ভাগ্যই বাঁচিয়েছে বলছেন স্কলারি

গা ছমছম করা উদ্বেগ। দমবন্ধ করা অস্থিরতা। কিন্তু পরশু ব্রাজিল-চিলির দ্বিতীয় রাউন্ডের ম্যাচ শেষে সবচেয়ে বেশি উচ্চারিত শব্দটি ছিল—ভাগ্য।কখনো কখনো ভাগ্যই হয়ে দাঁড়ায় বড় নিয়ামক। পরশু বেলো হরিজন্তের এস্তাদিও মিনেইরোতে ভাগ্যই কি ফল নির্ধারণে বড় ভূমিকা রাখেনি? রাখঢাক না করে ব্রাজিল কোচ লুইস ফেলিপে স্কলারি স্পষ্টই বলেছেন, ভাগ্য সহায় ছিল তাঁদের। ভাগ্যের জোরেই আজ তাঁরা কোয়ার্টার ফাইনালে, বেঁচে আছে তাই ব্রাজিলের ষষ্ঠ শিরোপার আশা।
পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা শেষ আটে উঠেছে টাইব্রেকারে জিতে। কিন্তু ভাগ্যদেবী সঙ্গে না থাকলে ব্রাজিলের বিদায়ঘণ্টা বেজে যেতে পারত টাইব্রেকারের আগেই। চিলিয়ানরা ছেড়ে কথা বলবে না, এটা জানাই ছিল। কিন্তু নিজেদের মাটির বিশ্বকাপের আকাশচুম্বী প্রত্যাশার চাপে ব্রাজিলিয়ানরাও নিজেদের স্বাভাবিক খেলাটা খেলতে ভুলে গেল! শুরুতে ব্রাজিল স্বরূপেই ছিল। ১৮ মিনিটে এগিয়েও গিয়েছিল ব্রাজিল। কিন্তু ৩২ মিনিটেই আলেক্সিস সানচেজ চিলিকে সমতায় ফেরান ব্রাজিল রক্ষণের ভুলে!
ভুল পাসের ছড়াছড়ি ছিল ম্যাচজুড়েই। তার পরও ম্যাচে এগিয়ে যাওয়ার সুযোগ অনেকবারই পেয়েছে ব্রাজিল। কিন্তু ফ্রেড-জো-হাল্করা বুঝিয়ে দিয়েছেন, তাঁদের নিয়ে গড়া ব্রাজিলের আক্রমণভাগ দুর্বল। এর মূল্য যে পরাজয়ে চুকাতে হয়নি, সেটাই ব্রাজিলের ভাগ্য। ব্রাজিলের বড় ফাঁড়াটা গেছে অতিরিক্ত সময়ের শেষ দিকে। ম্যাচের ১১৮ মিনিটে চিলির বদলি খেলোয়াড় মরিসিও পিনিলার শট প্রতিহত হয় পোস্টে। স্কলারিও মানছেন, ওটা গোল হলে তাঁদের আর করার কিছুই থাকত না। ভাগ্যই বাঁচিয়ে দিয়েছে তাঁদের, ‘এতগুলো সুযোগ পেয়েও যদি কাজে লাগাতে না পারেন, আপনি বাদ পড়তেই পারেন। আমরা তিন-চারটি গোলের (দ্বিতীয় গোল) সহজ সুযোগ পেয়েছি। কিন্তু আমরা গোল করতে পারিনি।’
সঙ্গে যোগ করেছেন, ‘এমনকি আমরা বল ধরে রাখা এবং গোলে শটও বেশি নিয়েছি। কিন্তু আপনি যখন গোল করতে পারবেন না, আপনাকে ঝুঁকির মধ্যেই থাকতে হবে।’ ভাগ্য ব্রাজিলের সহায় ছিল টাইব্রেকারেও। চিলির প্রথম দুটি শট ঠেকিয়ে দিয়ে গোলরক্ষক হুলিও সিজার অবশ্য ব্রাজিলের কাজ অনেকটাই সহজ করে দিয়েছিলেন। কিন্তু উইলিয়ান ও হাল্ক মিস করায় চিলির সামনেও সুযোগ এসে যায় প্রথম পাঁচ শটে সমতা ফেরানোর। কিন্তু চিলির শেষ শট নেওয়া ডিফেন্ডার গঞ্জালো হারার শট লাগে পোস্টে। কোয়ার্টার ফাইনালে উঠে যায় ব্রাজিল।
স্কলারি অবশ্য উইলিয়ান-হাল্কের পাশেই দাঁড়িয়েছেন, ‘এ দলটা নতুন। এমনকি সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড়েরাও স্নায়ুচাপে ভুগেছে। আপনি যদি এটা স্বীকার না করেন, সেটা মিথ্যা বলা হবে। উইলিয়ান পেনাল্টি নিয়েছে এবং মিস করেছে। কিন্তু এ থেকে সে অভিজ্ঞতা অর্জন করতে পারবে।’
স্কলারির প্রত্যাশা চিলি ম্যাচের ভুল থেকে তাঁর খেলোয়াড়েরা শিক্ষা নেবেন, ‘এখন দেখার বিষয়, আমরা সামনের ম্যাচে ভুলের মাত্রা হ্রাস করতে পারি কি না। কারণ আমরা ভুল করা মানে প্রতিপক্ষদের এগিয়ে যাওয়ার সুযোগ দেওয়া। আর সব সময় হয়তো ভাগ্যও সঙ্গে থাকবে না।’
স্কলারি কৃতিত্ব দিয়েছেন প্রতিপক্ষ চিলিকেও, ‘চিলি অসাধারণ খেলেছে। দল হিসেবে তারা খুবই সংগঠিত এবং খুবই ভারসাম্যপূর্ণ।’ চিলি ম্যাচ বড় একটা শিক্ষা দিয়েছে স্কলারিকেও। সামনের ম্যাচগুলোতে তাই দরকার হলে নিজের আক্রমণাত্মক দর্শন বিসর্জন দিয়ে কুৎসিত খেলতেও দ্বিধা করবেন না স্কলারি, ‘আমরা দেখিয়েছি, প্রতিদিনই আমরা ফিরে আসতে পারব না। কাজেই এখন সময় আমাদের আক্রমণাত্মক কৌশলের পরিবর্তে কিছুটা ভিন্ন কৌশলে যাওয়া। আমি এমন নম্র পথে আর হাঁটব না।’ এএফপি, ফক্স স্পোর্টস।