ভাগ্য যখন পাত্রে রাখা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাজিল বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত হবে আগামী শুক্রবার। এর আগে ৩২টি দলকে চারটি ভিন্ন পাত্রে ভাগ করার ব্যাপার ছিল। নিয়মটা জানা ছিল, সঙ্গে একটি ফুটবল ওয়েবসাইটের সাহায্য নিয়ে গত রোববার প্রথম আলোয় এ নিয়ে একটি প্রতিবেদন ছাপা হয়ে গেছে। এতে জানিয়ে দেওয়া হয়েছিল, কোন পাত্রে কোন দল থাকছে। গতকাল ফিফা আনুষ্ঠানিকভাবে সেটি ঘোষণা করার পর দেখা গেল, তাতে সামান্য পরিবর্তন আছে।
১ নম্বর পাত্রে স্বাগতিক ব্রাজিলের সঙ্গে রাখা হয়েছে গত অক্টোবরের ফিফা র‌্যাঙ্কিংয়ে শীর্ষ সাতটি দলকে। আফ্রিকা ও ১ নম্বর পাত্রের বাইরে থাকা দক্ষিণ আমেরিকার দলগুলো নিয়ে ২ নম্বর পাত্র। ৩ নম্বর পাত্রে এশিয়া ও কনক্যাকাফের আটটি দেশ। ৪ নম্বর পাত্রে ইউরোপের অবাছাই দলগুলো।
এ পর্যন্ত ঠিক আছে। সমস্যাটা হয়েছে ইউরোপের অবাছাই দলের সংখ্যা ৯টি বলে ৪ নম্বর পাত্রে একটি দল বেশি হয়ে যাওয়ায়। ২ নম্বর পাত্রে আবার একটি কম। ধারণা করা হয়েছিল, এই অসাম্য দূর করতে ইউরোপের অবাছাই দলগুলোর মধ্যে র‌্যাঙ্কিংয়ে সবচেয়ে নিচে থাকা দলটিকেই (ফ্রান্স) ২ নম্বর গ্রুপে দেওয়া হবে। কাল জানা গেল, র‌্যাঙ্কিং নয়, এটিও নির্ধারিত হবে ড্রয়ের মাধ্যমে। মূল ড্রয়ের আগে ৪ নম্বর পাত্র থেকে ড্রয়ের মাধ্যমে নির্বাচিত ইউরোপের একটি অবাছাই দল যাবে ২ নম্বর পাত্রে। কিন্তু তাতে এক গ্রুপে ইউরোপের তিনটি দল পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। নিয়ম অনুযায়ী দুটির বেশি যেন না পড়ে, সেটি নিশ্চিত করতে ১ নম্বর পাত্রের চার দক্ষিণ আমেরিকান দেশ ব্রাজিল, আর্জেন্টিনা, কলম্বিয়া ও উরুগুয়েকে নিয়ে সাময়িকভাবে ‘এক্স’ নামে একটি পাত্র করা হবে। ড্রয়ের মাধ্যমে এই চার দেশের একটিকে নির্বাচন করা হবে, যেটি ২ নম্বর গ্রুপের ইউরোপিয়ান দলটির সঙ্গে একই গ্রুপে পড়বে। ‘এক্স’ পাত্রের বাকি তিনটি দল আবার ফিরে যাবে মূল ড্রয়ে।
এই জটিলতাটুকু বাদ দিলে বাকি নিয়ম একদম সহজ—প্রতিটি পাত্র থেকে একটি করে দল নিয়ে গঠিত হবে বিশ্বকাপের ৮টি গ্রুপ। ড্রতে ব্রাজিলকে ‘এ ওয়ান’ ঠিক করে নিশ্চিত করা হয়েছে, আগামী বছরের ১২ জুন সাও পাওলোতে উদ্বোধনী ম্যাচটিতে থাকবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এটি অবশ্য বিশ্বকাপের সফলতম দেশ বলে নয়, উদ্বোধনী ম্যাচে স্বাগতিক দলের উপস্থিতি নিশ্চিত করতে। তথ্যসূত্র: ওয়েবসাইট।
* বার্তা সংস্থা এএফপি অবশ্য জানিয়েছে, এক পাত্রে নয় আর আরেক পাত্রে সাত দলের অসাম্য দূর করতে কী করা হবে, সেটি প্রকাশ না করে ড্রয়ের দিন পর্যন্ত কৌতূহল জিইয়ে রাখার সিদ্ধান্ত নিয়েছে ফিফা।
কোন পাত্রে কোন দল
পাত্র-১ (স্বাগতিক ও শীর্ষ সাত)
ব্রাজিল (স্বাগতিক, ১১), স্পেন (১), জার্মানি (২), আর্জেন্টিনা (৩), কলম্বিয়া (৪), বেলজিয়াম (৫), উরুগুয়ে (৬), সুইজারল্যান্ড (৭)।
পাত্র-২ (আফ্রিকা ও দঃ আমেরিকা)
চিলি (১২), আইভরি কোস্ট (১৭), ইকুয়েডর (২২), ঘানা (২৩), আলজেরিয়া (৩২), নাইজেরিয়া (৩৩), ক্যামেরুন (৫৯)।
পাত্র-৩ (এশিয়া ও কনক্যাকাফ)
যুক্তরাষ্ট্র (১৩), মেক্সিকো (২৪), কোস্টারিকা (৩১), হন্ডুরাস (৩৪), জাপান (৪৪), ইরান (৪৯), দক্ষিণ কোরিয়া (৫৬), অস্ট্রেলিয়া (৫৭)।
পাত্র-৪ (ইউরোপ)
হল্যান্ড (৮), ইতালি (৯), ইংল্যান্ড (১০), পর্তুগাল (১৪), গ্রিস (১৫), বসনিয়া (১৬), ক্রোয়েশিয়া (১৮), রাশিয়া (১৯), ফ্রান্স (২১)।
* বন্ধনীতে অক্টোবরের ফিফা র‌্যাঙ্কিং