ভাগ্যজোরে জিতল মুক্তিযোদ্ধা
বাংলাদেশ লিগের প্রথম পর্বে এক দল খেলেছে দাপটের সঙ্গে। আরেক দল খুঁড়িয়ে খুঁড়িয়ে। ১১ ম্যাচে ৯ জয় আর ১ ড্রতে ২৮ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা মুক্তিযোদ্ধাকে কাল সেই খুঁড়িয়ে চলা ফেনী সকারই কাঁপুনি ধরিয়ে দিয়েছিল। লিগে মাত্র ৬ পয়েন্ট পাওয়া সকারকে শেষ পর্যন্ত ২-১ গোলে হারিয়ে মাঠ ছেড়েছে স্বাধীনতা কাপের বর্তমান চ্যাম্পিয়ন মুক্তিযোদ্ধা। গোল করেছেন মুক্তিযোদ্ধার জেমস মগা ও বুকোলা। ফেনীর গোলটি ডমিনিকের।লিগের দ্বিতীয় পর্ব শুরু হতে দেরি হবে বলে অনুশীলনে ঢিলেমি ছিল মুক্তিযোদ্ধার খেলোয়াড়দের। কিন্তু হুট করেই একটা টুর্নামেন্টে খেলতে হচ্ছে। নতুন করে যে নিজেদের এখনো গুছিয়ে নিতে পারেনি দলটি, সেটা মাঠেই বোঝা যাচ্ছিল। প্রথমার্ধে একেবারেই ছন্দহীন ছিল মুক্তিযোদ্ধা। খেলোয়াড়দের মধ্যে একটু ব্যতিক্রম যিনি ছিলেন তিনি সুদানি স্ট্রাইকার জেমস মগা। নিজে গোল করলেন, করালেনও। ২১ মিনিটে ফ্রি-কিক থেকে মগাই প্রথমে এগিয়ে নেন দলকে (১-০)। দ্বিতীয়ার্ধের শুরুতে অবশ্য গোল শোধে মরিয়া ছিল ফেনী সকার। বক্সের মধ্যে বল নিয়ে এগিয়ে যাওয়া ফেনীর রোলান্ডকে অবৈধভাবে পল ফেলে দিলে পেনাল্টি পায় তারা। আর তা থেকে ৫৬ মিনিটে গোল করেন উগান্ডার স্ট্রাইকার ডমিনিক (১-১)। তবে শেষ পর্যন্ত মুক্তিযোদ্ধাকে আটকাতে পারেনি সকার। ৬৩ মিনিটে মগার বাড়িয়ে দেওয়া বলে দারুণ শটে গোল করেন নাইজেরিয়ান স্ট্রাইকার বুকোলা (২-১)। ভাগ্য ভালোই বলতে হবে মুক্তিযোদ্ধার। না হলে ঠিক দুই মিনিট পরেই ফেনীর তৌহিদুলের দুর্দান্ত শট ওভাবে ক্রসবারে ফিরে আসে না। যদিও মুক্তিযোদ্ধা পরে ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিল কয়েকবার। ৬৫ মিনিটে বুকোলার পাস থেকে মগা পা ছোঁয়াতে পারেননি। অতিরিক্ত সময়ে ফেনীর আবারও তৌহিদুলের শট পোস্টে লেগে ফেরে। মুক্তিযোদ্ধা কোচ মারুফুল হক অবশ্য দলের খেলায় সন্তুষ্ট, ‘আমরা একটু চাপের মধ্যে ছিলাম। ২০ দিন পর ম্যাচ খেলছি। খেলোয়াড়েরা ছন্দে ছিল না। এই টুর্নামেন্ট নিয়ে আগে থেকে কোনো পরিকল্পনাও ছিল না। তার পরও ছেলেরা যা খেলল তাতে আমি সন্তুষ্ট।’ সকারের কোচ আবু ইউসুফেরও সন্তুষ্টির জায়গা আছে, ‘লিগের চেয়ে অন্তত ভালো খেলেছে ছেলেরা। আশা করি, লিগের দ্বিতীয় পর্ব আমাদের ভালো যাবে।’আজকের খেলা: রহমতগঞ্জ-ফরাশগঞ্জ, ব্রাদার্স-চট্টগ্রাম মোহামেডান (বিকেল ৪-৩০ মি. ও সন্ধ্যা ৬-৩০ মি., বঙ্গবন্ধু স্টেডিয়াম)।