরে থাকতে হবে, সেটা অবশ্য এখনো জানা যায়নি।
ক্যাসিয়াসের এই দুর্ভাগ্য ছুঁয়ে যাচ্ছে অনেককেই। রামোস বারবারই ক্ষমা চাচ্ছেন অধিনায়কের কাছে। অথচ খেলার মধ্যে সতীর্থের গায়ে বেকায়দায় কনুই লেগে যাওয়াটায় তো আর তাঁকে দোষারোপ করা যায় না। ক্যাসিয়াসের প্রতি সমব্যথী ক্রিস্টিয়ানো রোনালদোও। ম্যাচ শেষেই তিনি নিজের সমবেদনা পৌঁছে দিয়েছেন তাঁকে। ক্যাসিয়াস অবশ্য এটিকে সহজভাবেই নিয়েছেন, ‘খেলার মাঠে বেকায়দায় চোটটা পেয়ে গেলেও আমি আশাবাদী ও আবার মাঠে ফিরবে।’