ভাগ্য যখন পাত্রে রাখা
মাদ্রিদ থেকে উড়ে যাবেন জিনেদিন জিদান। ইতালি থেকে ফ্যাবিও ক্যানাভারো। যতই ব্যস্ততা থাকুক, অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে কথা দিয়েছেন লোথার ম্যাথাউস, জিওফ হার্স্ব ও মারিও কেম্পেস। আয়োজক ব্রাজিলের পেলে, কাফুরা তো থাকবেনই।
এ তো গেল ফুটবল কিংবদন্তিদের কথা। এমন আয়োজনকে ঝলমলে করে তুলতে একটু গ্ল্যামার না হলে কি চলে! চিন্তা নেই। মঞ্চ আলোয় ভরিয়ে দিতে থাকবেন বিখ্যাত ব্রাজিলিয়ান অভিনেত্রী ফার্নান্দো লিমা, গায়িকা মার্গারেথ মেনেজেস আর পপতারকা এমিসিদা।
৬ ডিসেম্বর ব্রাজিলের বাহিয়া রাজ্যের কস্তা দো সাওয়িপেতে বসবে এই তারার মেলা। আনুষ্ঠানিক নামটা ‘২০১৪ বিশ্বকাপের ড্র’। কিন্তু আসলে তো বিশ্বকাপ অভিযাত্রী ৩২ দলের ভাগ্যপরীক্ষা! বাছাইপর্বের দীর্ঘ এবং কঠিন পথ পেরিয়ে এসেছে দলগুলো, কিন্তু মহারণ তো শুরু হবে ১২ জুন থেকে। সে লড়াইয়ে কে কার প্রতিপক্ষ হবে, সেটাই এখানে ঠিক হবে। প্রথম পর্বেই মুখোমুখি হয়ে যেতে পারে দুই পরাশক্তি। অনেক দলের জন্যই তা-ই ড্রয়ের সময়টা দুরু দুরু বুক কাঁপনের।
এবার দুশ্চিন্তা হল্যান্ডেরই একটু বেশি থাকবে। সুযোগ পাওয়া ৩২টি দলকে ভাগ করা হবে চারটি পাত্রে, প্রতি পাত্রে আটটি করে দল। প্রতিটি পাত্র থেকে একটি করে দলের নাম নিয়ে গঠিত হবে একটি গ্রুপ। প্রথম পাত্রে স্বাগতিক ব্রাজিলের সঙ্গে থাকছে অক্টোবর মাসের ফিফা র্যাঙ্কিং অনুযায়ী শীর্ষ সাত দল। বাছাইপর্বে দারুণ খেলেও র্যাঙ্কিংয়ে ওই সময়ে সাতের বাইরে থাকায় এক নম্বর পাত্রে জায়গা হয়নি হল্যান্ডের, সুযোগ পেয়ে গেছে সুইজারল্যান্ড। তার মানে গ্রুপ পর্বে সুইসদের মুখোমুখি হতে হবে না স্বাগতিক ব্রাজিল, বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন, জার্মানি ও আর্জেন্টিনার মতো দলকে। উল্টো ভাগ্য হল্যান্ডের। গত বিশ্বকাপের রানার্সআপরা এবার গ্রুপ পর্বেই প্রতিপক্ষ হিসেবে পেতে পারে কোনো পরাশক্তিকে! একই ভাগ্য হচ্ছে ইউরোপিয়ান দলগুলোর মধ্যে সবচেয়ে খারাপ র্যাঙ্কিংয়ের ফ্রান্সের। তিন নম্বর পাত্রে থাকা ফ্রান্স গ্রুপ পর্বেই পেতে পারে প্রথম পাত্রে থাকা কোনো পরাশক্তিকে।
তবে ভাগ্যের খেলায় যাতে কোনো দলকে খুব বেশি পস্তাতে না হয় সে জন্যই ড্রয়ে একটা ছোট্ট নিয়ম করেছে ফিফা। কোনো গ্রুপেই ইউরোপের দুটির বেশি দল থাকতে পারবে না।
তৃতীয় পাত্রে থাকা ফ্রান্স আর চতুর্থ পাত্রে থাকা হল্যান্ডের আশঙ্কা অবশ্য তাতে কমছে না। ভাবুন তো একবার, ব্রাজিল-মেক্সিকো-ফ্রান্স-হল্যান্ড এক গ্রুপে পড়ে কী অবস্থা হবে!
ড্রয়ে কারও কপাল মন্দ হলে এমন গ্রুপ কিন্তু দেখা যেতেই পারে। তথ্যসূত্র: ওয়েবসাইট।
বিশ্বকাপের ড্র
বিশ্বকাপ ড্র: ৬ ডিসেম্বর, শুক্রবার
স্থান: কস্তা দো সাওয়িপে, ব্রাজিল (বাংলাদেশ সময় রাত ৯টা)
পাত্র ১: স্বাগতিক ব্রাজিলসহ ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ সাত দল
পাত্র ২: উত্তর আমেরিকার চারটি ও এশিয়ার চারটি দল
পাত্র ৩: আফ্রিকার পাঁচটি, দক্ষিণ আমেরিকার দুটি ও ইউরোপিয়ান র্যাঙ্কিংয়ে সবচেয়ে নিচের দল
পাত্র ৪: ইউরোপ থেকে সুযোগ পাওয়া বাকি আটটি দল
পাত্র-১
ব্রাজিল
স্পেন
জার্মানি
আর্জেন্টিনা
কলম্বিয়া
বেলজিয়াম
উরুগুয়ে
সুইজারল্যান্ড
পাত্র-২
জাপান
ইরান
দ. কোরিয়া
অস্ট্রেলিয়া
যুক্তরাষ্ট্র
মেক্সিকো
কোস্টারিকা
হন্ডুরাস
পাত্র-৩
চিলি
ইকুয়েডর
আইভরি কোস্ট
ঘানা
আলজেরিয়া
নাইজেরিয়া
ক্যামেরুন
ফ্রান্স
পাত্র-৪
হল্যান্ড
ইতালি
ইংল্যান্ড
পর্তুগাল
গ্রিস
বসনিয়া
ক্রোয়েশিয়া
রাশিয়া