ভাগ্যকে দায়, ভাগ্যের প্রতি কৃতজ্ঞতা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম ওয়ানডেতে পার্থক্য গড়ে দিয়েছে তবে ভাগ্য! এমনিতেই ম্যাচ শুরু সকালে। সেখানে আবার টানা বৃষ্টিতে ম্যাচের আগের দুই দিন উইকেট ছিল ঢাকা। আর্দ্রতায় ভরা উইকেটে টস হারের আক্ষেপ ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির কণ্ঠে। টস জয়কে গুরুত্বপূর্ণ মানছেন মিসবাহ-উল-হকও। তবে শুধু টস জয়েই নয়, পাকিস্তান অধিনায়ক নিজেদের ভাগ্যবান ভাবছেন শেষ পর্যন্ত ম্যাচটা জিততে পেরেও!১১ বল বাকি থাকতেই ৬ উইকেটের জয়—এই ব্যবধান যা বলছে, ততটা সহজ আসলে ছিল না পাকিস্তানের জয়। ২৯ রানে প্রথম ৫ ব্যাটসম্যানকে ফিরিয়েও ভারতকে অল্প রানে বেঁধে ফেলতে পারেনি পাকিস্তান। ২২৭ রানের মাঝারি সংগ্রহ তাড়ায় আবার বিপাকে পড়ে গিয়েছিল ভুবনেশ্বর কুমারের সুইং বোলিংয়ে। তবে নাসির জামশেদের দারুণ এক সেঞ্চুরি ও সাবেক দুই অধিনায়ক ইউনুস খান (৫৮) ও শোয়েব মালিকের (৩৪*) গুরুত্বপূর্ণ দুটি ইনিংসে শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে মিসবাহর দল।১-০-তে এগিয়ে পাকিস্তান, সিরিজের এই স্কোরলাইন তৃপ্তি দিচ্ছে মিসবাহকে। তবে খুশি হতে পারছেন না জয়টা যেভাবে এসেছে। এখনো উন্নতির জায়গা দেখছেন অনেক, ‘আজ আমাদের ভাগ্য ভালো ছিল। ভারত আমাদের ঘাম ছুটিয়ে ছেড়েছে। দ্রুত পাঁচটি উইকেট হারানোর পরও ওরা ২২৭ করতে পেরেছে। পরের ম্যাচও জিততে হলে আমাদের অনেক পরিশ্রম এবং অনেকটা উন্নতি করতে হবে। ফিল্ডিং, শেষের ওভারগুলো ও পাওয়ার প্লে বোলিংয়ে উন্নতি করতে হবে। ব্যাটিংয়েও আরও ভালো করতে হবে। এই রানটা আমরা খুব সহজে তাড়া করতে পারিনি।’ধোনির মতে, ভারত ম্যাচটা হেরে গেছে আসলে শুরুতে ৫ উইকেট হারিয়েই। তিন পার্টটাইমার যুবরাজ, রায়না ও কোহলির সম্মিলিত ১০ ওভার থেকে পাকিস্তান তুলেছে ৭৭ রান। মাঝারি রান তাড়ায় যেটা শেষ পর্যন্ত হয়ে দাঁড়িয়েছে একরকম ম্যাচের নিয়ামক। ভালো মানের কোনো অলরাউন্ডার নেই বলে পঞ্চম বোলারের কাজটি তাই অনেক দিন থেকেই চালিয়ে আসছেন ভারতের পার্টটাইমাররাই। কিন্তু ৫ ফিল্ডার বৃত্তের ভেতরে রেখে এখন কাজ চালানো যে কঠিন হবে, ধোনি বুঝে গেছেন ওয়ানডের নতুন নিয়মে খেলা প্রথম ম্যাচেই।ধোনিও হয়তো তাই বাধ্য হচ্ছেন নিজের পছন্দের ‘ফর্মেশন’ ভাঙতে। কলকাতার ম্যাচে দেখা যেতে পারে পাঁচ বিশেষজ্ঞ বোলার। ধোনির পছন্দ হচ্ছে না নতুন নিয়মটাই, ‘ব্যক্তিগতভাবে এই নিয়ম আমার মোটেও পছন্দ হয়নি। স্পিনারদের জন্য পাঁচ ফিল্ডার ভেতরে রেখে বোলিং করা কঠিন, বিশেষ করে নিষ্প্রাণ উইকেটে। ওয়ানডে ক্রিকেট শুরুর দিনগুলোয় স্পিনারদের নিয়ে অনেক দুশ্চিন্তা ছিল। লোকে বলছিল স্পিনাররা ফ্লাইট দেওয়া ভুলে যাবে। আমি জানি না এখন পাঁচ ফিল্ডার ভেতরে রেখে তারা আসলে কী করতে চাইছে। সাঈদ আজমলের মতো বৈচিত্র্যময় বোলার হলে ভিন্ন কথা, কিন্তু অন্যদের জন্য কাজটা কঠিন। অনেক দিন ভালো কোনো অলরাউন্ডার পাই না আমরা, পার্টটাইমারদের দিয়ে কাজ চালাতে হয়। এখন আর মনে হয় সম্ভব হবে না। পাঁচজন বোলার লাগবেই।’ ওয়েবসাইট।