ভাগ্যকে দুষছেন মরিনহো
টানেলের সামনে দাঁড়িয়ে থাকলেন বেশ কিছুক্ষণ, পেপ গার্দিওলার অপেক্ষায়। গার্দিওলার সঙ্গে হাতও মেলালেন। এরপর নিজে বার্সার ডাগ-আউটে গিয়ে শুভকামনা জানালেন সবার সঙ্গে। ম্যাচের শুরুতে এ যেন ‘নতুন’ মরিনহো!ম্যাচেও তাই। সাইডলাইনে নয়, বেশির ভাগ সময় নিষ্পৃহ বসে রইলেন ডাগ-আউটে। আর ২২ সেকেন্ডেই গোল পেয়ে যেন নির্ভার হয়ে গেলেন আরও। পরশু সত্যিই অচেনা মরিনহোকেই দেখছিল সবাই। কিন্তু মরিনহোকে ডাগ-আউটের ছায়ার বাইরে টেনে আনল বার্সার দুর্দান্ত প্রত্যাবর্তন। এবং একসময় আবারও ফেরত পাঠাল ডাগ-আউটে, যখন মরিনহো বুঝে গেলেন যে তাঁর করার আর কিছুই নেই। পরাজয় নিয়তিনির্ধারিত!নিয়তি! ম্যাচ শেষে এই নিয়তিকেই দুষলেন রিয়াল মাদ্রিদের পর্তুগিজ কোচ, ‘এটা একটা খেলা এবং কোনো কোনো খেলায় ভাগ্য বড় নিয়ন্তা হয়ে ওঠে। আমরা যখন ১-০ গোলে এগিয়ে গিয়েছিলাম, সেই মুহূর্তে দ্বিতীয় গোলের এমন সহজ সুযোগ পেয়েছিলাম, ক্রিস্টিয়ানো রোনালদোর মতো খেলোয়াড়ের যেটি হাতছাড়া করার কথা নয়। কিন্তু গোলটি পেলাম না। আবার ওরা দ্বিতীয় গোলটি পেল আমাদের এক খেলোয়াড়ের হাতে লেগে বল দিক পরিবর্তন করায়। আমরা তারপরও ২-২ করে ফেলার সুযোগ পেয়েছিলাম। কিন্তু এর পরপরই ওরা তৃতীয় গোলটি করে ফেলল, মানসিকভাবে যেটি ছিল আমাদের জন্য ধাক্কা।’তবে কি এই জয়ের জন্য বার্সেলোনাকে কোনো কৃতিত্বই মরিনহো দিতে চাননি? দিয়েছেন, কিন্তু না দেওয়ার মতো করেই, ‘ভাগ্য এই ম্যাচে ভূমিকা রেখেছে ঠিকই, তার পরও আমি ওদের কৃতিত্বকে খাটো করছি না।’সাংবাদিকেরা মরিনহোর কাছে এ ধরনের কূটনীতি চায় না। চায় বিস্ফোরক কিছু। তাঁকে তাই উসকে দেওয়া হলো এই বলে, আলোনসোকে যে ফাউল মেসি করেছিলেন, তাতে তাঁর দ্বিতীয় হলুদ কার্ড দেখেই মাঠ ছাড়ার কথা। মরিনহো সামনে এসে খেললেন রক্ষণাত্মক, ‘আমার কাছে এটা অবশ্যই লাল কার্ড। তবে রেফারি আরও কাছে ছিলেন। তিনিই ভালোই দেখেছেন।’এই ম্যাচটাই এবার লিগের শিরোপা-নির্ধারক হয়ে উঠবে—এমন তত্ত্বেও সায় দেননি মরিনহো, ‘আমরা এই পরাজয়ে ব্যথিত, কিন্তু চিন্তিত নই। এক ম্যাচ হাতে রেখেই পয়েন্ট সমান আছে। পরের ম্যাচে সেভিয়াকে হারালে বড়দিনের ছুটিতে যাব শীর্ষে থেকেই।’ রিয়াল এখনো এগিয়ে আছে মানছেন পেপ গার্দিওলাও। বার্সা কোচের কথা, ‘আমার মনে হয় না এই পরাজয় মাদ্রিদকে মানসিকভাবে ভেঙে ফেলবে। এই ধাক্কা সামলাতে ওরা ছুটি কাটাতে যাবে, ফিরে আসবে আরও শক্তিশালী হয়ে। এখনো ৭০ পয়েন্টের মতো খেলা বাকি। মাদ্রিদ এখনো এগিয়ে। নভেম্বর-ডিসেম্বর মাসেই কাউকে চ্যাম্পিয়ন আপনারা বানিয়ে দিতে পারেন না।’তবে নিজের দলকে প্রশংসায় ভাসিয়ে দিয়েছেন তিনি। এমন স্নায়ুচাপের ম্যাচে ২২ সেকেন্ডে গোল খেলে বেশির ভাগ দলই ভেঙে পড়ত। উল্টো বার্সা আরও শক্তিশালী হয়েছে, ছোট ছোট পাসে খেলার নীতি বিসর্জন দেয়নি—এ কারণেই আরও খুশি গার্দিওলা।রিয়ালের পরাজয়ের সবচেয়ে বড় দায় নিতে হবে নিষ্প্রভ থাকা রোনালদোকেই। গোলের দুটি সুযোগ নষ্ট করেছেন এই পর্তুগিজ উইঙ্গার। অধিনায়ক ক্যাসিয়াস অবশ্য রোনালদোকে আড়াল করে রাখছেন, ‘শুধু রোনালদো নয়, আমাদের সবাইকেই ১২০ শতাংশ ঢেলে দিয়ে খেলতে হতো।’ এএফপি, রয়টার্স।