ভাগ্যকেও পাশে পেল চিটাগং কিংস
শাহরিয়ার নাফীসও মানলেন, ফোকাসটা নড়ে গিয়েছিল। নাড়িয়ে দিয়েছিলেন ক্রিস গেইল। প্রতি ম্যাচে একজনই অতিমানব হয়ে উঠলে অন্যরা ভাবতে থাকে, চিন্তা কী? ও তো আছেই...। নিজেদের দায়িত্বটা যেন ভুলে বসে সবাই!বরিশাল বার্নার্সের সেই একজন ক্রিস গেইল, মিরপুরে কাল থেকেও যিনি থাকলেন না। ৩০ রান করেই কুঁচকিতে চোট পেয়ে মাঠ ছেড়ে যেতে হলো তাঁকে। চিটাগং কিংস সেজন্য ধন্যবাদ দিতে পারে ভাগ্যকে। গেইলের এমন অকাল বিদায় না হলে ৮ উইকেটের অনায়াস জয় কি পাওয়া হতো? পঞ্চম ম্যাচে চিটাগং কিংস জিতল চতুর্থ ম্যাচ। সমান ম্যাচে বরিশাল বার্নার্স পেল টানা তৃতীয় পরাজয়ের স্বাদ।মাঠ ছাড়ার আগ পর্যন্ত গেইল কিন্তু আরেকটি ক্যারিবীয় ঝড়েরই পূর্বাভাস দিচ্ছিলেন। রান নেওয়ার সময় কুঁচকিতে টান পড়ার আগে দলের রান ৩.৩ ওভারে ৩৫, তাতে গেইলেরই ১৬ বলে ৩০। দুই বাউন্ডারির সঙ্গে তিন ছক্কা এবং তিনটিই ব্রাভোর বলে।গেইলের দুর্ভাগ্যের পর আরেক ওপেনার আহমেদ শেহজাদও আউট মাত্র ৭ রান করে। বরিশাল বার্নার্সের ইনিংস এর পর ধুঁকে ধুঁকেই এগিয়েছে। প্রথম দুই ম্যাচে জেতার পর টানা তিন ম্যাচে হারে অধিনায়ক শাহরিয়ার নাফীস স্বাভাবিকভাবেই কিছুটা চিন্তিত। তবে এখনো সেমিফাইনালের আশা ছাড়েননি, ‘বাকি পাঁচ ম্যাচের তিন-চারটিতে জিতলে সেমিফাইনালে যাওয়ার আশা থাকবে।’কিন্তু কালই নিজের শেষ ম্যাচ খেলে ফেলায় বাকি ম্যাচগুলোয় যে পাওয়া যাবে না গেইলকে! শাহরিয়ারও মানলেন এই শূন্যস্থান পূরণ করার মতো নয়, ‘ম্যানেজমেন্টের ব্যাপার বিকল্প কে হবে। মাস্টার্ড আছে, রমিজ রাজা জুনিয়রও ভালো ব্যাটসম্যান। তবে গেইলের বিকল্প নেই।’গেইল-ঝড় পুরোপুরি দেখতে না পাওয়ার হতাশা দর্শকেরা কিছুটা হলেও ভুলে থাকতে পারেন চিটাগং কিংসের পাকিস্তানি ওপেনার নাসির জামশেদের ৪৭ বলে অপরাজিত ৮১ রানের ইনিংসে। সঙ্গে ২১ বলে ৪১ রান আরেক ওপেনার জহুরুল ইসলামের। ওপেনিং জুটিতেই ৯ ওভারে ৯৭ রান তুলে জয়টা অবধারিত করে দিয়েছিলেন এই দুজনই। টুর্নামেন্টের দ্বিতীয় সর্বনিম্ন স্কোর ১২৫ টপকাতে মাত্র ১২.৪ ওভার লাগল চিটাগং কিংসের।ম্যাচ শেষে চিটাগং কিংসের টেকনিক্যাল ডিরেক্টর ডিন জোন্সও বললেন, গেইলের চোটটাই ম্যাচের টার্নিং পয়েন্ট। তবে সংবাদ সম্মেলনে এই অস্ট্রেলিয়ানের সামনে বড় প্রশ্ন হয়ে এসেছিল, তামিম ইকবালের টানা চার ম্যাচে বসে থাকা প্রসঙ্গে। গুঞ্জন আছে জোন্স এবং দলের ব্যাটিং কোচ মাইকেল বেভানের সঙ্গে মনোমালিন্যের কারণেই এই পরিণতি তাঁর। জোন্স যেন গুঞ্জনটা উড়িয়ে দিতেই সংবাদ সম্মেলনে এসেছিলেন, ‘আমার সঙ্গে ওর কোনো সমস্যা হয়নি। ও খেলছে না কুঁচকিতে চোট বলে। চট্টগ্রামে গিয়ে ওর ফিটনেস টেস্ট হবে। ফিট হলে হয়তো খেলবে।’ সংক্ষিপ্ত স্কোরবরিশাল বার্নার্স: ২০ ওভারে ১২৫/৬ (হজ ৩৮, গেইল ৩০ আহত অবসর, ইয়াসির ১৩*, মমিনুল ১০; এনামুল জুনিয়র ২/১২, কুপার ২/২০, আরাফাত সানি ১/১৭, ব্রাভো ১/৪২)। চিটাগং কিংস: ১২.৪ ওভারে ১২৬/২ (নাসির ৮১*, জহুরুল ৪১; হজ ১/২৫, নাজমুল ১/২৮)। ফল: চিটাগং কিংস ৮ উইকেটে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ: নাসির জামশেদ।