ভাগ্যও দরকার প্রিমিয়ার লিগের!
কথাটা আগে বলেছিলেন সিসিডিএম প্রধান জালাল ইউনুস। পরশু বলেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসানও। ২২ জুন (গতকাল) ঢাকা প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর সঙ্গে বোর্ড সভাপতির সভার কথা বলেছিলেন দুজনই। সভা দূরে থাক, সভাপতি কাল বিসিবি কার্যালয়েই এলেন না। সভার উদ্দেশ্যে বিসিবিতে এলেন না কোনো ক্লাব কর্মকর্তা।
ক্লাব প্রতিনিধিরা নাকি সভায় যোগদানের কোনো আমন্ত্রণই পাননি! নাম প্রকাশ না করার শর্তে এক ক্লাব কর্মকর্তা বললেন, ‘আমরা তো জানিই না এ রকম কোনো সভা হবে! আমাদের কিছু বলা হয়নি।’ পরশু লিগের বাইলজ নিয়ে আলোচনার জন্যও ক্লাবগুলোর নিজেদের মধ্যে হওয়ার কথা ছিল একটা বৈঠক। হয়নি সেটাও।
বোর্ড সভাপতির সঙ্গে সভায় ক্লাবগুলো অর্থপ্রাপ্তির বিষয়টিই আগে নিশ্চিত করতে চাইবে বলে জানা গেছে। ৪০ লাখ টাকা করে অনুদান চায় প্রিমিয়ার লিগের ক্লাবগুলো, যা এ মুহূর্তে বিসিবির ওপর একটা বড় বোঝা। তবে বিসিবি সভাপতি শেষ পর্যন্ত ক্লাবের দাবিতে সাড়া দেন কি না, কিংবা দিলেও কতটা দেন, তা নিয়ে সংশয় আছে।
টাকাপয়সা, গ্রেডিং, আন্দোলন—প্রিমিয়ার লিগ নিয়ে এ পর্যন্ত এসব আলোচনাই বেশি। খেলোয়াড়েরা লিগ বর্জনের হুমকি দেন তো আসে সভাপতির ধমক, ‘খেলবে না মানে কী?’ সিসিডিএমের সভায় বাইলজ দেওয়া হয়, সেই বাইলজ আবার পড়ে-টড়ে দেখার জন্য সময় চেয়ে নেয় ক্লাবগুলো। কাল পর্যন্ত ঘটে যাওয়া এই সবকিছুকেই মনে হচ্ছে সাজানো কোনো চিত্রনাট্যের খণ্ড খণ্ড দৃশ্য। যে যাঁর ভূমিকায় কেবল অভিনয়ই করে যাচ্ছেন।
এ বছর শেষ পর্যন্ত প্রিমিয়ার লিগ হয় কিনা, ভেতরে ভেতরে সেটাই আসলে সবচেয়ে বড় প্রশ্ন। ‘লিগ না হলে খেলোয়াড়দের কী হবে’ জাতীয় ‘সমবেদনা’ যতই শোনা যাক না কেন, প্রিমিয়ার লিগ না হওয়ার শঙ্কাটাই বেশি। ক্লাব-সংশ্লিষ্ট অনেকে অবশ্য রসিকতা করে বলছেন, ‘না, না, লিগ ঠিকই শুরু হবে। তবে সেটা আদৌ শেষ হয় কিনা, কিংবা কবে শেষ হবে, তা কেউ বলতে পারবে না।’
এবারের লিগ নিয়ে এমনিতেই অনিশ্চয়তার শেষ ছিল না। সর্বশেষ যোগ হয়েছে আকসুর প্রতিবেদন। এই প্রতিবেদন না এলে নাকি খেলোয়াড়দের লটারি করাটাও কঠিন! বোর্ড সভাপতির সঙ্গে কণ্ঠ মিলিয়ে ৩ জুলাই থেকে লিগ শুরু না হওয়ার কারণ হিসেবে কাল সিসিডিএম প্রধান জালাল ইউনুসও বললেন, আকসুর তদন্ত প্রতিবেদনের কথা। আর লিগ ৩ জুলাই থেকে হবে না বলেই নাকি ক্লাবগুলোর সঙ্গে বিসিবি সভাপতির সভাটাও হয়নি কাল, ‘লিগ যেহেতু ৩ জুলাই থেকে হচ্ছে না, সভাপতিও সে জন্য আর বসেননি ক্লাব প্রতিনিধিদের সঙ্গে। লিগ শুরুর জন্য আকসুর তদন্ত রিপোর্ট হাতে আসা পর্যন্ত অপেক্ষা করব আমরা।’
গত কয়েক দিনের মধ্যে দু-দুবার লিগ পেছানো হলেও সিসিডিএমের চেয়ারম্যান এখনো আশাবাদী, লিগ হবে। তবে বারবার তারিখ পিছিয়ে বিব্রত জালাল ইউনুস এবার এমনভাবে লিগের নতুন তারিখ দিতে চান, যাতে সেটা আর না পেছাতে হয়, ‘আশা করছি, জুলাইয়ের প্রথম সপ্তাহে লটারি করতে পারব। তবে সব পক্ষের সঙ্গে কথা বলে খেলোয়াড়দের লটারি ও লিগ শুরুর চূড়ান্ত তারিখ দেওয়া হবে এবার। ক্রিকেটের স্বার্থে খেলোয়াড়েরা রাজি হয়েছে গ্রেডিং পদ্ধতিতে খেলতে। এখন অন্যদেরও একইভাবে এগিয়ে আসতে হবে।’
বর্ষাকালীন ক্রিকেট লিগ শুরু হলেও শেষ পর্যন্ত কতটুকু এগোতে পারে, সেটাও প্রশ্ন। তবে ‘রিজার্ভ ডে’র ওপর নির্ভর করে সিসিডিএম প্রধান ঈদের আগেই অন্তত লিগের প্রথম পর্ব শেষ করে ফেলার ব্যাপারে আশাবাদী। সে জন্য জালাল ইউনুস ভাগ্যের ওপরও নির্ভর করে দেখতে চান, ‘দেখাই যাক না। হয়তো এবার বৃষ্টিই হবে না ঠিকভাবে...